Messi in Kolkata: মেসি কি শব্দব্রহ্মটা শুনতে পেয়েছেন? শুনলে নিশ্চয়ই বুঝবেন কলকাতা আজ আর্জেন্টিনা!
প্রত্যাশিতই ছিল। ঠিক সেটাই হল। লিওনেল মেসি আসতে আর্জেন্টিনায় পরিণত হল কলকাতায়। চোখ বন্ধ করে ছেড়ে দিলে কলকাতা থেকে বুয়েন আয়ার্সের সব ব্যবধান মুছে গেল।
হায়াত রেজেন্সির কোনও সুইটে বসে লিওনেল মেসি কি ওই শব্দব্রহ্মটা শুনতে পাচ্ছিলেন? ‘মেসি, মেসি’; ‘বার্সা-বার্সা’ স্লোগানে পুরো এলাকা যে গমগম করছিল, তা ফুটবলের রাজপুুত্রের কানে পৌঁছেছিল কিনা, জানা নেই। কিন্তু যদি সেটা পৌঁছে থাকে, তাহলে মেসি নিশ্চিতভাবে বুঝতে পারতেন যে বুয়েস আয়ার্স থেকে কলকাতার দূরত্ব প্রায় ১৭,০০০ কিলোমিটার হলেও আসলে ফুটবলের রাজপুত্রের জন্য আর্জেন্টিনার রাজধানী ও ‘সিটি অফ জয়’-র হৃদকম্পনটা একই তাল-লয়-সুরে হয়। ডাক্তার হয়তো হার্টরেট মাপলে শুনতে পেতেন ‘মেসি, মেসি, ওলে, ওলে’।

বিরিয়ানির মধ্যে একপিস লবঙ্গের মতো ম্যাচ
মেসিও নিশ্চিতভাবে সেটা বুঝেছেন। কথা ছিল যে যুবভারতীতে সকাল ১১ টা ১৫ মিনিট নাগাদ আসবেন। মোহনবাগান অলস্টার এবং ডায়মন্ড হারবার অলস্টারের খেলা ততক্ষণে শুরু হয়ে যাবে। যদিও সেই খেলাটা নির্ধারিত সময় শুরু হল কি হল না, তা নিয়ে যুবভারতীতে হাজির ৬০,০০০-র মতো দর্শকের কারও বিশেষ মাথাব্যথা ছিল না। তাঁরা অপেক্ষা করছেন একজনের জন্যই। তিনি লিওনেল মেসি। ম্যাচটা স্রেফ বিরিয়ানির মধ্যে একপিস লবঙ্গের মতো।
আরও পড়ুন: Messi in Kolkata: আবেগের নাম মেসি! উত্তেজনায় ফুটছে কলকাতা, শহরে সাড়ে ১২ ঘণ্টায় কী কী করবেন LM10?
মেট্রো স্টেশনে ‘মেসি, মেসি’ স্লোগান
আর সেই ভিড়টা সকাল থেকেই জড়ো হতে শুরু হয়েছিল। সকাল সাতটা নাগাদ সল্টলেক স্টেডিয়াম মেট্রো স্টেশনেই স্লোগান উঠল ‘মেসি, মেসি’ স্লোগান। যত মেট্রো স্টেশন ছেড়ে ভিড়টা বেরিয়ে আসতে শুরু করল, তত তীব্র হল শব্দটা। আর হায়াতের সামনে আসতেই শব্দের বিস্ফোরণ ঘটল। ‘মেসি, মেসি, ওলে, ওলে’ স্লোগানে পুুরোপুরি কেঁপে উঠল গোটা এলাকা।
আরও পড়ুন: Messi in Kolkata: মেসির জন্য সবকিছু- উত্তরবঙ্গ থেকে এলেন ২ তরুণ, লাল-হলুদ জার্সি পরে থাকছেন ফ্যান
বুকে একটাই নাম - লিওনেল মেসি
কারও হাতে ছিল ভারতের পতাকা। কারও হাতে আর্জেন্টিনার পতাকা। কেউ আবার বার্সেলোনার পতাকা আনেন। সঙ্গে কেউ পরেছিলেন আর্জেন্টিনার সাদা-আকাশি নীল জার্সি। কেউ আবার বার্সেলোনার জার্সি পরেছিলেন। কিন্তু প্রত্যেকের বুকে একটাই নাম ছিল - মেসি, লিওনেল মেসি, এলএম১০।












