IND vs ENG: গিল-যশস্বীর পরে পন্তের শতরান সত্ত্বেও ৫০০ টপকাতে ব্যর্থ ভারত, বুমরাহর তিন শিকারে চাপে ইংল্যান্ড

IND vs ENG 1st Test Day 2: বেন ডাকেটের হাফ-সেঞ্চুরি ও ওলি পোপের শতরানে ভারতের বিরুদ্ধে লিডস টেস্টের প্রথম ইনিংসে পালটা লড়াই চালাচ্ছে ইংল্যান্ড।

Published on: Jun 21, 2025 11:53 PM IST
By
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টের প্রথম দিনেই ব্যক্তিগত শতরান পূর্ণ করেন যশস্বী জসওয়াল ও শুভমন গিল। প্রথম দিনে ব্যক্তিগত অর্ধশতরানের গণ্ডি টপকে অপরাজিত ছিলেন ঋষভ পন্ত। দ্বিতীয় দিনে তার পর থেকে খেলতে নেমে গিল নিজের ইনিংসকে আরও বড় রূপ দিতে পারেননি। তবে পন্ত ব্যক্তিগত শতরানের আগে থামেননি।

বুমরাহর তিন শিকারে চাপে ইংল্যান্ড। ছবি- এপি।
বুমরাহর তিন শিকারে চাপে ইংল্যান্ড। ছবি- এপি।

ভারত যদিও প্রথম ইনিংসে পাঁচশো রানের গণ্ডি টপকানোর সুযোগ হাতছাড়া করে। লিডসে টস হেরে শুরুতে ব্যাট করতে নেমে ভারতীয় দল প্রথম দিনের শেষে ৩ উইকেটের বিনিময়ে ৩৫৯ রান সংগ্রহ করে। দ্বিতীয় দিনে তার পর থেকে লড়াই চালিয়ে টিম ইন্ডিয়া তাদের প্রথম ইনিংস শেষ করে ৪৭১ রানে।

ভারতীয় ইনিংস স্থায়ী হয় ১১৩ ওভার। অথচ ভারত একসময় ৩ উইকেটে ৪৩০ রানে দাঁড়িয়ে ছিল। সুতরাং, ভারতের শেষ ৭টি উইকেট পড়ে মাত্র ৪১ রানে। প্রথম ইনিংসে ১৫৯ বলে ১০১ রান করেন যশস্বী জসওয়াল। তিনি ১৬টি চার ও ১টি ছক্কা মারেন। শুভমন গিল ২২৭ বলে ১৪৭ রান করেন। তিনি ১৯টি চার ও ১টি ছক্কা মারেন। ঋষভ পন্ত ১৭৮ বলে ১৩৪ রান করেন। তিনি ১২টি চার ও ৬টি ছক্কা মারেন।

আরও পড়ুন:- Bumrah Breaks Akram's Record: ওয়াসিম আক্রমের রেকর্ড ভেঙে চুরমার করলেন বুমরাহ, SENA দেশগুলিতে এশিয়ার সেরা জসপ্রীত

এছাড়া লোকেশ রাহুল ৪২, রবীন্দ্র জাদেজা ১১, শার্দুল ঠাকুর ১, মহম্মদ সিরাজ অপরাজিত ৩ ও প্রসিধ কৃষ্ণা ১ রানের যোগদান রাখেন। খাতা খুলতে পারেননি সাই সুদর্শন, করুণ নায়ার ও জসপ্রীত বুমরাহ। ভারতীয় দল অতিরিক্ত হিসেবে উপহার পায় ৩১ রান।

ইংল্যান্ডের হয়ে ৬৬ রানে ৪ উইকেট নেন ক্যাপ্টেন বেন স্টোকস। ৮৬ রান খরচ করে ৪টি উইকেট দখল করেন জোশ টাঙ্গ। ৯৬ রান খরচ করে ১টি উইকেট সংগ্রহ করেন ব্রাইডন কার্স। ১০০ রান খরচ করে ১টি উইকেট দখল করেন শোয়েব বশির। উইকেট পাননি ক্রিস ওকস।

আরও পড়ুন:- টেস্ট থেকে অবসর ম্য়াথিউজের, বিদায় বেলায় দেখুন অ্যাঞ্জেলোর বর্ণোজ্জ্বল কেরিয়ার

পালটা ব্যাট করতে নেমে ইংল্যান্ড দ্বিতীয় দিনের শেষে তাদের প্রথম ইনিংসে তোলে ৩ উইকেটের বিনিময়ে ২০৯ রান। তারা সাকুল্যে ৪৯ ওভার ব্যাট করেছে। জ্যাক ক্রলি ১টি বাউন্ডারির সাহায্যে ৬ বলে ৪ রান করে সাজঘরে ফেরেন। ৯৪ বলে ৬২ রান করে ক্রিজ ছাড়েন বেন ডাকেট। তিনি ৯টি চার মারেন। জো রুট আউট হন ৫৮ বলে ২৮ রান করে। তিনি ২টি চার মারেন।

আরও পড়ুন:- 13-Year-Old Ayan Hits Triple Century: বৈভবকেও টেক্কা তাঁর ১৩ বছর বয়সী বন্ধুর, ৩০ ওভারের ম্যাচে বিধ্বংসী ত্রিশতরান অয়নের

দ্বিতীয় দিনে ব্যক্তিগত শতরান পূর্ণ করেন ওলি পোপ। তিনি ১০০ রানে অপরাজিত থাকেন। ১৩১ বলের ইনিংসে তিনি ১৩টি চার মেরেছেন। ১২ বল খেলে এখনও খাতা খুলতে পারেননি হ্যারি ব্রুক। ভারতের হয়ে এখনও পর্যন্ত ৩টি উইকেটই দখল করেছেন জসপ্রীত বুমরাহ। অর্থাৎ, দ্বিতীয় দিনের শেষে বুমরাহই ইংল্যান্ডকে চাপে রেখেছেন বলা চলে।