Arijit Singh New Song: প্লেব্যাকে ‘ইতি’র পর অরিজিতের প্রথম গান প্রকাশ্য়ে, শিব-বন্দনায় বিভোর গায়ক
অরিজিৎ সিং মানেই নতুন কোনো চমক, আর সেই চমক যদি হয় তাঁর আধ্যাত্মিক সফরের অংশ, তবে তা ভক্তদের কাছে এক পরম প্রাপ্তি। প্লে-ব্যাক থেকে অবসরের পর এবার একেবারে অন্যরূপে ধরা দিলেন জিয়ারগঞ্জের ভূমিপুত্র।
সপ্তাহখানেক আগেই চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন অরিজিৎ সিং। কোটি কোটি ভক্তকে কার্যত চমকে দিয়েই অরিজিৎ সিং ঘোষণা করেছেন যে, তিনি আর প্লেব্যাক করবেন না। রুপোলি পর্দার জন্য গান গাওয়া থেকে চিরতরে বিরতি নিয়ে অরিজিৎ এখন নিজেকে সঁপে দিয়েছেন মিউজিকের এক অনন্ত পথে। আর সেই নতুন পথচলার শুরুতেই মহাদেবের চরণে নিবেদন করলেন তাঁর প্রথম ‘ইন্ডি’ শিব ভজন।

শুরু থেকেই অরিজিৎ বলিপাড়ার গ্ল্যামার ও প্রচারের আলো থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছিলেন। জিয়ারগঞ্জের শান্ত পরিবেশে সময় কাটানো আর সমাজসেবামূলক কাজেই তাঁর তৃপ্তি। সম্প্রতি তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, বাণিজ্যিক প্লেব্যাকের জগৎ থেকে তিনি পাকাপাকিভাবে অবসর নিচ্ছেন। আর কোনও সিনেমার গানে তাঁর কণ্ঠ শোনা যাবে না। এই খবর দাবানলের মতো ছড়িয়ে পড়তেই মন ভেঙেছে বিশ্বজুড়ে তাঁর অনুরাগীদের। এই ঘোষণার গত রবিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে লাইভ পারফর্ম করেন অরিজিৎ। অনুষ্কা শঙ্করের অনুষ্ঠানে সহশিল্পী হিসাবে উপস্থিতি ছিলেন তিনি। এবার প্রকাশ্যে এল তাঁর গান। শিববন্দনা শোনা গেল অরিজিতের কণ্ঠে।
সুরের মাধ্যমে শিব-সাধনা:
অবসরের ঘোষণার পরই অরিজিৎ মুক্তি দিয়েছেন তাঁর স্বতন্ত্র ঘরানার (Indie) একটি শিব ভজন। কোনো লার্জার দ্যান লাইফ মিউজিক নয়, বরং গভীর ভক্তি আর মায়াবী সুরে মহাদেবকে বন্দনা করেছেন তিনি। এই ভজনটি কেবল একটি গান নয়, বরং অরিজিতের নতুন জীবনের এক মেনিফেস্টো। ভক্তরা বলছেন, ‘সার্থকতা যেখানে শেষ হয়, অরিজিৎ সিং সেখান থেকেই শুরু করেন।’
ও শিব মেরে গানটি কম্পোজ করেছেন মনদীপ পঙ্গল। লিরিক্স লিখেছেন কুমার। শিবরাত্রির আগেই সামনে এল অরিজিৎ সিং-এর গাওয়া এই শিববন্দনা।
অন্য অরিজিৎ, অন্য জীবন:
প্লেব্যাক থেকে এই সরে আসা কোনো সাময়িক বিরতি নয়, বরং এটি একটি সুচিন্তিত পদক্ষেপ। মুম্বইয়ের ইঁদুরদৌড় ছেড়ে অরিজিৎ এখন মাটির টানে জিয়াগঞ্জের স্টুডিওতেই শান্তি খুঁজছেন। অনেকে অবাক হলেও, তাঁর কাছের মানুষেরা জানেন এই শিল্পী বরাবরই এমনই। সুরের সাধনা তাঁর কাছে এখন ঈশ্বরের আরাধনা।
বলিউড মিউজিকে ‘অরিজিৎ সিং’ জমানার অবসান ঘটলেও, স্বাধীন সংগীতের (Independent Music) মঞ্চে এক নতুন এবং আরও গভীর অরিজিতের জন্ম হলো। প্লেব্যাক হয়তো আর হবে না, কিন্তু তাঁর কন্ঠের আধ্যাত্মিক সুর এখন ভক্তদের মনে এক নতুন শিহরণ জাগাচ্ছে।
E-Paper











