আমির ‘স্যার’কে দেখেই পা ছুঁয়ে প্রণাম, নিজের হাতে ভাত বেড়ে খাওয়ান অরিজিৎ! রইল ভিডিয়ো

 ‘সিম্পল লিভিং, হাই থিংকিং’-এর একটি প্রতিচ্ছবি আমির খানের জিয়াগঞ্জ সফর। অরিজিৎ-এর বাড়িতে কীভাবে পরিবারের একজন হয়ে উঠলেন তারকা? 

Feb 23, 2026, 21:04:58 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

দিন কয়েক আগে অরিজিৎ সিং-এর জিয়াগঞ্জের বাড়িতে হাজির হয়েছিলেন বলিউডের মিস্টার পারফেকশানিস্ট। আমির খান কেন গিয়েছিলেন সেখানে, সেই নিয়ে জল্পনা-কল্পনার মাঝেই অভিনেতা জানান, তাঁর ছেলে জুনাইদ খানের আসন্ন ছবির ‘এক দিন’ গান রেকর্ড করবেন অরিজিৎ। সেই জন্যই এই বিশেষ সফর। এই গানের কমিটমেন্ট অবসর (প্লে-ব্যাক থেকে) ঘোষণার আগেই দিয়ে রেখেছিলেন জিয়াগঞ্জের ভূমিপুত্র।

আমির ‘স্যার’কে দেখেই পা ছুঁয়ে প্রণাম, নিজের হাতে ভাত বেড়ে খাওয়ালেন অরিজিৎ! রইল ভিডিয়ো
আমির ‘স্যার’কে দেখেই পা ছুঁয়ে প্রণাম, নিজের হাতে ভাত বেড়ে খাওয়ালেন অরিজিৎ! রইল ভিডিয়ো

আমিরি সফরের অন্দরের ঝলক সোমবার সামনে এল। কোনও বিলাসবহুল হোটেল বা ফিল্ম সিটি নয়, বরং অরিজিতের জিয়াগঞ্জের পৈতৃক বাড়িতেই আমির খান হয়ে উঠলেন ঘরের লোক। সেই সহজ মেলামেশার ছবি ও ভিডিও এখন নেটপাড়ায় ভাইরাল। প্রথম দেখাতেই আমিরের পায়ে হাত দিয়ে প্রণাম করেন অরিজিৎ।

সাধারণত সুপারস্টারদের ঘিরে যে কড়া নিরাপত্তা ও আভিজাত্যের বলয় থাকে, জিয়াগঞ্জে এসে আমির খান যেন তা নিমেষেই ভেঙে ফেললেন। অরিজিতের বাড়িতে ঢুকে কোনো বাহুল্য ছাড়াই পরিবারের একজনের মতো মিশে গেলেন তিনি।

ভাইরাল ভিডিওটিতে দেখা গেছে, আমির খান অত্যন্ত সাদাসিধেভাবে অরিজিতের ড্রয়িং রুমে বসে পরিবারের সদস্যদের সাথে গল্পে মেতেছেন। অরিজিতের স্ত্রী কোয়েল রায় ও অন্যান্য পরিজনদের সাথে তাঁর আলাপচারিতা ছিল অত্যন্ত সাবলীল। বড় মাপের তারকা হওয়া সত্ত্বেও মেঝেতে বসেই ভাত খেলেন আমির। অরিজিৎ নিজের হাতে পরিবেশন করলেন আমির ও তাঁর সঙ্গীদের।

আতিথেয়তা ও ঘরোয়া স্বাদ:

সূত্রের খবর, অরিজিতের বাড়িতে একদম ঘরোয়া বাঙালি খাবার দিয়েই আপ্যায়ন করা হয় আমিরকে। অরিজিৎ-এর স্টুডিওতে তাঁর দুই ছেলে আলি ও জুলের সঙ্গেও সময় কাটাতে দেখা গেল আমিরকে। কখনও অরিজিৎ-এর বাড়ির ছাদে ঘুড়ি ওড়ালেন আমির। কখনও জিয়াগঞ্জের শান্ত পরিবেশ এবং গ্রাম্য নিস্তব্ধতা উপভোগ করতে করতে দেখা গেল তারকাকে।

এতকিছুর মাঝেও আমিরের ঘোর কাটছে না। তিনি জানতে চান, ‘তুমি কি কিছুদিনের জন্য বিরতি নিয়েছো? নাকি সত্যি আর গাইবে না ছবিতে?’ অরিজিৎ হাসি দেখে আমির বলে ওঠেন, 'এইরকম করো না। আমাদের কী হবে'?

শিকড়ের টানে অরিজিৎ:

সাফল্যের শিখরে থেকেও অরিজিৎ সিং যে কতটা মাটির কাছাকাছি, তা আরও একবার প্রমাণিত হলো। নিজের গ্রামে আমির খানকে ঘুরিয়ে দেখানো থেকে শুরু করে বাড়িতে নিয়ে আসা— অরিজিতের এই সারল্য মন জয় করে নিয়েছে আমিরেরও।

ফেরার সময় সেই মুগ্ধতার কথা জানান আমির। প্রথম দেখার মতো বিদায়বেলাতেও আমিরের পা ছুঁতে দেখা গেল অরিজিৎ-কোয়েলকে। অরিজিৎ সিং-এর এই সাধারণ জীবনযাপন সত্যি মুগ্ধ করে। সবার মনেই আমিরের মতোই একই প্রশ্ন, সত্য়ি কি মন বদল হবে না অরিজিৎ-এর? এর উত্তর সময় দেবে!