Calcutta HC on Kolkata Metro: চিংড়িহাটার ৩৬৬ মিটার মেট্রো পথে জটিলতা, রাজ্যের অ্যাডভোকেট জেনারেলকে তলব হাইকোর্টের

চিংড়িহাটার স্থানীয় এক বাসিন্দা মেট্রো প্রকল্প নিয়ে জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন হাইকোর্টে। সেই মামলার শুনানি হয় ৫ ডিসেম্বর। সেই শুনানি চলাকালীন কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ রাজ্যের অ্যাডভোকেট জেনারেলকে তলব করে।

Published on: Dec 06, 2025 11:03 AM IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

চিংড়িহাটা মেট্রো প্রকল্পের জট কাটছে না কোনও ভাবেই। সম্প্রতি এই নিয়ে কেন্দ্রীয় রেলমন্ত্রী সংসদে লিখিত জবাবে দাবি করেছিলেন, রাজ্যের এনওসি পেয়ে গেলে তিন রাতেই কাজ করেই চিংড়িহাটায় মেট্রো লাইন জুড়ে দেওয়া সম্ভব। এই সবের মাঝে হাইকোর্টের হস্তক্ষেপ চেয়ে দৃষ্টি আকর্ষণও করে নির্মাণকারী সংস্থা আরভিএনএল। উল্লেখ্য, চিংড়িহাটার স্থানীয় এক বাসিন্দা মেট্রো প্রকল্প নিয়ে জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন হাইকোর্টে। সেই মামলার শুনানি হয় ৫ ডিসেম্বর। সেই শুনানি চলাকালীন কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ রাজ্যের অ্যাডভোকেট জেনারেলকে তলব করে।

চিংড়িহাটা মেট্রো প্রকল্পের জট কাটছে না কোনও ভাবেই।
চিংড়িহাটা মেট্রো প্রকল্পের জট কাটছে না কোনও ভাবেই।

এর আগে চিংড়িহাটার জট কাটাতে সব পক্ষকে বৈঠকে বসতে বলেছিল হাইকোর্ট। সেই মতো বৈঠক হয়। সেই সময় রাজ্য সরকার এবং পুলিশের তরফে সহযোগিতার আশ্বাস পেয়েছিল মেট্রো। তবে আশ্বাস পেলেও কাজ করার অনুমতি আর পাওয়া যায়নি। তাই বেলেঘাটা এবং গৌরকিশোর ঘোষ স্টেশনের মধ্যবর্তী অংশের অসম্পূর্ণ কাজ এখনও থমকে। এই আবহে জটিলতা কীভাবে কাটানো যায় তা জানতে রাজ্যের অ্যাডভোকেট জেনারেলকে ডেকে পাঠানো হয়েছে আদালতের তরফ থেকে।

সম্প্রতি তৃণমূল কংগ্রেসের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় সংসদে মেট্রো নিয়ে প্রশ্ন করেছিলেন। এর জবাবে কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, মোট চারটি মেট্রো করিডরে মোট ৫২ কিমি পথে কাজ চলছে। তবে তার মধ্যে চিংড়িহাটার ৩৬৬ মিটার সহ ২০ কিমি পথের কাজ কার্যত থমকে। এই আবহে আটকে থাকা মেট্রোর কাজ নিয়ে জট কাটাতে রাজ্য সরকারকেই পদক্ষেপ করতে হবে বলে দাবি করেন অশ্বিনী।

লিখিত জবাবে রেলমন্ত্রী জানিয়েছেন, চিংড়িহাটার ৩৬৬ মিটার মেট্রো পথ জুড়ে দিতে রাজ্য সরকারকে বারবার অনুরোধ করা হলেও অনুমতি দেওয়া হচ্ছে না। যান চলাচলে ব্যাঘাত ঘটতে পারে বলে দাবি করছে রাজ্য। তবে রেলের বক্তব্য, কলকাতা পুলিশ যে বিকল্প রাস্তা চেয়েছিল, তা চলতি বছরের ফেব্রুয়ারি মাসেই তৈরি হয়ে গিয়েছে। এরপর বৈঠকের পর বৈঠক হলেও নো অবজেকশন সার্টিফিকেট পাচ্ছে না মেট্রো। রেলমন্ত্রীর দাবি, এনওসি পেলে তিন রাত্রি ৮ ঘণ্টা করে কাজ করেই এই অংশ সম্পন্ন করতে পারে মেট্রো।