২০১৭, ২০২২ টেটে প্রশ্নভুল মামলায় স্বস্তি পর্ষদের,কমিটির রিপোর্টে ত্রুটি কি চ্যালেঞ্জ করা যাবে? হাইকোর্টের পর্যবেক্ষণ কী?
প্রশ্নভুল মামলায় বিশেষজ্ঞ কমিটির রিপোর্টে কী ধরা পড়েছে?
২০১৭ ও ২০২২ সালের প্রাথমিকে টেটের প্রশ্ন ভুল নিয়ে হাই কোর্টে মামলা দায়ের হয়েছিল। মূল মামলাকারীদের বক্তব্য ছিল, যে ২০২২ সালে ২৪ টি প্রশ্নে ভুল ছিল, আর ২০১৭ সালে ২৩ টি প্রশ্নে ভুল ছিল। সেই মামলা বিভিন্ন পর্ব পার করেছে। সদ্য বিশেষজ্ঞ কমিটিরি রিপোর্ট সামনে আসে। যার হাত ধরে ২০১৭ ও ২০২২ টেট পরীক্ষায় ভুল প্রশ্ন মামলায় স্বস্তি পেল পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ।

বিশেষজ্ঞ কমিটির রিপোর্টে জানানো হয়েছে, সেটি ২০১৭ টেট-এর পরিবেশবিদ্যা সংক্রান্ত বিভাগে ১ টি প্রশ্নে রয়েছে ভুল। ২০২২ টেট-এর প্রশ্ন-উত্তরে কোনও ভুল নেই। যে প্রশ্নে ভুল রয়েছে তার সব উত্তরও ভুল বলে জানানো হয়। ২০১৭ টেটে প্রশ্ন ভুল থাকার জন্য নম্বর পাবেন সকলেই। এর ফলে যদি কেউ টেট উত্তীর্ণ হন, তাহলে তাঁকে নিয়োগ প্রক্রিয়ায় সুযোগ দেবে বোর্ড। উল্লেখ্য, ২০১৭ টেট বিশেষজ্ঞ কমিটির রিপোর্ট সাত দিনের মধ্যে এবং ২০২২ টেট বিশেষজ্ঞ কমিটির রিপোর্ট ২ দিনের মধ্যে বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করার নির্দেশ দেয় হাইকোর্ট। অপরদিকে, সোমবার হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু জানিয়েছেন, কোনও ভুল না থাকায় ২০২২ টেট প্রশ্নভুল মামলার নিষ্পত্তি হয়ে গিয়েছে। এছাড়াও হাইকোর্টের পর্যবেক্ষণ, বিশেষজ্ঞ কমিটির রিপোর্টে ত্রুটি থাকলে তা চ্যালেঞ্জও করা যাবে। এর আগে, ২০১৭ ও ২০২২ টেট পরীক্ষায় প্রশ্ন ভুল মামলায় হাইকোর্ট নির্দেশ দেয়, প্রথম টেটের প্রশ্ন খতিয়ে দেখবে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। নির্দেশ ছিল, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞ কমিটি খতিয়ে দেখবে পরের টেটের প্রশ্ন। এরপর মামলা একের পর এক ধাপ পার হয়। আসে কমিটি গঠনের প্রসঙ্গ। এরপর আইনি নানান পর্ব পার হয় এই মামলায়। প্রাথমিকের ২০২২ টেটের কয়েক জন পরীক্ষার্থী এই মামলা ঘিরে সুপ্রিম কোর্টেরও দ্বারস্থ হন একটা সময়। সেখানেও কমিটি প্রসঙ্গ ওঠে।পরে শীর্ষ আদালতের নির্দেশ ছিল, হাই কোর্টের রায়ই বহাল থাকবে। ওই রায়ে এখনই কোনও হস্তক্ষেপ করা হবে না।
নবম দশমে এসসি শিক্ষক নিয়োগের ফলাফল:-
এদিকে, সদ্যই এসএসসির নবম ও দশমের শিক্ষক নিয়োগের পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। সোমবার সন্ধ্যায় ফলঘোষণা করল স্কুল সার্ভিস কমিশন। পরীক্ষার ৭১ দিনের মাথায় প্রকাশিত হল ফলাফল। westbengalssc.com এই ওয়েবসাইটে গিয়ে দেখা যাবে ফলাফল।












