শাহরুখ-অমিতাভকে টেক্কা,২৫০ কোটির বাড়ি রণবীরের,অন্দরমহল ঘুরে দেখালেন আলিয়া
রণবীর কাপুর এবং মেয়ে রাহার সাথে আলিয়া ভাটের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা আন্তরিক পারিবারিক মুহূর্তগুলি ভক্তদের মন জয় করে নিয়েছে।
প্রায় দেড় বছর ধরে চলছিল নতুন বাড়ি তৈরির কাজ। গত অক্টোবর মাসেই মুম্বইয়ের বুকে তৈরি হওয়া রণবীর আলিয়ার নতুন সুখনীড়ের গৃহপ্রবেশ হয়েছিল। বান্দ্রায় উত্তরাধিকার সূত্রে পাওয়া পৈতৃক ভিটেয় ধীরে ধীরে গড়ে উঠেছিল বিশাল একটি বাংলো। অমিতাভ বচ্চন বা শাহরুখ খানকে টেক্কা দিয়ে বানানো হয়েছিল এই বাড়িটি, যার আনুমানিক মূল্য প্রায় ২৫০ কোটির বেশি।

গত দিপাবলীর দিন নতুন বাড়িতে গৃহ প্রবেশ করেছিলেন আলিয়া এবং রণবীর। যদিও সেই সময় কোনও ছবি পোস্ট করেনি তাঁরা। ব্যস্ততার কারণে সেই ছবি তখন পোস্ট করেননি তারকা দম্পতি। তবে বছর শেষ হওয়ার আগেই সোশ্যাল মিডিয়ায় নতুন বাড়ির কিছু ঝলক দেখালেন আলিয়া।
আলিয়া যে ছবিগুলি পোস্ট করেছেন সেখানে দেখা যাচ্ছে, নতুন বাড়িতে গৃহপ্রবেশের পুজো চলছে। পুজোয় বসেছেন আলিয়া-রণবীর এবং ছোট্ট রাহা। পরিবারের সকলের সঙ্গে একটি ছোট্ট পার্টি করতেও দেখা যায় আলিয়াকে। একটি পিংক রঙের গাউন পরে বান্ধবীদের সঙ্গে ছবি তোলেন তিনি।
তবে এই ছবিগুলির মধ্যে যেটি সব থেকে বেশি আবেগপ্রবণ সেটি হল ঋষি কাপুরের ছবির সামনে দাঁড়িয়ে বৌমাকে জড়িয়ে ধরা নিতু কাপুরের ছবি। এ যেন দুই প্রজন্মের মধ্যে এমন একটি সেতুবন্ধন যা কখনো ভেঙে যাওয়ার নয়। এছাড়া আলিয়া আরও বেশ কিছু ছবি পোস্ট করেছেন যেখানে দেখা গিয়েছে নতুন বাড়ি সাজানোর বেশ কিছু সরঞ্জাম, যা প্রায় প্রত্যেক গৃহস্থালির চেনা পরিচিত ছবি।
গৃহপ্রবেশের রাতে তোলা মায়ের সঙ্গে আলিয়ার ছবি যেখানে ফটোগ্রাফারের ভূমিকায় দেখতে পাওয়া গিয়েছে মহেশ ভাটকে। ঋষি কাপুরের ছবির সামনে হাত জোড় করে দাঁড়িয়ে থাকার রণবীরের ছবি দেখে একবার হলেও মন ভারাক্রান্ত হয়ে যেতে বাধ্য। আবার কিছু ছবিতে দেখা দিয়েছে পুজোয় স্বামীর হাত শক্ত করে ধরে থাকা আলিয়া, যেন সমস্ত পরিস্থিতিতে স্বামীর পাশে থাকার অঙ্গীকার করছেন তিনি।
একটি ছবিতে আবার তিনজনের হাত এক সঙ্গে দেখা গিয়েছে প্রসাদ নিতে। একটি বাড়ি শুধু তো ইট পাথর দিয়ে তৈরি করা কোনও প্রাসাদ নয়, একটি বাড়ি তখনই বাড়ি হয়ে ওঠে যখন সেখানকার সদস্যরা একে অপরের সঙ্গে ভালোবাসায় আবদ্ধ হয়ে থাকেন। আর সেই ভালোবাসার প্রতিটি মুহূর্ত যেন ফুটে উঠেছে আলিয়ার পোস্ট করা ছবিতে।
প্রসঙ্গত, এই মুহূর্তে ‘আলফা’ ছবির জন্য প্রস্তুতি নিচ্ছেন আলিয়া। অন্যদিকে রণবীর এবং আলিয়াকে আবার একসঙ্গে দেখা যাবে সঞ্জয় লীলা বনসালি পরিচালিত ‘লাভ অ্যান্ড ওয়ার’ ছবিতে। যদিও এই ছবিতে অভিনয় করবেন রনবীর সিংও। ছবিটি আগামী বছরের মার্চ মাসের মুক্তি পাবে বলে মনে করা হচ্ছে।












