Breaking: ক্রীড়ামন্ত্রীর পদ থেকে অরূপ বিশ্বাসের ইস্তফা, মুখ্যমন্ত্রীকে পাঠালেন চিঠি
ক্রীড়ামন্ত্রীর পদ থেকে ইস্তফা দিলেন অরূপ বিশ্বাস। শোনা যাচ্ছে, অনুমোদন করেছেন মুখ্যমন্ত্রী।
মেসি-কাণ্ডের জের! শোনা গিয়েছে, ক্রীড়ামন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছেন অরূপ বিশ্বাস। তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে এই ঘটনাটি জানিয়েছেন। তিনি লিখেছেন, ‘ক্রীড়ামন্ত্রীর পদ থেকে অরূপ বিশ্বাসের ইস্তফা। নেত্রীকে চিঠি লিখে অব্যাহতি চাইলেন তিনি। সূত্রের খবর, অনুমোদন করেছেন মুখ্যমন্ত্রী।’

কুণাল ঘোষ এই কথাটা জানানোর পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় একটি চিঠির প্রতিলিপিও প্রকাশ করেছেন। দেখা গিয়েছে, হাতে লেখা সেই চিঠিটি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে পাঠানো হয়েছে। সেখানে ১৫ ডিসেম্বর, ২০২৫ তারিখ হিসাবে দেওয়া হয়েছে। সেখানে লেখা আছে, ‘গত ১৩ ডিসেম্বর, ২০২৫ কিংবদন্তি ফুটবলার মেসির কলকাতা সফরে বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে যে পরিস্থিতি হয়েছিল, তার পরিপ্রেক্ষিতে আপনি ইতিমধ্যেই তদন্ত কটিটি গঠন করেছেন। তাই নিরপেক্ষ তদন্তের স্বার্থে আমি ক্রীড়ামন্ত্রী হিসাবে আপনার কাছে অব্যাহতি চাইছি। আশা করি আপনি আমার এই অনুরোধ রাখবেন।’
মেসির কলকাতা সফর নিয়ে ইতিমধ্যেই ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়েছে। পরিস্থিতি মোটেই ক্রীড়ামন্ত্রীর অনুকূলে নয়। গোটা ঘটনায় যে ভয়ানক পরিস্থিতি সৃষ্টি হয়েছে, তার জন্য অনেকেই ক্রীড়ামন্ত্রীকে দায়ী করেছেন। যদিও এর আগে রাজ্যের শাসক দলের তরফে আঙুল তোলা হয়েছিল আয়োজকদের দিকেই। কিন্তু সাধারণ মানুষের চোখে ক্রীড়ামন্ত্রী এবং শাসক দলের ভূমিকা তার পরেও স্বচ্ছ হতে পারেনি। এমনও শোনা যাচ্ছিল, সেদিনের ঘটনার কারণে নিজের দলের ভিতরেও সমালোচিত হচ্ছেন ক্রীড়ামন্ত্রী। তখনই অনেকে আন্দাজ করেছিলেন, এর পরে হয়তো পদ থেকে ইস্তফা দেবেন অরূপ। শেষ পর্যন্ত সেটাই সত্যি হল।
শোনা গিয়েছে, অরূপ বিশ্বাসের ইস্তফার পরেই ক্রীড়া ও যুব কল্যাণ দফতরের কর্তাদের নবান্নে ডাকা হয়েছে। তাঁরা সেখানে পৌঁছেও গিয়েছেন।












