Howrah Division Train Latest Update: হাওড়া শাখায় ট্রেন দেরির জন্য সরাসরি দক্ষিণপূর্ব রেলকে দায়ী করলেন পূর্ব রেলের জিএম

পূর্ব রেলের জিএমের অভিযোগ, দক্ষিণ পূর্ব রেলের পণ্যবাহী ট্রেন যে সময়ে পূর্ব রেলের জোনে ঢুকছে, তাতে লাইন দীর্ঘ সময় ব্লক হয়ে থাকছে। এর জেরে যাত্রীবাহী ট্রেনগুলি নির্দিষ্ট সময়ে স্টেশনে ঢুকতে পারছে না কিংবা সময়মতো চলতেও পারছে না। এহেন পরিস্থিতির জন্যই গতি কমছে যাত্রী পরিষেবার।

Published on: Dec 06, 2025 12:51 PM IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

হাওড়ায় ট্রেন লেট নিয়ে দুই ডিভিশনে 'দ্বন্দ্ব'। প্রতিদিনই হাওড়ায় ট্রেন দেরি করার নেপথ্যে দক্ষিণ পূর্ব ডিভিশনের অব্যবস্থাকে দায়ী করলেন পূর্ব রেলের জেনারেল ম্যানেজার মিলিন্দ দেউসকর। তাঁর অভিযোগ, দক্ষিণ পূর্ব রেলের পণ্যবাহী ট্রেন যে সময়ে পূর্ব রেলের জোনে ঢুকছে, তাতে লাইন দীর্ঘ সময় ব্লক হয়ে থাকছে। এর জেরে যাত্রীবাহী ট্রেনগুলি নির্দিষ্ট সময়ে স্টেশনে ঢুকতে পারছে না কিংবা সময়মতো চলতেও পারছে না। এহেন পরিস্থিতির জন্যই গতি কমছে যাত্রী পরিষেবার।

পূর্ব রেলের জিএমের অভিযোগ, দক্ষিণ পূর্ব রেলের জন্য হাওড়া শাখায় ট্রেন দেরিতে চলে (AP)
পূর্ব রেলের জিএমের অভিযোগ, দক্ষিণ পূর্ব রেলের জন্য হাওড়া শাখায় ট্রেন দেরিতে চলে (AP)

পূর্ব রেলের জেনারেল ম্যানেজার আরও জানান, হাওড়া ডিভিশনে লোকাল ট্রেনের জন্য নির্দিষ্ট ট্র‍্যাক নেই। এই আবহে লিলুয়া থেকে হাওড়ার মধ্যে সেই নির্দিষ্ট অংশ তৈরির চেষ্টা চলছে। মিলিন্দ দেউসকর আশা ব্যক্ত করেন, এই অংশের কাজ সম্পন্ন হলে পূর্ব রেলের যাত্রী পরিষেবা সংক্রান্ত সমস্যা কিছুটা হলেও মিটতে পারে। এদিকে যাত্রী পরিষেবা নিয়ে সমস্যার মাঝেই হাওড়া শাখায় এসি লোকাল চালু হতে চলেছে বলে জানা গিয়েছে।

ইস্টার্ন রেলের জিএম জানিয়েছেন, আরও পাঁচটি নতুন এসি লোকাল পেতে চলেছে পূর্ব রেল। এই আবহে হাওড়া থেকে ব্যান্ডেল রুটে এসি লোকাল চালানোর ভাবনা রয়েছে। এর জন্য সমীক্ষা চলছে এই রুটে। তবে হাওড়া-ব্যান্ডেলে কবে থেকে, কখন ট্রেন চলবে সেই বিষয়েও এখন কিছু বলা হয়নি। সবকটি ট্রেনই হাওড়া ডিভিশনে চলবে কি না, তাও জানা যায়নি। এদিকে বৃহস্পতিবার থেকে শিয়ালদহ-কল্যাণী রুটে আরও একটি নতুন এসি লোকাল শুরু করেছে পূর্ব রেল। বর্তমানে শিয়ালদা থেকে কৃষ্ণনগর, রানাঘাট, বনগাঁ রুটে এসি লোকাল চলছে। যত দিন যাচ্ছে, তত উল্লেখযোগ্য ভাবে যাত্রী সংখ্যা বৃদ্ধি পেয়েছে এই ট্রেনগুলিতে। এই আবহে হাওড়া থেকেও প্রথম এসি লোকাল চালুর প্রাথমিক কাজ শুরু হয়েছে।