দিঘা পুলিশ হলিডে হোম–ইন্সপেকশন বাংলো বুকিং দেদার বাড়ছে, কেন এমন ঘটছে?

পুলিশ হলিডে হোমে এসি এবং নন এসি দু’রকম ঘর মিলবে। সেক্ষেত্রে ঘর ভাড়ার তারতম্যও থাকছে। এখানে সিভিক ভলান্টিয়ার এবং ভিলেজ পুলিশ থেকে শুরু করে পুলিশের ইন্সপেক্টর ও দফতরের সুপারিশ করা অন্য যে কেউ থাকতে পারবেন। এই পুলিশ হলিডে হোমে ক্যান্টিন পরিষেবা মিলবে। শীতাতপ নিয়ন্ত্রিত হওয়ায় চাহিদা বাড়ছে।

Published on: Jun 04, 2025 12:30 PM IST
By
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

জগন্নাথ মন্দির উদ্বোধনের পর দিঘায় জনস্রোত আছড়ে পড়েছে। গরমের ছুটিতে তা পাল্লা দিয়ে বেড়েছে। হোটেল ব্যবসায়ীদের মুখে হাসি চওড়া হয়েছে। এমনকী সাধারণ হকারদের জীবনে পর্যন্ত রুজি–রোজগার বেড়েছে। এবার দেখা গেল, পুলিশ ও তাঁদের পরিবারের সদস্যরা ভিড় করছেন সৈকতনগরীতে। যা আগে সেভাবে দেখা যেত না। এবার দেখা গেল, দিঘা পুলিশ হলিডে হোম এবং পুলিশ ইন্সপেকশন বাংলো বুকিং বেড়ে গিয়েছে। শুধু তাই নয়, বুকিংয়ের লম্বা ওয়েটিং পর্যন্ত থাকছে। একদা এই হলিডে হোম ঠিকমতো চলত না বলে অভিযোগ ছিল। তার জেরে রুমভাড়া কম ছিল। এখন ঠিক বিপরীত ছবি দেখা যাচ্ছে।

দিঘায় জনস্রোত আছড়ে পড়েছে। (ANI)
দিঘায় জনস্রোত আছড়ে পড়েছে। (ANI)

এই পরিস্থিতির বদল হয়েছে গত ৩০ এপ্রিল তারিখের পর থেকে। দিঘায় জগন্নাথ মন্দির উদ্বোধনের পর কাতারে কাতারে মানুষজন ভিড় করছেন। এমনকী বিদেশ থেকে পর্যন্ত মানুষজন এসেছেন দিঘার জগন্নাথধাম দেখতে। এবার দেখা গেল, পুলিশ হলিডে হোমের বুকিং বেড়েছে। আর এমন অবস্থা দেখে পুলিশ হলিডে হোম এবং ইন্সপেকশন বাংলোর রুমভাড়া বাড়িয়ে দিয়েছে রাজ্য পুলিশ। তবে তা সাধারণ বেসরকারি হোটেলের থেকে অনেক কম। এডিজি (ওয়েলফেয়ার) অফিস থেকে এই বিষয়ে নির্দেশিকা প্রকাশ করা হয়েছে। আগামী ১৬ জুন তারিখ থেকে বর্ধিত রুমভাড়া কার্যকর করা হবে। ফলে আয় বাড়বে।

আরও পড়ুন:‌ মাঝরাতে কলকাতায় ফিরলেন অভিষেক, জয়শঙ্করের ডাকা সর্বদলীয় বৈঠকে থাকছেন না

এদিকে দিঘা শঙ্করপুর উন্নয়ন কর্তৃপক্ষের অফিস থেকে একটু সমুদ্রসৈকতের দিকে এগোলেই পুলিশ হলিডে হোম পড়বে। নতুন করে তার সংস্কার করা হয়েছে। এখন এই হলিডে হোম ঝাঁ চকচকে। দিঘা থানার ঢিল ছোঁড়া দূরত্বে আছে পুলিশ ইন্সপেকশন বাংলো। এসব জায়গায থাকতে পারলে নিরাপত্তাও মিলবে চূড়ান্ত পর্যায়ে। ওই বাংলোর সব রুম শীতাতপ নিয়ন্ত্রিত হওয়ায় চাহিদা বাড়ছে। এখানে পুলিশ দফতরের সুপারিশ করা ভিআইপিরা এসে থাকেন। কর্মরত পুলিশ অফিসার থেকে শুরু করে পুলিশ কর্তাদের জন্য এখানের দৈনিক ভাড়া ৬০০ থেকে বাড়িয়ে ৮০০ টাকা করা হয়েছে। অবসরপ্রাপ্ত পুলিশ অফিসারদের জন্য দৈনিক ভাড়া করা হয়েছে ১২০০ টাকা। পুলিশে কর্মরত নন অথচ ভিআ‌ইপি যাঁরা তাঁদের ইন্সপেকশন বাংলোয় দৈনিক ভাড়া ১৪০০ টাকা করা হয়েছে।

অন্যদিকে পুলিশ হলিডে হোমে এসি এবং নন এসি দু’রকম ঘর মিলবে। সেক্ষেত্রে ঘর ভাড়ার তারতম্যও থাকছে। এখানে সিভিক ভলান্টিয়ার এবং ভিলেজ পুলিশ থেকে শুরু করে পুলিশের ইন্সপেক্টর ও দফতরের সুপারিশ করা অন্য যে কেউ থাকতে পারবেন। এই পুলিশ হলিডে হোমে ক্যান্টিন পরিষেবা মিলবে। সিভিক এবং ভিলেজ পুলিশে কর্মরত ও অবসরপ্রাপ্তদের নন এসি ঘরের দৈনিক ভাড়া ১০০ টাকা। এসি ঘরের ভাড়া ২৮০ টাকা। হোমগার্ড, এনভিএফ, গ্রুপ–ডি কর্মী নন এসি ঘর পাবেন ১৫০ টাকায় এবং এসি ঘর ভাড়া পাবেন ৩৫০ টাকায়। কনস্টেবল, লেডি কনস্টেবল ও টাইপিস্টদের জন্য নন এসি ঘরের দৈনিক ৩০০ টাকা। এসি ঘরের ভাড়া ৫০০ টাকা। এএসআই, পুলিশ গাড়ির চালকদের জন্য নন এসি ঘর ৪০০ টাকায় মিলবে। আর এসি ঘরের ভাড়া ৫৫০ টাকা। সাব ইন্সপেক্টরদের নন এসি ঘর ভাড়া ৫০০ টাকা। এসি ঘরের ভাড়া ৬৫০ টাকা। পুলিশ ইন্সপেক্টরদের জন্য নন এসি ঘরের ভাড়া ৬০০ টাকা এবং এসি ঘরের ভাড়া ১২০০ টাকা। অন্য সরকারি কর্মী এবং অফিসারদের জন্য নন এসি ঘর ১০০০ টাকা এবং এসি ঘর ১২০০ টাকা। সাধারণ মানুষ নন এসি ঘর ১২০০ টাকা এবং এসি ঘর ১৪০০ টাকায় পাবেন।

News/Bengal/দিঘা পুলিশ হলিডে হোম–ইন্সপেকশন বাংলো বুকিং দেদার বাড়ছে, কেন এমন ঘটছে?