West Bengal resident dead in Pakistani Jail: ২ বছর পাকিস্তানের জেলে মৃত্যু, কেন্দ্রের তৎপরতায় কাঁথিতে ফিরল বাঙালির দেহ
স্বপনের মৃত্যুর খবর পাওয়ার পরেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে তাঁর মৃতদেহ দেশে ফিরিয়ে আনার জন্য আবেদন জানিয়েছিল পরিবার। সেই আবেদন পেয়েই তৎপর হয়ে উঠেছিল কেন্দ্রীয় সরকার। দিল্লির তরফ থেকে যোগাযোগ করা হয়েছিল ইসলামাবাদের সঙ্গে।
পাকিস্তানের জেলে দীর্ঘদিন বন্দি থাকার পর হয়েছে মৃত্যু। এহেন বাঙালি মৎস্যজীবীর মৃতদেহ দেশে ফিরিয়ে আনতে উদ্যোগ নেয় কেন্দ্রীয় সরকার। জেলবন্দি থাকা সেই বাঙালির মৃতদেহ অবশেষে কাঁথিতে তাঁর বাড়িতে এসেছে। জানা গিয়েছে, মৃত মৎস্যজীবীর নাম স্বপন রানা। গত ৭ নভেম্বর সকালে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয় তাঁর। স্বপনের শেষতকৃত্যের সময় পরিবারকে সবরকম সাহায্য করেছেন জেলা প্রশাসন এবং কাঁথির মহকুমাশাসক প্রতীক ধুমাল। শেষকৃত্যের সময় সেখানে উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলা মৎস্যজীবী উন্নয়ন সমিতির সভাপতি তথা কাঁথি ১ পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা আমিন সোহেল।
পাকিস্তানের জেলে দীর্ঘদিন বন্দি থাকার পর মৃত্যু বাঙালি মৎস্যজীবীর
জানা গিয়েছে, ২ বছর আগে পাকিস্তানের জলপুলিশের হাতে গ্রেফতার হয়েছিলেন স্বপন। তিনি অনিচ্ছাকৃতভাবে জলসীমান্ত অতিক্রম করে ফেলেছিলেন। এরপর দুই বছর ধরে পাকিস্তানের জেলেই কাটাতে হয় তাঁকে। জেলেই মৃত্যু হয় তাঁর। তবে ঠিক কী কারণে এই মৃত্যু হয়েছে, তা স্পষ্ট নয় বলে দাবি পরিবারের সদস্যদের। যদিও পাকিস্তানের তরফ থেকে জানানো হয়েছে, শারীরিক অবস্থার অবনতির জেরে মৃত্যু ঘটে। যদিও এ কথা মানতে নারাজ পরিবার। এদিকে শারীরিক অবস্থার অবনতির জেরেই যদি মৃত্যু হয়, তাহলে স্বপনের চিকিৎসা কেন করানো হল না, তা নিয়েও প্রশ্ন তুলেছে পরিবার।
রিপোর্ট অনুযায়ী, স্বপনের মৃত্যুর খবর পাওয়ার পরেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে তাঁর মৃতদেহ দেশে ফিরিয়ে আনার জন্য আবেদন জানিয়েছিল পরিবার। সেই আবেদন পেয়েই তৎপর হয়ে উঠেছিল কেন্দ্রীয় সরকার। দিল্লির তরফ থেকে যোগাযোগ করা হয়েছিল ইসলামাবাদের সঙ্গে। এরই মাঝে পাকিস্তানও দিল্লিতে চিঠি পাঠিয়ে বিষয়টি জানিয়েছিল। এই পরিস্থিতিতে দুই দেশের সম্মতিতে স্বপনের মৃতদেহ ভারতে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হয়। এই আবহে গত ৪ ডিসেম্বর আটারি-ওয়াঘা সীমান্ত দিয়ে স্বপনের দেহ ভারতের হাতে তুলে দেয় পাকিস্তান। পরে সেখান থেকে পূর্ব মেদিনীপুরের কাঁথির পাইকবার গ্রামে নিয়ে আসা হয় স্বপনের দেহ।
News/Bengal/West Bengal Resident Dead In Pakistani Jail: ২ বছর পাকিস্তানের জেলে মৃত্যু, কেন্দ্রের তৎপরতায় কাঁথিতে ফিরল বাঙালির দেহ