যাত্রীদের জন্য সুখবর! হাওড়া ডিভিশনেও চলবে এসি লোকাল, আরও ৫টি নতুন ট্রেন

বর্তমানে শিয়ালদহ-কল্যাণী এবং শিয়ালদহ-কৃষ্ণনগর এই দুই রুটে এসি ট্রেন চলে।

Published on: Dec 05, 2025 10:42 PM IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

যাত্রীদের জন্য সুখবর। শিয়ালদহ ডিভিশনের শিয়ালদহ- রানাঘাট রুটে সাড়া ফেলে দিয়েছে এসি লোকাল ট্রেন। শিয়ালদহ ডিভিশনের এবার হাওড়া শাখার ব্যান্ডেল রুটেও চলবে এসি লোকাল। শুধু তাই নয়, আরও পাঁচটি নতুন এসি ট্রেন আনা হচ্ছে। এমনই সম্ভাবনার কথা জানালেন পূর্ব রেলের জেনারেল ম্যানেজার মিলিন্দ দেউস্কর।

হাওড়া ডিভিশনেও চলবে এসি লোকাল
হাওড়া ডিভিশনেও চলবে এসি লোকাল

বর্তমানে শিয়ালদহ-কল্যাণী এবং শিয়ালদহ-কৃষ্ণনগর এই দুই রুটে এসি ট্রেন চলে। রেলের তথ্য বলছে, এই দুই রুটেই যাত্রী সংখ্যা ক্রমেই বাড়ছে। এই আবহে শুক্রবার মধ্য কলকাতার এক হোটেলে একটি বণিক সভার অনুষ্ঠানে পূর্ব রেলের জেনারেল ম্যানেজার মিলিন্দ দেউস্কর জানিয়েছেন, হাওড়া থেকে ব্যান্ডেলের মধ্যে সমীক্ষার কাজ চলছে। সবদিক খতিয়ে দেখেই ওই রুটে এসি লোকাল চালানোর সিদ্ধান্ত নেওয়া হবে। কৃষ্ণনগর-রানাঘাট-কল্যাণী রুটে এসি লোকাল যে উল্লেখযোগ্য ভাবে সাফল্য পেয়েছে, সে কথাই জানিয়েছে শিয়ালদহ ডিভিশন। যাত্রী উল্লেখযোগ্য বৃদ্ধি পাওয়ায় নতুন এই পাঁচটি এসি লোকাল পূর্ব রেল হাতে পেতে চলেছে বলে জানিয়েছেন জেনারেল ম্যানেজার। সেই কারণে বৃহস্পতিবার থেকে শিয়ালদহ-কল্যাণী রুটে আরও নতুন একটি এসি লোকাল পরিষেবা শুরু হয়েছে। এছাড়াও বলাগড়ে কলকাতা বন্দর কয়লা-সহ বেশ কিছু পণ্য ওঠানামা করার জন্য নতুন যে টার্মিনাল জেটি তৈরি করছে তার সঙ্গেও যুক্ত হওয়ার প্রশ্নে আগ্রহ প্রকাশ করেছেন পূর্ব রেলের জেনারেল ম্যানেজার। পণ্য পরিবহণ বাড়াতে রেলের পক্ষ থেকে সবরকম তৎপরতা থাকবে বলে এদিন জানিয়েছেন তিনি।

দক্ষিণ পূর্ব রেলের ট্রেনের গতি নিয়ে সম্প্রতি সংসদে ক্ষোভ উগরে দিয়েছিলেন বিজেপি সাংসদ শমীক ভট্টাচার্য। এরমধ্যে এবার হাওড়ায় নিত্যদিন ট্রেন লেট নিয়ে দক্ষিণ পূর্ব ডিভিশনের অব্যবস্থার উপরে দায় চাপালেন পূর্ব রেলের জেনারেল ম্যানেজার মিলিন্দ দেউস্কর। অন্য শাখা তো রয়েই সঙ্গে সঙ্গে দীর্ঘদিন থেকেই দক্ষিণ-পূর্ব রেলের অধীনস্থ শাখাগুলিতে লাগাতার ট্রেন দেরিতে চলার অভিযোগ সামনে এসেছে। যাত্রীদের মধ্যে বেড়েই চলেছে ক্ষোভ। প্রভাব পড়ছে পূর্ব ডিভিশনের অন্তর্গত হাওড়া ডিভিশনের শাখা গুলিতে ট্রেন চলাচলের ক্ষেত্রেও। এবার এই পরিস্থিতির জন্য পূর্ব রেলের জেনারেল ম্যানেজার দায় চাপালেন দক্ষিণ পূর্ব রেলের কাজের উপরে। রীতিমতো ক্ষোভের সুরে তিনি বলেন, দক্ষিণ পূর্ব রেলের পণ্যবাহী ট্রেন যে সময়ে পূর্ব রেলের জোনে ঢুকছে, তাতে লাইন দীর্ঘ সময় ব্লক হয়ে থাকছে। যে কারণে সাধারণ ট্রেনগুলি নির্দিষ্ট সময়ে স্টেশনে ঢুকতে যেমন পারছে না তেমনই সময়মতো চলতেও পারছে না। সব মিলিয়ে গতি কমছে পরিষেবার।

এদিকে, রবিবারেও এসি লোকাল চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আপাতত পরীক্ষামূলকভাবে চালানো হবে রবিবারের এই ট্রেন। উল্লেখ্য, শিয়ালদহ ডিভিশনের ডিআরএম রাজীব সাক্সেনা আগেই জানিয়েছেন, এসি লোকালের যত যাত্রী হবে বলে রেল অনুমান করেছিল, তার থেকে অনেকটাই বেশি যাত্রী হচ্ছে। বিশেষ করে শিয়ালদহ-কল্যাণী- রানাঘাট রুটে এসি লোকালের ১৫০ শতাংশের বেশি টিকিট বিক্রি হচ্ছে। অন্যদিকে, কৃষ্ণনগর-শিয়ালদহ রুটের এসি লোকালে ৯০ শতাংশ ছাড়িয়ে গিয়েছে টিকিট বিক্রি। সেই কারণেই রবিবার ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।