WB Weather Forecast till 13th December: সোমে কুয়াশার দাপট ৮ জেলায়! কলকাতা-সহ বাংলায় আরও জোরদার হবে ঠান্ডার দাপট?
শনিবার একধাক্কায় পারদ পতনের পরে রবিবার কিছুটা বেড়েছে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার তাপমাত্রা। আগামী এক সপ্তাহে অবশ্য সর্বনিম্ন তাপমাত্রা খুব বেশি বাড়বে না অথবা খুব বেশি কমে যাবে না।
শনিবার একধাক্কায় পারদ পতনের পরে রবিবার কিছুটা বেড়েছে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার তাপমাত্রা। আগামী এক সপ্তাহে অবশ্য সর্বনিম্ন তাপমাত্রা খুব বেশি বাড়বে না অথবা খুব বেশি কমে যাবে না। মোটামুটি একই স্তরে থাকবে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার সর্বনিম্ন তাপমাত্রা। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আগামী সাতদিন পশ্চিমবঙ্গের সব জেলার (দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, কলকাতা, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া) সর্বনিম্ন তাপমাত্রার (রাতের তাপমাত্রা) তেমন পরিবর্তন হবে না।
আর আপাতত পশ্চিমবঙ্গের আবহাওয়া শুষ্ক থাকবে। আগামী ১৩ ডিসেম্বর (শনিবার) পর্যন্ত পশ্চিমবঙ্গের কোনও জেলায় বৃষ্টি হবে না। পাহাড়ে আপাতত তুষারপাতেরও পূর্বাভাস দেওয়া হয়নি। তবে সোমবার এবং মঙ্গলবার সকালের দিকে উত্তরবঙ্গের প্রতিটি জেলার একটি বা দুটি অংশে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে। কিছুটা কমে যাবে দৃশ্যমানতা। ঘন কুয়াশা অবশ্য থাকবে না। ফলে কোনও জেলায় সতর্কতা জারি করা হয়নি।
আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা হল ২৫.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২.২ ডিগ্রি কম। আর সর্বনিম্ন তাপমাত্রা হল ১৫.২ ডিগ্রি। যা স্বাভাবিকের থেকে ১.৪ ডিগ্রি কম। মূলত আকাশ পরিষ্কার থাকবে। তবে সোমবার সকালের দিকে হালকা ধোঁয়াশা থাকতে পারে।