Shah on WB Election 2026: 'এসআইআরের বিরোধিতা করলে বাংলায় সাফ হয়ে যাবে', হুংকার শাহের!
এসআইআরের বিরোধিতা করলে পশ্চিমবঙ্গ এবং তামিলনাড়ুতে সাফ হয়ে যেতে হবে। হুংকার অমিত শাহের। বুধবার লোকসভায় শাহ ভোটার তালিকায় বিশেষ নিবিড় সমীক্ষার (এসআইআর) পক্ষে সওয়াল করেন। তিনি বলেন, 'এসআইআরের বিরোধিতা করলে তো বিহারের মতো বাংলা এবং তামিলনাড়ুতেও সাফ হয়ে যাবে।’
এসআইআরের বিরোধিতা করলে পশ্চিমবঙ্গ এবং তামিলনাড়ুতে সাফ হয়ে যেতে হবে। হুংকার দিয়ে বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বুধবার লোকসভায় শাহ ভোটার তালিকায় বিশেষ নিবিড় সমীক্ষার (এসআইআর) পক্ষে সওয়াল করেন। তিনি দাবি করেন, দেশের প্রকৃত নাগরিকরাই যাতে ভোট দেন এবং লোকসভা বা বিধানসভার সদস্য বেছে নেন, সেটার জন্যই ভোটার তালিকায় সংশোধন করা হয়। আর প্রথমবার এসআইআর হচ্ছে না। অতীতে একাধিকবার হয়েছে। আর সেই রেশ ধরে তিনি বলেন, ‘আমি এখনও বলতে চাই, এসআইআরের বিরোধিতা করলে তো বিহারের মতো বাংলা এবং তামিলনাড়ুতেও সাফ হয়ে যাবে।’
এসআইআরের বিরোধিতা করলে পশ্চিমবঙ্গ এবং তামিলনাড়ুতে সাফ হয়ে যেতে হবে। হুংকার অমিত শাহের। (ছবি সৌজন্যে পিটিআই)
কী কী কারণে বিজেপি জিতছে? বললেন শাহ
শাহ দাবি করেন, ‘ভোটচুরির’ যে অভিযোগ তোলা হচ্ছে, সেরকম কোনও বিষয়ই নেই। বিজেপি জিতছে, কারণ বিজেপি কাজ করেছে। তাঁর কথায়, ‘আপনারা সার্জিক্যাল স্ট্রাইকের বিরোধিতা করেছেন, তাই আমরা জিতেছি। আপনারা এয়ার স্ট্রাইকের বিরোধিতা করেছেন, সেজন্য আমরা জিতেছি। আপনারা সংবিধানের ৩৭০ ধারা রদের বিরোধিতা করেছেন, সেজন্য আমরা জিতেছি।'
সেইসঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, 'আপনারা রাম মন্দির তৈরি করার বিরোধিতা করেছেন, সেজন্য আমরা জিতেছি। আপনারা অনুপ্রবেশকারীদের হটানোর বিরোধিতা করেছেন, সেজন্য আমরা জিতেছি। আপনারা নাগরিকত্ব সংশোধনী আইনের বিরোধিতা করেছেন, সেজন্য আমরা জিতেছি। আপনারা তিন তালাক সরানোর বিরোধিতা করেছেন, সেজন্য আমরা জিতেছি। আর এখন আপনারা এক দেশ, এক নির্বাচনের বিরোধিতা করছেন, তাই আমরা ফের জিতব।’
পশ্চিমবঙ্গেও সাফ হয়ে যাবেন, তোপ শাহের
সেইসময় এক সাংসদ কিছু বলতে থাকেন। তাঁকে উদ্দেশ্য করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন যে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সমীক্ষার বিরোধিতা করলে পশ্চিমবঙ্গ এবং তামিলনাড়ুতেও সাফ হয়ে যেতে হবে। যে দুটি রাজ্যে আর তিন মাস পরেই বিধানসভা নির্বাচন আছে।
এসআইআর নিয়ে মমতা
উল্লেখ্য, দিনকয়েক আগেই এসআইআর নিয়ে আবারও মুখ খুলেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপধ্যায়। সোমবার কোচবিহারের প্রশাসনিক সভা থেকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী দাবি করেন, রাজ্যের উন্নয়নমূলক কাজ থমকে দিতে ইচ্ছাকৃতভাবে এই সময় ভোটার তালিকায় বিশেষ নিবিড় সমীক্ষা (এসআইআর) করা হচ্ছে। এসআইআরে যুক্ত রাজ্য সরকারি কর্মচারীদের যে 'প্রবল চাপের' মধ্যে কাজ করতে হচ্ছে, তা নিয়ে সহমর্মিতা প্রকাশ করে মুখ্যমন্ত্রী আর্জি জানিয়েছেন যে উন্নয়নমূলক প্রকল্পের কাজও যেন থমকে না থাকে, সে বিষয়টা নিশ্চিত করতে হবে।
News/Bengal/Shah On WB Election 2026: 'এসআইআরের বিরোধিতা করলে বাংলায় সাফ হয়ে যাবে', হুংকার শাহের!