WB Winter Forecast till 17th December: ১০ ডিগ্রির ঘরে বাংলার অনেক জেলার পারদ! কলকাতায় কাঁপুনি বাড়ল, তুষারপাত কবে হবে?
আজ পশ্চিমবঙ্গের একাধিক জেলার তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের ধরে নেমে গেল। পারদ পড়েছে কলকাতারও। আগামী কয়েকদিন উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে? শীত কি আরও জাঁকিয়ে পড়বে? কী বলছে আবহাওয়া দফতর?
বৃহস্পতিবার পশ্চিমবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রা ঠেকল ৪.৫ ডিগ্রি সেলসিয়াসে। স্বভাবতই দার্জিলিঙের তাপমাত্রা সেই স্তরে নেমে গিয়েছে। তাছাড়া উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের সমতলেও শীতের আমেজ বজায় থাকল। দক্ষিণবঙ্গের মধ্যে শুধুমাত্র শ্রীনিকেতনে সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রির ঘরে আছে। আর উত্তরবঙ্গের আলিপুরদুয়ার (১০ ডিগ্রি), কোচবিহার (১০.১ ডিগ্রি), পুণ্ডিবাড়ি (১০.৭ ডিগ্রি) এবং কালিম্পঙের (১০ ডিগ্রি) সর্বনিম্ন তাপমাত্রা ১০-র ঘরে থাকল। জলপাইগুড়িতে পারদ নেমে গিয়েছে ১১.৬ ডিগ্রিতে। তারইমধ্যে আবহবিদরা মনে করছেন যে ২৫ ডিসেম্বরের আশপাশে দার্জিলিঙে তুষারপাতের সম্ভাবনা আছে।

পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তের তাপমাত্রার ইতিবৃত্ত
১) আজ রাজ্যের সর্বনিম্ন তাপমাত্রা নথিভুক্ত হয়েছে দার্জিলিঙে। সর্বনিম্ন তাপমাত্রা হল ৪.৫ ডিগ্রি সেলসিয়াস।
২) আজ দক্ষিণবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রা নথিভুক্ত হয়েছে শ্রীনিকেতনে। সেখানে সর্বনিম্ন তাপমাত্রা হল ১০.৪ ডিগ্রি সেলসিয়াস।
৩) উত্তরবঙ্গের সমতলে সবথেকে ঠান্ডা পড়েছে আলিপুরদুয়ারে। সেখানে সর্বনিম্ন তাপমাত্রা হল ১০ ডিগ্রি।
৪) কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা হল ১৫.২ ডিগ্রি। যা স্বাভাবিকের থেকে ১.৪ ডিগ্রি কম। গতকাল কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.৮ ডিগ্রি।
৫) আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আজ সকালের দিকে দুর্গাপুরে মাঝারি মানের কুয়াশা ছিল।
আগামী এক সপ্তাহ পশ্চিমবঙ্গের আবহাওয়া কেমন থাকবে?
১) বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার এবং বুধবার উত্তরবঙ্গের প্রতিটি জেলার (দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা) আবহাওয়া শুষ্ক থাকবে।
২) আগামী বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গের কোনও জেলায় (কলকাতা, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া) বৃষ্টি হবে না।
৩) আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আগামী সাতদিন উত্তরবঙ্গ বা দক্ষিণবঙ্গের কোনও জেলার সর্বনিম্ন তাপমাত্রা সেরকম কোনও পরিবর্তন হবে না। এখনের মতোই আবহাওয়া থাকবে। অর্থাৎ শীতের আমেজ থাকবে রাজ্যে।
কোন কোন জেলায় কুয়াশা থাকবে?
১) শুক্রবার সকালের দিকে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারের একটি বা দুটি অংশে হালকা থেকে মাঝারি কুয়াশা পড়বে। বাকি তিনটি জেলায় কুয়াশা থাকবে না।
২) আপাতত দক্ষিণবঙ্গের কোনও জেলায় কুয়াশার পূর্বাভাস দেওয়া হয়নি।












