Anmika-Uday: ডিভোর্স-চর্চা তুঙ্গে! রোজ ডে-তে একটাও গোলাপ দেননি উদয়! প্রেমদিবসে বরের সঙ্গে ছবি দিয়ে কী লিখলেন অনামিকা
প্রেমদিবসে অনামিকা বর উদয়ের সঙ্গে একটি ছবি শেয়ার করে নিলেন। ডিভোর্স জল্পনার মাঝে কদিন আগেই অভিযোগ করেছিলেন যে, বর নাকি একটা গোলাপও দেয়নি। তা ভ্যালেন্টাইন্স ডে-র দিন কী লিখলেন সোশ্যাল মিডিয়াতে?
টলিপাড়ায় সম্পর্ক ভাঙা-গড়ার খেলা বারবারই উঠে আসে চর্চায়। তারকারা নিজের জীবন যতই গোপনীয়তার আড়ালে মুড়ে রাখার চেষ্টা করুক না কেন, চর্চা থামার নাম নেয় না! আজকাল যেমন কান পাতলেই শোনা যায়, উদয় প্রতাপ সিং আর অনামিকা চক্রবর্তীর বিয়ে নাকি ভাঙতে চলেছে। বারংবার এই নিয়ে মুখ খুলেছেন দুই তারকা। কিন্তু চর্চা থামার নাম নেয়নি। এবার ভ্যালেন্টাইন্স ডে-র দিন ফের ইঙ্গিতবাহী পোস্ট এল অনামিকার থেকে।

অনামিকা বর উদয়ের সঙ্গে একটি ছবি শেয়ার করে নিলেন। যেখানে পরিণীতার নায়ককে দেখা গেল সাদা টি-শার্ট পরে। পাশে নীল টপ পরে অনামিকা। অভিনেত্রী এক হাতে আগলে রেখেছেন বরকে। একটও শব্দ খরচ করেননি, তবে তাতেই ডিভোর্সের গুঞ্জনে পড়েছে জল। ক্যাপশনে শুধু দিয়েছেন একটা রেড হার্ট আর একটা ইভিল আই ইমোজি।
এই ছবিতে একজন মন্তব্য করেছেন, ‘এই ছবিটার জন্যই অপেক্ষা করছিলাম। এত মিষ্টি কেন তোমরা? তোমাদের দুজনকে হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। এভাবেই দুজন একসাথে সারাজীবন খুশিতে থাকো। অনেক ভালোবাসা।’ আরেকজন লেখেন, ‘এভাবে দেখতে চাই সবসময় তোমাদের’।
এই ছবির কমেন্টে উদয়-অনামিকার এক ভক্ত মন্তব্য করেন, ‘এই মহিলারে ওর সাথে একটুও মানায় না’। সন্দেহ নেই ইঙ্গিতপরিণীতার নায়িকা ঈশানী চট্টোপাধ্যায়ের দিকে। দেখা গেল এই মন্তব্যটিতে জবাবও দিয়েছেন অনামিকা। লিখেছেন, ‘বাস্তব কঠিন, আমি জানি’। কদিন আগে সংবাদমাধ্যমের সামনে এসে অনামিকাকে অভিযোগের সুরে বলতে শোনা যায়, ‘উদয় গোলাপ দেয়নি, আমি কিন্তু ওকে গোলাপ দিয়েছি। তাই আমি তো বলেই দিয়েছি, তোমার সঙ্গে সেলিব্রেট করব না।’ সঙ্গে অভিযোগ ছিল, একেবারেই নাকি সময় দেয় না বর। তাই জানিয়েছিলেন, প্রেমের সপ্তাহে বর একটু সময় দিলেই তিনি খুশি।
বছর দুই আগে বিয়ে করেছিলেন উদয় ও অনামিকা। কয়েক বছর চুটিয়ে প্রেম করার পর, ২০২৩ সালের ২৮ জুন রেজিস্ট্রি ম্যারেজ করেছিলেন তাঁরা। উত্তরবঙ্গের পাহাড়ের কোলে অত্যন্ত ঘরোয়া অনুষ্ঠানে চার হাত এক হয়েছিল। সেই সময়টায় বাংলা ধারাবাহিকে পার্শ্ব চরিত্রেই দেখা যেত উদয়কে। মিঠাই, নিম ফুলের মধু-র মতো মেগায় তাঁকে হিরোর ভাইয়ের চরিত্রে দেখছিলেন দর্শক। বলা ভালো, বউভাগ্যেই কেরিয়ারের মোড় ঘোরে রাতারাতি। পরিণীতায় কেন্দ্রীয় চরিত্রের অফার আসে। আর টিআরপি তালিকাতেও জমিয়ে বসে এই মেগা।
‘এখানে আকাশ নীল’-খ্যাত অনামিকার আগে উদয় প্রতাপ সিং সম্পর্কে ছিলেন শ্রীজিতা মুখোপাধ্যায়ের। দুজনে ছিলেন ছোটবেলার বন্ধু। তাঁদের বিয়েও ঠিক হয়েছিল। শোনা যায়, আংটি বদলও সেরে ফেলেছিলেন। সম্পর্ক ভাঙার পর, নিজেকে গুছিয়ে নিতে বেশ খানিকটা সময় লেগেছিল উদয়ের। যদিও উদয়ের সঙ্গে ব্রেকআপের মাস কয়েকের মধ্যেই অন্য কারুর সঙ্গে ঘর বেঁধেছিলেন শ্রীজিতা।
E-Paper











