৬ ডিসেম্বর সংহতি দিবস উপলক্ষে 'মিলেমিশে থাকার' বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। আজ মুর্শিদাবাদের বেলডাঙায় একদিকে বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করছেন। অপরদিকে আবার বিজেপির তরফ থেকে পালন করা হচ্ছে শৌর্য দিবস। এই আবহে সোশ্যাল মিডিয়ার এক বার্তায় মমতা লেখেন, 'একতাই শক্তি। আমি সকলকে ‘সংহতি দিবস’/ ‘সম্প্রীতি দিবস’ উপলক্ষে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। বাংলার মাটি একতার মাটি। এই মাটি রবীন্দ্রনাথের মাটি, নজরুলের মাটি, রামকৃষ্ণ-বিবেকানন্দের মাটি— এই মাটি কখনও মাথা নত করেনি বিভেদের কাছে, আগামীদিনেও করবে না।'
এরপর নিজের বার্তায় মমতা আরও লেখেন, 'হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ - বাংলায় সকলে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে চলতে জানি। আনন্দ আমরা ভাগ করে নিই। কারণ আমরা বিশ্বাস করি ধর্ম যার যার, কিন্তু উৎসব সবার। যারা সাম্প্রদায়িকতার আগুন জ্বালিয়ে দেশকে ধ্বংস করার খেলায় মেতেছে, তাদের বিরুদ্ধে আমাদের লড়াই জারি থাকবে। সকলে শান্তি ও সম্প্রীতি বজায় রাখুন।'
এর আগে গত বৃহস্পতিবার বহরমপুরে নিজের জনসভা থেকে মুখ্যমন্ত্রী হুমায়ুন কবিরের নাম না নিয়েই বলেছিলেন, 'নতুন করে মুর্শিদাবাদে দাঙ্গা বাঁধানোর চেষ্টা হচ্ছে। তারপর এএনআই-এর হাতে কেস তুলে দিতে চাইছে। আমাদেরও কেউ কেউ টাকা খেয়ে ইলেকশনের আগে বিজেপির তাঁবেদারি করে। এরা দেশের শত্রু। নির্বাচনের দু’মাস আগে যারা বিজেপির পাল্লায় পড়ে এসব কাজ করে তারা দেশের শত্রু।' তিনি আরও বলেছিলেন, 'কিছু পোকা-মাকড় থাকবেই, তারাও তো প্রকৃতির জীব। ওদের সরিয়ে দিয়ে নিজের কাজটা করুন। বিশ্বাস আছে তো? মুর্শিদাবাদে দাঙ্গা হতে দেবেন না। মনে রাখবেন, আমি আপনাদের পাহারাদার। আপনার নিরাপত্তার দায়িত্ব আমার। কোনও প্ররোচনায় পা দেবেন না। অনেকে নির্দল হিসেবে ভোটে দাঁড়িয়ে বিজেপির সুবিধা করে দিতে চাই। এই নির্দল, ফির্দলদের একটি ভোটও দেবেন না।' মমতার আজকের সোশ্যাল মিডিয়া বার্তাতেও বহরমপুরের সভার সেই বক্তব্যের রেশ ছিল।