৮৩ বছর বয়সেও ভোর ৫.৩০ অবধি কাজ! আচমকা ফ্যানেদের কাছে ক্ষমা চাইলেন অমিতাভ, কেন?
বুড্ডা হোগা তেরা বাপ! বয়সকে তুড়ি মেরে উড়িয়েছেন আগেই। ৮৩ বছর বয়সেও নিজের কর্তব্য়ে অটল শাহেনশা।
অমিতাভ বচ্চনকে ভারতীয় চলচ্চিত্রের অন্যতম সেরা অভিনেতা হিসাবে বিবেচনা করা হয়। অভিনেতা তাঁর কেরিয়ারে কিছু অবিস্মরণীয় ছবি উপহার দিয়েছেন দর্শকদের। তাঁর ব্য়ারিটোন কণ্ঠের জাদুতে বুঁদ আসমুদ্রহিমাচল। তিনি অসংখ্য ভাষায় অভিনয় করেছেন এবং তার কাজের জন্য একাধিক পুরস্কারও জিতেছেন। তিনি সম্প্রতি তাঁর ৮৩ তম জন্মদিন উদযাপন করেছেন।

প্রবীণ তারকা হামেশাই ভক্তদের সাথে জুড়ে থাকতে ভালোবাসেন। তাঁর অকপট চিন্তাভাবনা এবং মতামত ভাগ করে নিতে তিনি ফেসবুক, ইনস্টাগ্রামের পাশাপাশি তার টাম্বলার অ্যাকাউন্টটি ব্যবহার করেন। সময়-সুযোগ হলেই সেখানে লম্বা ব্লগ লেখেন তারকা। অমিতাভ তাঁর সাম্প্রতিক পোস্টে শেয়ার করেছেন যে তিনি দীর্ঘ সময় ধরে কাজ করছেন, এমনকি সারা রাত পেরিয়েও কাজ করছেন। অমিতাভ বচ্চন তাঁর সাম্প্রতিক ব্লগ আপডেটে যা শেয়ার করেছেন, এবং অনুরাগীদের কাছে ক্ষমা চেয়েছেন। তিনি লেখেন,'ভোর ৫.৩০ অবধি কাজ চালিয়ে গিয়েছিলাম .. এবং ভুলে গিয়েছিলাম যে গুরুত্বপূর্ণ ব্লগের কাজ এবং তোমাদের উত্তর দেওয়ার জন্য কথা ছিল। তাই ক্ষমা ও আফসোস..'।

অমিতাভ বচ্চন সম্প্রতি নিজের ব্লগে শেয়ার করেছেন গত কয়েকটা দিন তাঁর জন্য কঠিন ছিল। ধর্মেন্দ্রর মৃত্যুর পর নিজের অনুভূতি' নিয়ে আবেগপ্রবণ ছিলেন তারকা। ২৭ নভেম্বর ছিল তাঁর বাবা হরিবংশ রাই বচ্চনের জন্মবার্ষিকী। সঙ্গে বন্ধু-বিচ্ছেদের যন্ত্রণা। অমিতাভ তাঁর ব্লগে লেখেন, ‘বিগত দিনগুলির চিত্র এবং অনুভূতি এখনও দীর্ঘায়িত হয়। মন এবং শরীর কাজের রুটিনে সাড়া দেয় না। তবে তারা বলতে থাকে যে ‘শো অবশ্যই চলতে হবে’। যে কেউ এটা বলেছে সে নিঃসন্দেহে কিছুটা ইতিবাচকতার সাথেই এটা বুঝিয়েছে, তবে যারা কষ্ট পায় তারা সেই দুঃখের ভার বহন করে।’
তিনি আরও বলেন, ‘কেবিসির ক্রুরা আমাকে দিনের কাজ শেষে তাদের সঙ্গে খাওয়ার জন্য বাইরে নিয়ে গেল। একটি চমৎকার দক্ষিণ ভারতীয় জায়গা .. সুস্বাদু খাবার এবং কোম্পানি .. কিন্তু হৃদয় শোকে ভরপুর.. ওদের কেউই জানত না যে এটা বাবুজির জন্মবার্ষিকী..’। অমিতাভ এর আগে কেবিসি-র একটি পর্বে তার বাবা-মা'র বিবাহ সম্পর্কে মুখ খুলেছিলেন। তিনি বলেন, ‘আমার মা শিখ পরিবার থেকে এসেছিলেন এবং আমার বাবা উত্তরপ্রদেশের কায়স্থ পরিবারের ছেলে। তাদের পরিবার কিছু সময়ের জন্য বিরোধিতা করেছিল এই সম্পর্কের, তবে তারা পরবর্তীতে রাজি হয়েছিল….আমি ১৯৪২ সালের কথা বলছি। আমার বাবা ইচ্ছাকৃতভাবে আমাদের বচ্চন নাম দিয়েছিলেন, কারণ উপাধি (শ্রীবাস্তব) বর্ণকে নির্দেশ করে।’
অমিতাভকে শেষবার দেখা গিয়েছিল কাল্কি ২৮৯৮-তে। নাগ অশ্বিন পরিচালিত এই ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন প্রভাস, দীপিকা পাড়ুকোন এবং কমল হাসান। সাই-ফাই নাটকে বিগ বি-র অশ্বত্থামার চরিত্রে অভিনয় করে নজর কেড়েছিলেন।












