Humayun Kabir New Party Equation in WB: শুধু ওয়াইসি নয়, হুমায়ুনের সমীকরণে বাম-কংগ্রেস-ISF! বাড়বে TMC-র মাথা যন্ত্রণা?
হুমায়ুন দাবি করেছেন, হায়দরাবাদের সাংসদ আসাদউদ্দিন ওয়াইসির দলের সঙ্গে জোট বাঁধা নিয়ে আলোচনা করছেন। আর শুধু তাতেই থেমে নেই হুমায়ুন। এবার জানা যাচ্ছে, আইএসএফ-বাম-কংগ্রেসের সঙ্গও নাকি পেতে চান হুমায়ুন।
একদা গোটা রাজ্যের সংখ্যালঘু ভোট তৃণমূলের ঝুলিতে এলেও মালদা এবং মুর্শিদাবাদে কংগ্রেস নিজের গড় টিকিয়ে রাখতে পেরেছিল। এখন শূন্য হলেও মালদা, মুর্শিদাবাদ, নদিয়ার কিছু জায়গায় কংগ্রেসের সংগঠন এখনও রয়েছে। এদিকে ৩৪ বছরের শাসনামলে বামেদেরও অন্যতম 'ভরসা' ছিল সংখ্যালঘু ভোট। সব মিলিয়ে বাংলার রাজনীতিতে সংখ্যালঘু ভোটাররা যে 'কিং মেকার', তা বর্তমান শাসক তৃণমূলের জানা আছে। তবে সেই 'ভোটব্যাঙ্কে' থাবা বসাতে মরিয়া হয়ে উঠেছে তৃণমূল থেকে সদ্য সাসপেন্ড হওয়া হুমায়ুন কবির। এই আবহে তিনি দাবি করেছেন, হায়দরাবাদের সাংসদ আসাদউদ্দিন ওয়াইসির দলের সঙ্গে জোট বাঁধা নিয়ে আলোচনা করছেন। আর শুধু তাতেই থেমে নেই হুমায়ুন। এবার জানা যাচ্ছে, আইএসএফ-বাম-কংগ্রেসের সঙ্গও নাকি পেতে চান হুমায়ুন।

এমনিতে আসন্ন বিধানসভা নির্বাচনে বামেদের সঙ্গে জোট বাঁধা নিয়ে কংগ্রেসের মধ্যে তেমন আগ্রহ দেখা যাচ্ছে না। এরই মাঝে হুমায়ুন জানান, তিনি আইএসএফ, বাম, কংগ্রেসকে পাশে পেতে চাইছেন। যদিও এই নিয়ে সেই সব দলের সঙ্গে তাঁর কোনও আলোচনা হয়েছে কি না, তা স্পষ্ট নয়। হুমায়ুনের কথায়, 'এআইএমআইএম নিশ্চিত। পাশাপাশি আইএসএফ এলে ভাল। বামফ্রন্ট চাইলে স্বাগত। কংগ্রেসও আপত্তির নেই। আমার লক্ষ্য একটাই। বিজেপিকে রোখা এবং আরএসএস ভাবাদর্শের মুখ্যমন্ত্রীকে ক্ষমতা থেকে সরানো।' এর আগে তৃণমূল থেকে সাসপেন্ড হওয়ার পর তিনি প্রশ্ন করেছিলেন, মমতার জমানায় বিগত ১৫ বছরে বাংলার মুসলিমরা কী পেয়েছে?
এদিকে হুমায়ুন জানান, আগামী ২২ ডিসেম্বর নিজের নতুন দলের ঘোষণা করবেন তিনি। বাংলার ২৯৪টি আসনের মধ্যে ১৩৫টিতে তিনি লড়বেন বলেও জানিয়েছেন। এদিকে এআইএমআইএমের সঙ্গে যে তাঁর আলোচনা বেশ এগিয়েছে, তারও ইঙ্গিত মিলেছে। হুমায়ুন দাবি করেন, ওয়াইসির সঙ্গে ইতিমধ্যেই তাঁর প্রাথমিক আলোচনা হয়েছে। তিনি নিজের দলের সম্মেলনে ওয়াইসিকে আমন্ত্রণ জানাবেন বলে দাবি করেন হুমায়ুন। তাঁর কথায়, ওয়াইসিও আগ্রহী এই বিষয়ে।
এদিকে ওয়াইসির দল নীরবেই বাংলায় সংগঠন বৃদ্ধি করছে। বিশেষ করে বিহার লাগোয়া জেলাগুলিতে। বিহারের সদ্য সমাপ্ত বিধায়নসভা নির্বাচনে বাংলা লাগোয়া সীমাঞ্চল এলাকায় বেশ কয়েকটি আসন পেয়েছে এআইএমআইএম। গত বিহার নির্বাচনেও সেই অঞ্চলে ভালো ফল করেছিল ওয়াইসির দল। পরে যদিও তাঁর অধিকাংশ বিধায়করা দলত্যাগ করেছিলেন। তবে সেই বিহার লাগোয়া দুই দিনাজপুর, মালদায় সংখ্যালঘু এলাকায় এখন থেকেই সংগঠন গোছাতে চেষ্টা করছে এআইএমআইএম। বাংলার আগের নির্বাচনেও মুসলিম ভোট পেতে ওয়াইসি ঝাঁপিয়েছিলেন এই রাজ্যে। তবে তৃণমূল কংগ্রেস আগের বিধানসভা নির্বাচনে ওয়াইসিকে অঙ্ক মেলাতে দেয়নি। তবে এবার যদি ওয়াইসির সঙ্গে হুমায়ুন কবির হাত মেলান, তখন সেই সমীকরণ তৃণমূলের মাথা ব্যথার কারণ হতে পারে।












