সরকারি বাসে সস্তায় দিঘা! বর্ধমান থেকে ছাড়বে, হুগলির কোথায় দাঁড়াবে? ভাড়া কত?

একদিকে দিঘা যাওয়া আরও সহজ হয়ে গেল। সেই সঙ্গেই ভাড়াও সাধ্যের মধ্য়ে।

Published on: Jun 08, 2025 3:09 PM IST
By
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

দিঘা যাওয়ার পরিকল্পনা নিচ্ছেন অনেকেই। দিঘার জগন্নাথ মন্দির দর্শনের জন্য উৎসাহ একেবারে তুঙ্গে। রথেও এবার দিঘা যেতে চাইছেন অনেকেই। তবে এবার দিঘা যাওয়া আরও সহজ। একদিকে যেমন এনবিএসটিসি উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে দিঘাগামী বাস ছাড়ার পরিকল্পনা নিয়েছে। তেমনি এসবিএসটিসিও দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকা থেকে দিঘাগামী বাস ছাড়ার পরিকল্পনা নিয়েছে।

দিঘার জগন্নাথধাম
দিঘার জগন্নাথধাম

এবার বর্ধমানের মেমারি থেকে দিঘাগামী বাস ছাড়ছে এসবিএসটিসি। তবে এই বাসটি হুগলির বিভিন্ন এলাকাকে ছুঁয়ে যাবে। এর জেরে বর্ধমানের পাশের জেলা হুগলির বাসিন্দারাও উপকৃত হবেন।

এতদিন ধরে দিঘা যেতে গেলে হুগলির বাসিন্দারা হাওড়ায় এসে ট্রেন ধরতেন। অথবা ধর্মতলায় যেতেন। সেখান থেকে দিঘাগামী বাসে চাপতেন। তবে এবার একেবারে মেমারি থেকে বাস যাবে দিঘায়। আর সেটা যাবে হুগলির বিভিন্ন এলাকার উপর দিয়ে।

সূত্রের খবর মেমারি থেকে এসবিএসটিসির দিঘাগামী যে বাস সেটা হুগলির বৈঁচি, পান্ডুয়া ও মগরার উপর দিয়ে যাবে। সেক্ষেত্রে বৈঁচি, পান্ডুয়া ও মগরায় দিঘাগামী বাসের স্টপেজ থাকবে। সেখান থেকেই এই বাসে উঠতে পারবেন বাসিন্দারা।

মেমারি থেকে দিঘা যাওয়ার জন্য ভাড়া করা হয়েছে মাত্র ২০৯ টাকা। হুগলির বড়পাড়া, মগরা থেকে মাত্র ১৮০ টাকার টিকিট কেটেই এই বাসে চেপে যাওয়া যাবে সোজা দিঘায়। এর মাধ্যমে আগের তুলনায় খরচও কমবে, দিঘা যাওয়া আরও সহজতর হবে। মেমারি থেকে সকাল ৬টায় ছাড়বে এই বাস। ১২টার মধ্যে দিঘায়। মাঝে রাস্তায় ৪৫ মিনিটের বিরতি।

ইতিমধ্য়েই রাজ্যের পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী জানিয়েছেন, মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় দিঘায় জগন্নাথ মন্দির তৈরি করেছেন। শুধু রাজ্যের নয়, রাজ্যের বাইরের বহু মানুষের মধ্যেই সাড়া ফেলে দিয়েছে এই জগন্নাথ মন্দির। হাজার হাজার ভক্ত আসছেন এই মন্দিরে। উত্তরবঙ্গ থেকে ইতিমধ্যেই ৬টি ভলভো বাস চালু করা হয়েছে। এবার দক্ষিণবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে এসবিএসটিসি এই বাস পরিষেবা চালু করেছে।

হুগলি জেলা পরিষদের সদস্য মানস মজুমদার জানিয়েছেন, বর্ধমান ও হুগলির বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি ছিল দিঘা পর্যন্ত বাস চালু করা। মেমারি থেকে এই বাস পরিষেবা চালু হয়েছে। হুগলির বৈঁচি, পান্ডুয়া, মগরায় এই বাস দাঁড়াবে। যাতে সহজেই মানুষ দিঘায় পৌঁছতে পারেন সেকারণে এই ব্যবস্থা করা হয়েছে।

একদিকে দিঘা যাওয়া আরও সহজ হয়ে গেল। সেই সঙ্গেই ভাড়াও সাধ্যের মধ্য়ে।