Messi in Kolkata: মেসির জন্য সবকিছু- উত্তরবঙ্গ থেকে এলেন ২ তরুণ, লাল-হলুদ জার্সি পরে থাকছেন ফ্যান
আজ রাত ১ টা নাগাদ কলকাতায় নামছেন লিওনেলি মেসি। ১৩ ডিসেম্বর সকাল সাড়ে আটটা নাগাদ হোটেলে স্পনসরদের অনুষ্ঠান আছে। সকাল ১০ টা নাগাদ যুবভারতী ক্রীড়াঙ্গনে আসার কথা আছে মেসির। আর সেজন্য মুখিয়ে আছেন ভক্তরা।
ছোট থেকেই লিওনেল মেসির ফ্যান, আর মেসি যখন কলকাতায় আসছেন, তখন কি তাঁকে সামনে থেকে না দেখে থাকা যায় - যুবভারতী ক্রীড়াঙ্গনের গেটের সামনে দাঁড়িয়ে একরাশ উত্তেজনা নিয়ে সেই কথাগুলো এক নিঃশ্বাসে বলে ফেলেন অনির্বাণ গঙ্গোপাধ্যায়। পাশ থেকে সম্মতি জানালেন পুণ্যব্রত ঘোষও। দু'জনেরই চোখেমুখে নেই একটুও ক্লান্তির ছাপ। অথচ উত্তরবঙ্গ থেকে সকালে পৌঁছেছেন কলকাতায়। তারপর ছুটে এসেছেন ‘মেসির GOAT’ সফরের টিকিট নিতে। আর এখন অপেক্ষা করছেন সেই মাহেন্দ্রক্ষণের। কখন মেসি আসবেন যুবভারতীতে। কখন নিজেদের চোখে দেখবেন নিজেদের স্বপ্নের ফুটবলারকে।

আর শুধু অনির্বাণ বা পুণ্যব্রত নন, যুবভারতীর গেটে এরকম অনেককেই দেখা গেল, যাঁরা একেবারে ট্রলি, ব্যাগপত্তর নিয়ে এসেছেন। স্রেফ মেসিকে দেখবেন বলে অনেকটা পথ উজিয়ে এসে স্টেশন বা এয়ারপোর্টে নেমেছেন, সেখান থেকে সোজা চলে এসেছেন যুবভারতীতে। সেই মুখগুলোর একটাই প্রশ্ন - ‘মেসিকে কতটা কাছ থেকে দেখতে পাব?’
মেসির কতটা কাছ থেকে দেখতে পাবেন, সেটা শনিবার বোঝা যাবে। কিন্তু শনিবার যে যুবভারতী পুরো সাদা-আকাশিতে ঢেকে যাবে, তা নিয়ে কোনও সন্দেহ নেই। অনলাইন টিকিটের হার্ডকপি নিতে এসে প্রায় সকলেই মেসির জার্সি কিনছেন। বেশিরভাগই মেসির আর্জেন্টিনার জার্সি কিনছেন। কেউ-কেউ আবার আর্জেন্টিনার সাদা-আকাশি এবং মোহনবাগানের সবুজ-মেরুন বা ইস্টবেঙ্গলের লাল-হলুদের মিশ্রণের জার্সিও কিনছেন। ওই জার্সিগুলোর একপাশে আর্জেন্টিনার সাদা-আকাশি রং। অপর পাশে সবুজ-মেরুন বা লাল-হলুদ রয়েছে। আর জার্সির পিছনে একটাই নাম - মেসি।
সেরকমই কয়েকটি জার্সি কিনলেন উত্তর ২৪ পরগনার ব্যারাকপুরের কৌশিক দত্ত। শনিবার মেসিকে দেখতে সপরিবারে আসবেন যুবভারতীতে। তার আগে স্ত্রী, ছেলে ও মেয়ের পাশাপাশি নিজের জন্য লাল-হলুদ জার্সি কিনে নিয়েছেন। মেসির সামনে ইস্টবেঙ্গল না খেলায় কিছুটা আক্ষেপ থাকলেও শতাব্দীপ্রাচীন ক্লাবের সমর্থক হিসেবে লাল-হলুদের প্রতিনিধি হয়ে হাজির থাকবেন ফুটবলের রাজপুত্রকে দেখতে।
কলকাতায় মেসির সফরসূচি
১) আজ রাত ১ টা নাগাদ কলকাতায় নামছেন মেসি।
২) ১৩ ডিসেম্বর সকাল সাড়ে আটটা নাগাদ হোটেলে স্পনসরদের অনুষ্ঠান আছে।
৩) সকাল ১০ টা নাগাদ যুবভারতী ক্রীড়াঙ্গনে আসার কথা আছে মেসির। যুবভারতীতে মোহনবাগান 'মেসি' অলস্টার বনাম ডায়মন্ড হারবার 'অলস্টার' ম্যাচ। সেই ম্যাচ দেখবেন। যুবভারতীতে আসার কথা আছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। আসবেন শাহরুখ খান।
৪) তারপর লেকটাউনে মেসির ৭০ ফুটের মূর্তির উন্মোচন করা হবে।
৫) দুপুরে হায়দরাবাদের উদ্দেশে রওনা দেবে মেসির বিমান।












