'সংসদের বাইরে সিগারেট...,' সুখটান বিতর্কে উত্তাল সংসদ, বিস্ফোরক তৃণমূল সাংসদ

সংসদে লোকসভার অধিবেশন চলাকালীনই বিজেপি সাংসদ অনুরাগ ঠাকুর স্পিকার ওম বিড়লার কাছে অভিযোগ করেন যে একজন তৃণমূল সাংসদ নিয়ম লঙ্ঘন করে ই-সিগারেট সেবন করছেন, যেখানে দেশজুড়ে নিষিদ্ধ ই-সিগারেট।

Published on: Dec 12, 2025 3:24 PM IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

লোকসভার অন্দরে তৃণমূল কংগ্রেসের এক সাংসদের ই-সিগারেট খাওয়ার অভিযোগ ঘিরে তুলকালাম। বিজেপি সাংসদ অনুরাগ ঠাকুর এই অভিযোগ তুলে স্পিকার ওম বিড়লাকে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছেন। এই অভিযোগ ওঠার কয়েক ঘণ্টা পরই সংসদ ভবনের বাইরে মকর দ্বারের সামনে তৃণমূল সাংসদ সৌগত রায়কে ধূমপান করতে দেখা যায়। সেই ভিডিও প্রকাশ্যে আসতে শোরগোল পড়ে যায়। আর তাঁকে সিগারেট খেতে দেখেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি সাংসদ গিরিরাজ সিং। এদিকে সৌগত রায় বলেন, 'সংসদের অন্দরে ধূমপান নিষিদ্ধ। সংসদের বাইরে, খোলা জায়গায় সিগারেট খাওয়া নিষিদ্ধ নয়।'

সুখটান বিতর্কে উত্তাল সংসদ (PTI)
সুখটান বিতর্কে উত্তাল সংসদ (PTI)

অধিবেশনের ব্রেকের সময় বর্ষীয়ান তৃণমূল সাংসদ সৌগত রায়কে ধূমপান করতে দেখা যায় মকর দ্বারের সামনে। তখন কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং তাঁকে দেখে হাত ধরেন। গিরিরাজের সঙ্গে ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াতও। পরে সৌগত রায় সাংবাদিকদের কাছে স্পষ্ট করে বলেন, 'সংসদের ভিতরে আমি ই-সিগারেট ব্যবহার করিনি। কে খেয়েছে তা আমি বলতে পারব না। সংসদের অন্দরে ধূমপান নিষিদ্ধ। সংসদের বাইরে, খোলা জায়গায় সিগারেট খাওয়া নিষিদ্ধ নয়। বিজেপি অভিযোগ করছে, এদিকে বিজেপি সরকারের সময়েই দিল্লিতে সবথেকে বেশি দূষণ। একটা সিগারেটে দূষণ বেড়ে যাবে না। ওরা দূষণ কমানোর চেষ্টা করুক।' এদিকে, এই বিতর্কে ঘৃণাহুতি করেছেন তৃণমূল কংগ্রেসের আরেক সাংসদ কীর্তি আজাদ। তিনি বলেছেন, শতাধিক সাংসদ পার্লামেন্ট চত্বরে দাঁড়িয়ে ধূমপান করেন।

অনুরাগ ঠাকুরের অভিযোগ

বৃহস্পতিবার সংসদে লোকসভার অধিবেশন চলাকালীনই বিজেপি সাংসদ অনুরাগ ঠাকুর লোকসভার স্পিকার ওম বিড়লার কাছে অভিযোগ করেন যে একজন তৃণমূল সাংসদ নিয়ম লঙ্ঘন করে ই-সিগারেট সেবন করছেন, যেখানে দেশজুড়ে নিষিদ্ধ ই-সিগারেট। এবার তৃণমূলের ওই সাংসদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর। শুক্রবার লোকসভার স্পিকার ওম বিড়লার কাছে দুই পাতার লিখিত অভিযোগপত্র জমা দেন তিনি। সেই অভিযোগপত্রে তৃণমূল সাংসদের নাম না উল্লেখ করেই তিনি লিখেছেন যে সংসদের অন্দরে ওই সাংসদকে ই-সিগারেটে সুখটান দিতে দেখা গিয়েছে। একাধিক সাংসদ এই বিষয়টি লক্ষ্য করেছেন। দেশে ই-সিগারেট নিষিদ্ধ। উৎপাদন, আমদানি, রফতানি থেকে শুরু করে বিক্রি বা বিজ্ঞাপন, সবই নিষিদ্ধ। এর আগে সংসদে বক্তব্য রাখার সময় অনুরাগ ঠাকুর প্রশ্ন করেন, 'সারা দেশে ই-সিগারেট নিষিদ্ধ। সংসদের ভিতরে কী কোনও সাংসদ এটি ব্যবহার করতে পারবে?' স্পিকার এ প্রসঙ্গে স্পষ্টভাবে বলেন, 'কোনও সাংসদকেই সংসদের অন্দরে ধূমপানের অনুমতি দেওয়া হয়নি। কোনও নিয়ম বা নজির নেই। যদি এমন ঘটনা ঘটে, যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।' এছাড়াও স্পিকার সংসদের সিসিটিভি ফুটেজ তলব করেছেন।