WB Waqf Property Digitisation: পোর্টালে ওয়াকফ সম্পত্তির তথ্য আপলোড করার শেষ তারিখ আজ, বাংলায় কাজ হয়েছে মাত্র...

পশ্চিমবঙ্গে মোট ৮০ হাজার ৪৮০টি ওয়াকফ সম্পত্তি রয়েছে। তৃণমূল সরকার বেশ কয়েক মাস ধরে ওয়াকফ সংশোধনী আইন কার্যকর করতে অস্বীকার করেছিল, পরে প্রশাসন আপলোড শুরু করে। এই নিয়ে অবশ্য রাজ্যে রাজনৈতিক তরজা তুঙ্গে। তবে কাজ শুরু হলেও তা কতদূর হয়েছে?

Published on: Dec 05, 2025 8:02 AM IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

সারা দেশে ছড়িয়ে থাকা প্রায় ৮.৮ লক্ষ ওয়াকফ সম্পত্তির ডিজিটাল রেকর্ড তৈরি করার লক্ষ্যে কেন্দ্রীয় সরকার গত ৬ জুন চালু করেছিল 'উম্মিদ' পোর্টাল। সেই পোর্টালে নিবন্ধনের প্রক্রিয়া অবশ্য চলেছে ধীর গতিতে। এদিকে ওয়াকফ সম্পত্তি আপলোড করার শেষ তারিখ আজ। তা সত্ত্বেও উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ, কর্ণাটক এবং তামিলনাড়ুর মতো রাজ্যগুলিতে মাত্র ১০ থেকে ৩৫ শতাংশ ওয়াকফ সম্পত্তি পোর্টালে নিবন্ধিত হয়েছে। তুলনামূলকভাবে পঞ্জাবে সবচেয়ে বেশি হারে ওয়াকফ সম্পত্তি ডিজিটালি নিবন্ধিত হয়েছে। সেই রাজ্যের প্রায় ৮০ শতাংশ ওয়াকফ সম্পত্তি সম্পর্কিত রেকর্ড আপলোড করা হয়েছে উম্মিদ পোর্টালে। তবে পাঞ্জাবে ওয়াকফ সম্পত্তির পরিবর্তে ওয়াকফ এস্টেটগুলি নথিভুক্ত করা হচ্ছে। অর্থাৎ, একটি এস্টেটে একাধিক সম্পত্তি অন্তর্ভুক্ত থাকতে পারে, তাই প্রক্রিয়াটি তুলনামূলকভাবে সহজ ছিল।

পশ্চিমবঙ্গে মোট ৮০ হাজার ৪৮০টি ওয়াকফ সম্পত্তি রয়েছে
পশ্চিমবঙ্গে মোট ৮০ হাজার ৪৮০টি ওয়াকফ সম্পত্তি রয়েছে

ইন্ডিয়ান এক্সপ্রেসের রিপোর্ট অনুযায়ী, উত্তরপ্রদেশে মাত্র ৩৫% ওয়াকফ সম্পত্তির তথ্য উম্মিদ পোর্টালে আপলোড করা হয়েছে। উল্লেখ্য, দেশের মধ্যে উত্তরপ্রদেশেই রয়েছে সবচেয়ে বেশি সংখ্যক ওয়াকফ সম্পত্তি। সেই রাজ্যে ওয়াকফ সম্পত্তির সংখ্যা মোট ১.৪ লক্ষ। এই আবহে সুন্নি ওয়াকফ বোর্ডের অধীনে থাকা ১.২৬ লক্ষ সম্পত্তির মধ্যে মাত্র ৩৬ শতাংশ (৪৫,৫৭৪) সম্পত্তি আপলোড করা হয়েছে এবং শিয়া ওয়াকফ বোর্ডের ১৫,৩৮৬ সম্পত্তির মধ্যে ১৮.৯% (২৯০৯) আপলোড করা হয়েছে পোর্টালে। প্রতিবেদন অনুসারে, কর্মকর্তারা বলছেন যে অনেক সম্পত্তি শতাব্দী প্রাচীন, মূল নথি পাওয়া যায়নি। উত্তরপ্রদেশ ছাড়া বিহারই একমাত্র রাজ্য যেখানে সুন্নি ও শিয়া বোর্ড আলাদা, বাকি সব রাজ্যে একই ওয়াকফ বোর্ড রয়েছে।

এদিকে পশ্চিমবঙ্গে মোট ৮০ হাজার ৪৮০টি ওয়াকফ সম্পত্তির মধ্যে মাত্র ১২ শতাংশ (১০ হাজারের মতো) সম্পত্তি ডিজিটালি নিবন্ধিত করা হয়েছে। এর কারণ হিসেবে বলা হচ্ছে, গ্রামাঞ্চলের মুতাওয়াল্লিরা (ওয়াকফ সম্পত্তির ব্যবস্থাপক) কারিগরি জ্ঞান থেকে বঞ্চিত। পোর্টালটি কেবল ইংরেজিতে রয়েছে, তবে বেশিরভাগ মুতাওয়াল্লি ইংরেজি জানেন না। জমি পরিমাপ ইউনিটের মধ্যে পার্থক্য রয়েছে। বাংলায় এক বিঘার মাপ এবং বিহার-ইউপিতে এক বিঘার মাপ পৃথক। তৃণমূল সরকার বেশ কয়েক মাস ধরে ওয়াকফ সংশোধনী আইন কার্যকর করতে অস্বীকার করেছিল, পরে প্রশাসন আপলোড শুরু করে। এই নিয়ে অবশ্য রাজ্যে রাজনৈতিক তরজা তুঙ্গে। তবে কাজ শুরু হলেও তা যৎসামান্যই হয়েছে এখনও পর্যন্ত।

এদিকে কর্ণাটকে নাকি সার্ভার বারবার ক্র্যাশ করছে। এর জেরে সেই রাজ্যের ৬৫ হাজার ২৪২টি ওয়াকফ সম্পত্তির মধ্যে মাত্র ৬ হাজার সম্পত্তির তথ্যই আপলোড করা হয়েছে পোর্টালে। তামিলনাড়ুতেও ৬৬ হাজার ৯২টি ওয়াকফ সম্পত্তির মধ্যে প্রায় ৬ হাজার সম্পত্তিরই নথি আপলোড করা হয়েছে।