ED Arrests in Sand Smuggling Scam: বাজেয়াপ্ত লাখ লাখ নগদ টাকা, বালি পাচার মামলায় প্রথম গ্রেফতারি ইডির, ৭৮ কোটির দুর্নীতি
পুলিশের দায়ের করা এফআইআরের ভিত্তিতে 'ইসিআইআর' রুজু করে বালিপাচার কাণ্ডে তদন্ত শুরু করে ইডি। সেপ্টেম্বরেই সেই মামলায় প্রথমবার অভিযানে নেমেছিল ইডি। তবে সেদিন কাউকে গ্রেফতার করা হয়নি। গতকাল এই মামলায় প্রথম গ্রেফতারি হল।
বালি পাচার কাণ্ডে ইডি গ্রেফতার করল ব্যবসায়ী অরুণ সরফকে। এই মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট এই প্রথম গ্রেফতারি করল। এর আগে গত সেপ্টেম্বরে এই মামলায় তদন্ত চালাতে অভিযান চালিয়েছিল ইডি। জানা গিয়েছে, ধৃত অরুণ সরফ হলেন জিডি মাইনিং নামক একটি সংস্থার প্রাক্তন ডিরেক্টর। এর আগে বৃহস্পতিবার দিনভর এই অরুণ সরফকে জেরা করেছিলেন ইডি আধিকারিকরা। তারপর রাতের দিকে তাঁকে গ্রেফতার করা হয়। তারপর রাতেই তাঁকে মুখ্য বিচারবিভাগীয় আদালতে পেশ করেন ইডি আধিকারিকরা।
এর আগে গত সেপ্টেম্বর মাসে রাজ্যের চারটি জায়গায় ইডি আধিকারিকরা তল্লাশি অভিযান চালিয়েছিলেন এই বালি পাচার মামলার তদন্তে। কলকাতা, ঝাড়গ্রাম, নদিয়া ও পশ্চিম মেদিনীপুরে সেই সব তল্লাশি অভিযান চালানো হয়েছিল। সেদিনই বেহালায় এবং সল্টলেকে অবস্থিত জিডি মাইনিংয়ের অফিসেও গিয়েছিলেন ইডি আধিকারিকরা। এছাড়া ঝাড়গ্রামে এক ব্যবসায়ীর বাড়ি থেকে উদ্ধার হয়েছিল কয়েক লাখ নগদ টাকা। মেদিনীপুরেও এক ব্যবসায়ীর বাড়ি থেকে পাওয়া যায় নগদ টাকা। রিপোর্ট অনুযায়ী, সেপ্টেম্বরের তল্লাশি অভিযানের সময় মেদিনীপুরে বালি ব্যবসায়ী সৌরভ রায়ের বাড়ি থেকে ৬৪ লাখ টাকা নগদ উদ্ধার করেছিল ইডি। এরই সঙ্গে বাজেয়াপ্ত করা হয়েছিল মোবাইল ফোন ও বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি। এদিকে ঝাড়গ্রামে বালি ব্যবসায়ী শেখ জহিরুল আলির বাড়িতে হানা দিয়ে ১২ লাখ টাকা নগদ উদ্ধার করেছিল ইডি। অভিযোগ, দীর্ঘদিন ধরে সুবর্ণরেখা নদী থেকেই বালি পাচারের সঙ্গে যুক্ত জহিুরুল। এই জহিরুল নাকি আগে ভিলেজ পুলিশে ছিলেন। পরে চাকরি ছেড়ে বালির ব্যবসা শুরু করেছিল।
জানা গিয়েছে, পুলিশের দায়ের করা এফআইআরের ভিত্তিতে 'ইসিআইআর' রুজু করে বালিপাচার কাণ্ডে তদন্ত শুরু করে ইডি। সেপ্টেম্বরেই সেই মামলায় প্রথমবার অভিযানে নেমেছিল ইডি। তবে সেদিন কাউকে গ্রেফতার করা হয়নি। গতকাল এই মামলায় প্রথম গ্রেফতারি হল। এদিকে অভিযুক্ত অরুণের বাড়ি থেকে মোট ২৯ লক্ষ টাকা উদ্ধার করেছেন তদন্তকারীরা। মুখ্য বিচারবিভাগীয় আদালতে তাঁকে তোলা হলে মোট একদিনের হেফাজতের নির্দেশ দেন বিচারক। সেই ভিত্তিতেই বালি পাচার মামলায় অভিযুক্ত ব্যবসায়ী অরুণকে আজ পেশ করা হবে ইডির বিশেষ আদালতে। এই অরুণের বিরুদ্ধে মোট ৭৮ কোটি টাকার দুর্নীতির অভিযোগ রয়েছে। তবে ধৃত ব্যবসায়ীর আইনজীবী সেই অভিযোগ খারিজ করে পালটা দাবি করেন, আর্থিক তছরুপ মামলার গ্রেফতারি ঠিক যেভাবে হয়, এই ক্ষেত্রে সেই নিয়মগুলি মানা হয়নি।
News/Bengal/ED Arrests In Sand Smuggling Scam: বাজেয়াপ্ত লাখ লাখ নগদ টাকা, বালি পাচার মামলায় প্রথম গ্রেফতারি ইডির, ৭৮ কোটির দুর্নীতি