HS Exam 2026 Timing: 'উচ্চমাধ্যমিকে বাড়তি ১০ মিনিট মিলবে', তবে আছে শর্তও, অপেক্ষা রাজ্যের অনুমোদনের
উচ্চমাধ্যমিক পরীক্ষায় পড়ুয়াদের বাড়তি ১০ মিনিট দেওয়া হবে - সেই মর্মে রাজ্য সরকারকে প্রস্তাব পাঠাল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। সূত্রের খবর, বিকাশ ভবনের সবুজ সংকেত পেলেই উচ্চমাধ্যমিকের তৃতীয় এবং চতুর্থ সেমেস্টারে সেই নয়া নিয়ম চালু হয়ে যাবে।
উচ্চমাধ্যমিক পরীক্ষায় পড়ুয়াদের বাড়তি ১০ মিনিট দেওয়া হবে - সেই মর্মে রাজ্য সরকারকে প্রস্তাব পাঠাল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। সূত্রের খবর, বিকাশ ভবনের সবুজ সংকেত পেলেই উচ্চমাধ্যমিকের তৃতীয় এবং চতুর্থ সেমেস্টারে সেই নয়া নিয়ম চালু হয়ে যাবে। তবে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের তরফে যে প্রস্তাব পাঠানো হয়েছে, তাতে উত্তর লেখার জন্য ওই বাড়তি সময় মিলবে না। ১০ মিনিট দেওয়া হবে প্রশ্নপত্র পড়ার জন্য। অর্থাৎ আগেভাগে প্রশ্নপত্র পেয়ে পড়ুয়ারা উত্তর লিখতে পারবেন।

পর্যাপ্ত সময় মিলছে না, দাবি করেছিলেন পড়ুয়ারা
আসলে এবারই প্রথমবার সেমেস্টারের ধাঁচে হচ্ছে উচ্চমাধ্যমিক পরীক্ষা। তৃতীয় সেমেস্টারের পরীক্ষা হয়ে গিয়েছে। আগামী ফেব্রুয়ারিতে হবে চতুর্থ সেমেস্টারের পরীক্ষা। আর তৃতীয় সেমেস্টার (দ্বাদশ শ্রেণির প্রথম সেমেস্টার) পরীক্ষার সময় বিভিন্ন বিষয়ের পড়ুয়ারা অভিযোগ তোলেন যে তাঁরা পর্যাপ্ত সময় পাচ্ছেন না। সেই পরিস্থিতিতে তাঁরা সময় বাড়ানোর দাবি তোলেন।
শিক্ষা সংসদের সভাপতি কী বললেন?
পড়ুয়াদের সেই দাবি বিবেচনা করে উচ্চমাধ্যমিকের তৃতীয় এবং চতু্র্থ সেমেস্টার পরীক্ষায় ১০ মিনিট বাড়তি সময় দেওয়ার প্রস্তাব রাজ্যকে পাঠিয়েছে শিক্ষা সংসদ। শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানিয়েছেন, পরীক্ষায় উত্তর লেখার সময় একই রাখা হচ্ছে। তবে পড়ুয়াদের স্বার্থে প্রশ্নপত্র পড়ার জন্য বাড়তি ১০ মিনিট দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে বলে সংসদের সভাপতি জানিয়েছেন।
উল্লেখ্য, গত অক্টোবরে উচ্চমাধ্যমিকের তৃতীয় সেমেস্টারের ফলপ্রকাশ করা হয়েছে। সাংবাদিক বৈঠকে সংসদ সভাপতি জানান, উচ্চমাধ্যমিকের তৃতীয় সেমেস্টারে প্রথম হয়েছেন দু'জন - প্রীতম বল্লভ এবং আদিত্য নারাযণ জানা। তাঁদের প্রাপ্ত নম্বর ৯৮.৯৭ শতাংশ। দু'জনেই পুরুলিয়ার রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠের পড়ুয়া। সাবজেক্ট কম্বিনেশনও এক। সবমিলিয়ে প্রথম দশে আছেন ৬৯ জন। তাঁদের মধ্যে তিনজন মেয়ে। ৬৬ জন ছেলে।
উচ্চমাধ্যমিকের তৃতীয় সেমেস্টারের ফলাফল
সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানান, তৃতীয় এবং চতুর্থ সেমেস্টারের রেজাল্ট নিয়ে সার্বিকভাবে উচ্চমাধ্যমিকের রেজাল্ট তৈরি করা হবে। আজ যে রেজাল্ট বের করা হচ্ছে, সেটা উচ্চমাধ্যমিকের প্রথম পার্টের ফল বলা যায়। চতুর্থ সেমেস্টারের পরীক্ষা হবে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে। আর ৮ সেপ্টেম্বর থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত তৃতীয় সেমেস্টারের পরীক্ষা হয়েছে। তৃতীয় সেমেস্টারের জন্য ৬,৬০,২৬০ জন নাম নথিভুক্ত করেন। তাঁদের মধ্যে ৬,৪৫,৮৩২ জন পরীক্ষা দিয়েছেন। ওএমআরে পরীক্ষা হয়েছে। পাশের হার ৯৩.৭২ শতাংশ। গতবারের থেকে পাশের হার বেড়েছে। ছেলে ও মেয়েদের মধ্যে পাশের হারের খুব একটা পার্থক্য নেই। ছেলেদের পাশের হার ৯৩.৮১ শতাংশ। আর ৯৩.৬৫ শতাংশ ছাত্রী পাশ করেছেন।












