Lopamudra-Arijit: ‘সাধারণ বাঙালি ঘরের মেয়ে….’, অরিজিতের চেয়ে তাঁর বউ বেশি কাছের, কোয়েলকে নিয়ে আর কী বললেন লোপামুদ্রা?

অরিজিৎ সিং মানেই সারল্যের প্রতিচ্ছবি। সম্প্রতি অনুষ্কা শঙ্করের অনুষ্ঠানের রেশ কাটার আগেই গায়ক সোজা পৌঁছে গিয়েছিলেন লোপামুদ্রা মিত্রের লোকগান ও লোকশিল্পীদের উৎসব ‘সহজ পরব’-এ। আর এই সাক্ষাতের সূত্র ধরেই সামনে এল অরিজিৎ-পত্নী কোয়েল এবং লোপামুদ্রার এক গভীর ও ব্যক্তিগত সম্পর্কের রসায়ন।

Published on: Feb 10, 2026 6:50 PM IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

দু-দিন আগে নেতাজী ইন্ডোরে অনুষ্কা শঙ্করের সঙ্গত দেন অরিজিৎ সিং। প্লে-ব্য়াককে অলবিদা জানানোর পর প্রথমবার মঞ্চে জিয়াগঞ্জের সোমু। কলকাতার অরিজিৎ-সম্মোহন কাটছে না ৪৮ ঘণ্টা পরেও। ওইদিন অনুষ্কা শঙ্করের অনুষ্ঠান থেকে অরিজিৎ সিং ছুটে গিয়েছিলেন শহরের আরও এক অনুষ্ঠান মঞ্চে।

‘সাধারণ বাঙালি ঘরের মেয়ে….’, অরিজিতের চেয়ে তাঁর বউ বেশি কাছের, কোয়েলকে নিয়ে লোপা
‘সাধারণ বাঙালি ঘরের মেয়ে….’, অরিজিতের চেয়ে তাঁর বউ বেশি কাছের, কোয়েলকে নিয়ে লোপা

লোপামুদ্রা মিত্রের সহজ-পরবে। গায়িকার জন্মদিন, উপরোন্তু সহজ-পরব। সেলিব্রেশনে শতগুণ বেড়ে যায় অরিজিৎ সিংয়ের উপস্থিতি। গায়ক নিজের হাতে পায়েস খাইয়ে লোপামুদ্রার জন্মদিন সেলিব্রেট করেন। অরিজিতের মতো খানিক প্রচারের আলো আর লাইমলাইটের বাইরে থাকতেই ভালোবাসেন লোপামুদ্রা মিত্র। অরিজিৎ সিংয়ের সঙ্গে সম্পর্কের রসায়নটা তাঁর দিদি-ভাইয়ের। সম্প্রতি লোপামুদ্রার জন্মদিন এবং ‘সহজ পরব’ অনুষ্ঠানে অরিজিতের ঝটিকা সফর যেন সেই ব্যক্তিগত বন্ধুত্বের ওপরই আরও একবার সিলমোহর দিল।

‘দিদি-ভাই’ এবং তার চেয়েও বেশি কিছু

লোপামুদ্রার কথায়, অরিজিতের সঙ্গে তাঁর সম্পর্কটা নিখাদ ‘দিদি-ভাইয়ের’। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, অরিজিতের চেয়েও তাঁর স্ত্রী কোয়েলের সঙ্গেই লোপামুদ্রার সম্পর্ক বেশি নিবিড়। গায়িকা নিজেই জানিয়েছেন, কোয়েল অত্যন্ত সাদামাটা এবং মাটির মানুষ। সাধারণ বাঙালি ঘরের মেয়েরা যেমন হয়, কোয়েল ঠিক তেমনই। এই সারল্যই দুজনকে কাছাকাছি এনেছে।

অরিজিতের ‘গাইড’ কোয়েল

লোপামুদ্রা এবং জয় সরকারের তৈরি করা গান যে অরিজিৎ মন দিয়ে শোনেন, তার পেছনেও হয়তো কোয়েলের পছন্দ বড় কাজ করে। লোপামুদ্রা জানিয়েছেন, কোয়েল তাঁদের গান যেমন ভালোবাসেন, তেমনই তাঁদের দুজনকে (লোপামুদ্রা-জয়) ব্যক্তিগতভাবেও ভীষণ শ্রদ্ধা ও পছন্দ করেন। রবিবার রাতে অরিজিৎ যখন ‘দিদি’র জন্মদিনের আসরে গানও গেয়ে শুনিয়েছেন। তাও লোপামুদ্রার এমন গান, যা তিনি নিজেই ভুলতে বসেছেন! আনন্দবাজার অনলাইনকে গায়িকা বলেন, ‘ঢেউ কুচ কুচ’ নামে আমার একটি হিট না হওয়া গান রয়েছে। সেটা অরিজিৎ সিংহ গেয়ে শুনিয়েছে। ও নিজেই বলেছে, ‘তোমার আর জয়দার (জয় সরকার) সব গান শুনেছি।’ ও তো আমাদের ভালবাসেই। ওর বউ কোয়েলও খুব ভালবাসে আমাদের।'

জৌলুসহীন বন্ধুত্বের অন্দরমহল

জিয়াগঞ্জের বাড়িতে যাতায়াত বা ব্যক্তিগত আড্ডা— সবটা নিয়েই লোপামুদ্রা বেশ সাবধানী। তিনি চান না এই অমূল্য সম্পর্কগুলো খবরের শিরোনাম হয়ে গুরুত্ব হারাক। তবে অরিজিৎ যে অনুষ্কা শঙ্করের মতো বিশ্ববরেণ্য শিল্পীর অনুষ্ঠান সেরে ক্লান্ত শরীর নিয়ে স্রেফ টানে আর সম্মানে লোপামুদ্রার অনুষ্ঠানে ছুটে আসেন, তার পেছনে অরিজিতের পাশাপাশি কোয়েলেরও বড় ভূমিকা রয়েছে তা অজানা নয় ঘনিষ্ঠমহলের।

সব মিলিয়ে, কোয়েল এবং লোপামুদ্রার এই অসমবয়সী অথচ গভীর সখ্য টলিপাড়ার ইঁদুর দৌড়ের বাইরে এক পশলা শান্তির মতো। যেখানে কোনো ‘কাজের কথা’ নেই, আছে শুধু এক দিদির প্রতি এক ভাই ও তাঁর স্ত্রীর আন্তরিক ভালোবাসা।