WB and Kolkata Weather Forecast Update: গতিমান উত্তুরে হাওয়া! ২ দিনে কলকাতায় তাপমাত্রা কমল ৫.৬ ডিগ্রি, ১৩-র পথে পুরুলিয়া
দু'দিনে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা কমল ৫.৬ ডিগ্রি সেলসিয়াস। আসলে জোলো বাতাস ঠেলে পশ্চিমবঙ্গে উত্তুরে হাওয়া গতিমান হয়ে উঠেছে। আর তার ফলে পারদ পড়তে শুরু করেছে রাজ্যের বিভিন্ন প্রান্তে। তবে এখনও শীত আসেনি।
জোলো বাতাস ঠেলে পশ্চিমবঙ্গে উত্তুরে হাওয়া গতিমান হয়ে উঠেছে। আর তার ফলে পারদ পড়তে শুরু করেছে রাজ্যের বিভিন্ন প্রান্তে। আজই (রবিবার, ৯ নভেম্বর) কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৯ ডিগ্রির ঘরে নেমে গিয়েছে। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আগামী তিন-চারদিনে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার সর্বনিম্ন তাপমাত্রা বেশ কিছুটা কমে যেতে পারে। পুরুলিয়ার সর্বনিম্ন তাপমাত্রা ঠেকতে পারে ১৩ ডিগ্রিতে।
২ দিনে কলকাতার পারদ পড়ল ৫.৬ ডিগ্রি
আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, সপ্তাহখানেক ধরে আবহাওয়া শুষ্ক আছে। আর তার ফলে কোনওরকম বাধা ছাড়াই উত্তুরে হাওয়া বইতে পারছে। সেটার কারণেই এখন সর্বনিম্ন তাপমাত্রা কমছে। শনিবার তো একধাক্কায় তিন ডিগ্রি কমে যায় তাপমাত্রা। আর রবিবার আরও পতন হয়েছে পারদের।
হাওয়া অফিসের তথ্য অনুযায়ী, শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪.৮ ডিগ্রি। যা শনিবার ২১.৬ ডিগ্রিতে ঠেকে যায়। আর রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৯.২ ডিগ্রিতে নেমে গিয়েছে। যা স্বাভাবিকের থেকে দু'ডিগ্রি কম। অর্থাৎ দু'দিনে কলকাতার তাপমাত্রা কমল ৫.৬ ডিগ্রি। আপাতত ভোরের দিকে এবং রাতের দিকে হালকা শীত-শীত ভাব থাকবে।
শীত অবশ্য এখনও আসেনি
তবে এখনও শীত এসে গিয়েছে বলা যাবে না। আবহবিদরা জানিয়েছেন, কলকাতায় এখনও শীত আসেনি। কয়েকদিন ধরে মহানগরীর সর্বনিম্ন তাপমাত্রা যদি ১৫ ডিগ্রির নীচে থাকে, তবেই সরকারিভাবে বলা যাবে যে শীত এসেছে। এমনিতে এই বছর কলকাতায় ভালোমতো বৃষ্টি হয়েছে। পরিসংখ্যান অনুযায়ী, সাধারণত যে পরিমাণ বৃষ্টি হওয়ার কথা, তার থেকে ২৯ শতাংশ বেশি বর্ষণ হয়েছে কলকাতায়। ঘূর্ণিঝড় মন্থার প্রভাবে অক্টোবেরর শেষ পর্যন্ত বৃষ্টি হয়েছে। যে ঘূর্ণিঝড় অন্ধ্রপ্রদেশ উপকূলে আছড়ে পড়েছিল।
পশ্চিমবঙ্গের কোথাও বৃষ্টি হবে?
১) আগামী শনিবার (১৫ নভেম্বর) উত্তরবঙ্গের সব জেলার (দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা) আবহাওয়া শুষ্ক থাকবে। তারইমধ্যে সোমবার সকালের দিকে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারের কয়েকটি অংশে কুয়াশা পড়বে। নেমে যাবে দৃশ্যমানতা।
২) একইভাবে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের কোনও জেলায় (কলকাতা, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া) বৃষ্টি হবে না। শুষ্ক থাকবে সব জেলার আবহাওয়া।












