WB 7th Pay Commission: '৩১ ডিসেম্বরের মধ্যেই সপ্তম বেতন কমিশন গঠন করতে হবে', ভোটের আগে চাপে রাজ্য সরকার
‘৩১ ডিসেম্বরের মধ্যেই সপ্তম বেতন কমিশন গঠন করতে হবে’ - বিধানসভা নির্বাচনের কয়েক মাস আগে চাপ বাড়ল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের উপরে। আপাতত পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীরা আছেন ষষ্ঠ বেতন কমিশনের আওতায়।
পশ্চিমবঙ্গে সপ্তম বেতন কমিশন কবে গঠন করা হবে? সেই উত্তর খুঁজছেন রাজ্যের সরকারি কর্মচারীরা। ইতিমধ্যে কেন্দ্রীয় সরকার অষ্টম বেতন কমিশনের ঘোষণা করে দিয়েছে। কমিশনে কারা কারা আছেন, তাও ঘোষণা করে দিয়েছে কেন্দ্রীয় সরকার। কিন্তু রাজ্য সরকার সেই পথে হাঁটেনি। অষ্টম বেতন কমিশন তো দূরের ব্যাপার, সপ্তম বেতন কমিশনের বিষয়েও উচ্চবাচ্য করেনি। একাংশের আবার ধারণা, বিধানসভা ভোটের আগে বাজেটে সেই বিষয়ে ঘোষণা হতে পারে। সেই জল্পনার মধ্যেই রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠন ইউনিটি ফোরামের আহ্বায়ক দেবপ্রসাদ হালদার হুঁশিয়ারি দিয়েছেন, ‘৩১ ডিসেম্বরের মধ্যে রাজ্যকে সপ্তম পে কমিশন গঠন করতেই হবে। নইলে ইউনিটি ফোরাম হাইকোর্টে মামলা করবে।’ যদিও বিষয়টি নিয়ে রাজ্য সরকারের তরফে আপাতত কোনও মন্তব্য করা হয়নি।

পশ্চিমবঙ্গের কর্মীরা এখনও ষষ্ঠ বেতন কমিশনের আওতায় আছেন
এমনিতে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীরা এখন ষষ্ঠ বেতন কমিশনের আওতায় আছে। যা খাতায়কলমে ২০১৬ সালে গঠিত হয়েছিল। তবে ষষ্ঠ বেতন কমিশনের সুপারিশ কার্যকর হয়েছে। আর আপাতত রাজ্য সরকারি কর্মচারীরা ১৮ শতাংশ হারে মহার্ঘ ভাতা পাচ্ছেন। সেখানে কেন্দ্রীয় সরকারি কর্মচারী সপ্তম বেতন কমিশনের আওতায় আছেন। তাঁরা অপেক্ষা করে বসে আছেন অষ্টম বেতন কমিশনের জন্য।
অষ্টম বেতন কমিশনের অপেক্ষায় কেন্দ্রীয় সরকারি কর্মীরা
সেই রেশ ধরে সোমবার কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়েছে, বর্তমানে দেশে মোট ৫০.১৪ লাখ কেন্দ্রীয় সরকারী কর্মচারী কাজ করছেন। আছেন প্রায় ৬৯ লাখ পেনশনভোগী। যাঁরা অষ্টম বেতন কমিশন বাস্তবায়নের ফলে উপকৃত হবেন। লোকসভায় এক প্রশ্নের লিখিত জবাবে এই তথ্য জানিয়েছেন অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী। অষ্টম বেতন কমিশন বাস্তবায়নের তারিখ, টার্মস অফ রেফারেন্স (টিওআর), বাজেটে তহবিল বরাদ্দ এবং সরকারের প্রস্তুতি সম্পর্কে কয়েকটি প্রশ্ন জিজ্ঞাসা করেছিলেন সাংসদরা।
তার জবাবে মন্ত্রী স্পষ্ট করে দিয়েছেন যে অষ্টম বেতন কমিশন গঠনের ১৮ মাসের মধ্যে সুপারিশ জমা পড়বে। আর সেইমতো অষ্টম বেতন কমিশন কার্যকর করার দিনক্ষণ নিয়ে সরকার সিদ্ধান্ত নেবে। ২০২৬ সালের ১ জানুযারি থেকেই অষ্টম বেতন কমিশন কার্যকর হবে কিনা, সে বিষয়ে সরকার এখনও চূড়ান্ত কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি।
উল্লেখ্য, গত ২৬ অক্টোবর অষ্টম বেতন কমিশনের 'টার্ম অফ রেফারেন্স'-এ (টিওআর) অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। সেইসঙ্গে অষ্টম বেতন কমিশনে কারা কারা থাকছেন, দীর্ঘ প্রতীক্ষার সেটাও ঘোষণা করে দেওয়া হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন মন্ত্রিসভার বৈঠকের পরে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, অষ্টম বেতন কমিশনের নেতৃত্ব দেবেন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি রঞ্জনা প্রকাশ দেশাই। সেইসঙ্গে পূর্ণ সময়ের সদস্য হিসেবে থাকছেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম সচিব পঙ্কজ জৈন। আর আংশিক সময়ের সদস্য হিসেবে অষ্টম বেতন কমিশনে থাকছেন আইআইএম বেঙ্গালুরুর অধ্যাপক পুলক ঘোষ।












