Aishwarya Sharma Wedding: শীঘ্রই বিয়ের পিঁড়িতে প্রয়াত ঐন্দ্রিলা শর্মার দিদি, সার্জেন ঐশ্বর্যর হবু বর কে?
শোক কাটিয়ে খুশির সুর শর্মা পরিবারে: বিয়ের পিঁড়িতে ঐন্দ্রিলার দিদি ঐশ্বর্য, পাত্র কে জানেন?
জীবন থেমে থাকে না— এই চিরন্তন সত্যকে পাথেয় করেই নতুন অধ্যায় শুরু করতে চলেছেন প্রয়াত অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মার দিদি ঐশ্বর্য শর্মা। গত কয়েক বছর শর্মা পরিবারের ওপর দিয়ে বয়ে গিয়েছে কঠিন ঝড়। প্রিয় বোনকে হারানোর ক্ষত এখনও টাটকা। মা শিখা শর্মা লড়াই করছেন ক্যানসারের সঙ্গে। কিন্তু ঐশ্বর্যর হাত ধরে পরিবারে ফিরছে হাসিমুখ। এবার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন ঐশ্বর্য।

ঐশ্বর্য শর্মা নিজে পেশায় একজন দক্ষ সার্জেন। তাঁর হবু স্বামী দিব্যজিৎ দত্ত-ও চিকিৎসা জগতের মানুষ। দিব্যজিৎ নিজেও একজন সার্জেন। দীর্ঘদিনের সম্পর্ককে এবার সামাজিক স্বীকৃতি দিতে চলেছেন এই চিকিৎসক জুটি। পেশাগত ব্যস্ততার মাঝেও একে অপরের পাশে থেকেছেন তাঁরা।
ডাক্তারি ঐশ্বর্যর পেশা হলেও, মডেলিং তাঁর দীর্ঘদিনের শখ। সমাজমাধ্যমে তাঁর স্টাইলিশ ছবি এবং ভিডিও মাঝেমধ্যেই নজর কাড়ে নেটিজেনদের। রূপ এবং গুণের এক অনন্য মিশেল ঐশ্বর্য। বোন ঐন্দ্রিলার মতোই তিনি লড়াকু এবং প্রতিভাবান।
শোনা যাচ্ছে, খুব শীঘ্রই দুই পরিবারের উপস্থিতিতে ঘরোয়া অনুষ্ঠানের মাধ্যমেই চার হাত এক হবে দুজনের। তবে জাঁকজমকের চেয়েও বেশি গুরুত্ব পাচ্ছে দুই মনের মিলন। ঐন্দ্রিলার অনুপস্থিতি এই খুশির আবহেও বারবার মনে করিয়ে দিচ্ছে এক অপূরণীয় শূন্যতা। ঐশ্বর্য নিজেই বহুবার সামাজিক মাধ্যমে জানিয়েছেন যে, তাঁর জীবনের প্রতিটি পদক্ষেপে বোন ঐন্দ্রিলা র ছায়া থাকে।
বৃহস্পতিবার নিজের ‘৫০ টাকার প্রি-ওয়েডিং’ শ্য়ুটের ঝলক ভাগ করে নিয়েছেন ঐশ্বর্য। সেখানে নীল সুতোর কাজের পাঞ্জাবিতে দিব্যজিৎ। শিউলি আঁকা লাল শাড়িতে ঐশ্বর্য। শান্তিনিকেতনের বনেদী বাড়িতে পরস্পরকে চোখে হারালেন তাঁরা। ছবিতে ভালোবাসা জানিয়েছেন ঐশ্বর্যর মা শিখা দেবী। এখন বড় মেয়েই তাঁর বাঁচার একমাত্র আশ্রয়।
সেই ছবিতে ভালোবাসা জানিয়েছেন ঐন্দ্রিলার ভক্তরা। যাঁরা নায়িকা চলে গেলেও তাঁর পরিবারের পাশে থাকতে ভোলেননি। প্রিয় অভিনেত্রীর পরিবারে ফের আনন্দ ফিরছে দেখে খুশি সবাই। জীবনের চড়াই-উতরাই পেরিয়ে এই নতুন ইনিংস তাঁদের সুখী ও মধুময় হোক— এখন এই কামনাই করছেন সকলে।
E-Paper











