এক বাসেই কলকাতা থেকে পৌঁছে যান ডুয়ার্স, ভাড়া কত? জানুন বিস্তারিত
দীর্ঘ সময় ধরেই পর্যটন মহলের দাবি ছিল, ডুয়ার্সের সঙ্গে কলকাতার সড়কপথে সরাসরি যোগাযোগ।
শীতের আমেজ এখন উত্তর ও দক্ষিণ দুই বঙ্গেই। এই সময়ে উত্তরবঙ্গমুখী হন বহু পর্যটক। বেশিরভাগ মানুষই স্বচ্ছন্দবোধ করেন ট্রেন জার্নিকে। কিন্তু এখন তো ট্রেনের টিকিট পাওয়ার সমস্যা। কিন্তু এখন থেকে আর ডুয়ার্স যাওয়ার জন্য আর ট্রেনের উপর ভরসা করতে হবে না। পর্যটকদের সুবিধার কথা মাথায় রেখে চালু হল বাস। এবার কলকাতা থেকে এক বাসেই পৌঁছানো যাবে লাটাগুড়ি। বাসটিতে কী কী সুবিধা থাকছে? জেনে নিন বিস্তারিত।

বাস রুট ও সময়
জানা গিয়েছে, প্রতিদিন বিকেলে জয়গাঁ থেকে মাদারিহাট, বীরপাড়া রুট হয়ে চালসা, লাটাগুড়ি, ময়নাগুড়ি, শিলিগুড়ি সড়কপথ হয়ে কলকাতার উদ্দেশে রওনা দেবে বাসটি। একই ভাবে সন্ধ্যেয় ধর্মতলা থেকে লাটাগুড়ি হয়ে পৌঁছবে জয়গাঁ। রবিবার থেকেই বাসটি চালু হতে চলেছে। পর্যটন ব্যবসায়ীদের একাংশ জানাচ্ছেন, এই বাস চালু হলে সরাসরি লাটাগুড়ি থেকে কলকাতা যাতায়াতের দারুন সুযোগ পাবেন পর্যটকরা। ফলে এটি পর্যটকদের জন্য স্বস্তির খবর। পাশাপাশি পর্যটক সংখ্যা বাড়লে পর্যটন ব্যবসার উপরেও তার প্রভাব পড়বে। বাসটি জয়গা থেকে ছাড়বে বিকেল সাড়ে ৪টায়। আর কলকাতা থেকে ছাড়বে সন্ধ্যা ৬টায়।
বাসের আসন সংখ্যা ও ভাড়া
দীর্ঘ সময় ধরেই পর্যটন মহলের দাবি ছিল, ডুয়ার্সের সঙ্গে কলকাতার সড়কপথে সরাসরি যোগাযোগ। অনেক ক্ষেত্রে দেখা যেত ট্রেনের টিকিট না পেয়ে বহু পর্যটক লাটাগুড়ি কিংবা ডুয়ার্সে যাওয়ার পরিকল্পনা বাতিল করতেন। এবার সেই সমস্যার সমাধান হল বাসের মাধ্যমে। এসি ওই বাস দু’টিতে আসন সংখ্যা থাকছে ৩৬টি। মাথা পিছু বাস ভাড়া ধার্য করা হয়েছে ১৫০০ টাকা। রাতে খাবারের ব্যবস্থাও রয়েছে জার্নির সঙ্গেই। একই সঙ্গে বাসের মধ্যে থাকছে বায়ো টয়লেট। ‘লাটাগুড়ি রিসর্ট ওনার্স অ্যাসোসিয়েশন’-এর সম্পাদক দিব্যেন্দু দেব বলেন, 'পর্যটন মহলের বহুদিনের দাবি ছিল দক্ষিণবঙ্গের সঙ্গে উত্তরবঙ্গে যোগাযোগ ব্যবস্থার আরও উন্নতি ঘটানো। আশা করি এই নতুন উদ্যোগে পর্যটকরা উপকৃত হবেন।' এই উদ্যোগের প্রশংসা করেছেন পর্যটকেরাও।












