দিয়েগো মারাদোনাকে সামনে থেকে দেখেছেন। আর এবার লিওনেল মেসিকে নিজের চোখে দেখার জন্য একা-একাই আসানসোল থেকে যুবভারতীতে চলে এলেন ৪৮ বছরের সীতারাম মুখোপাধ্যায়। শুক্রবার সকালেই আসানসোল থেকে কলকাতায় এসেছেন। সটান চলে আসেন যুবভারতী ক্রীড়াঙ্গনে। আর সেখান থেকেই টিকিটের হার্ডকপি সংগ্রহ করেছেন। আসানসোলের প্রৌঢ় জানিয়েছেন, ছোটবেলা থেকেই খেলাধুলো ভালোবাসেন। ১৯৮৭ সালের বিশ্বকাপ দেখেছেন। ২০২৩ সালের বিশ্বকাপও খেলতে গিয়েছিলেন। কিন্তু ১৪ বছর আগে যখন মেসি কলকাতায় এসেছিলেন, তখন দেখা হয়নি আর্জেন্টিনার তারকাকে। আর এবার সেই সুযোগ হাতছাড়া করতে চান না। বিশেষত প্রিয় দল মোহনবাগান মেসির সামনে বিশেষ প্রদর্শনী ম্যাচ খেলায় গর্বে বুকটা ফুলে উঠেছে আরও। কিন্তু মোহনবাগানের সঙ্গে ইস্টবেঙ্গলের খেলা না হওয়ায় কিছুটা হতাশও হয়েছেন। তবে আপাতত যাবতীয় ফোকাস করছেন মেসির দিকে। মেসিকে নিজের চোখের দেখার দিকে।
মেসির অপেক্ষায় কলকাতা।
একই স্বপ্ন নিয়ে ‘মেসি GOAT ট্যুর’-র ঘোষণা হতেই টিকিট কেটে নেন দক্ষিণ কলকাতার কসবার দুই বন্ধু। পরিবারের দুই খুদে সদস্যকে নিয়ে তাঁরা আসবেন। তাদের জন্যও আর্জেন্টিনার জার্সি কিনে নিয়ে যাওয়ার সময় দুই বন্ধু জানান, ২০১১ সালে মেসি যখন এসেছিলেন, তখন যুবভারতীতে যাওয়ার সুযোগ হয়নি। তবে মেসির সঙ্গে দেখা হয়েছিল হোটেলে। এবার মেসির সবথেকে প্রিয় জায়গায় ফুটবলের রাজপুত্রকে দেখতে মুখিয়ে আছেন তাঁরা।
আর তাঁদের মতো স্বপ্ন দেখছেন, উত্তেজনায় ফুটছেন আরও অসংখ্য মানুষ। মেসি না খেললেও যুবভারতীতে ‘LM10’-কে একবার দেখার অপেক্ষায় আছেন সকলেই। আপাতত যা সূচি, তাতে কলকাতায় সাড়ে ১২ ঘণ্টা মতো থাকবেন মেসি। রাত দেড়টা নাগাদ নামবেন। আর দুপুর দুটোয় হায়দরাবাদের উদ্দেশে রওনা দেবেন।
কলকাতায় লিওনেলি মেসির সফরসূচি
১) আজ রাত ১ টা ৩০ মিনিট নাগাদ কলকাতায় নামছেন মেসি।
২) ১৩ ডিসেম্বর সকাল সাড়ে ন'টা নাগাদ হোটেলে স্পনসরদের অনুষ্ঠান আছে।
৩) সকাল ১১ টা নাগাদ যুবভারতী ক্রীড়াঙ্গনে আসার কথা আছে মেসির। যুবভারতীতে মোহনবাগান 'মেসি' অলস্টার বনাম ডায়মন্ড হারবার 'অলস্টার' ম্যাচ। সেই ম্যাচ দেখবেন। যুবভারতীতে আসার কথা আছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। আসবেন শাহরুখ খান।
৪) তারইমধ্যে লেকটাউনে মেসির ৭০ ফুটের মূর্তির উন্মোচন করা হবে। লেকটাউনে যাবেন না। ভার্চুয়ালি উদ্বোধন করবেন।