Bigg Boss 19 winner Prize: ফারহানাকে হারিয়ে বিগ বস ১৯-এর খেতাব হিন্দির ‘রোহিত সেন’ গৌরবের, কত লাখ পেলেন?
সেলিব্রিটি ‘মাস্টারশেফ’এর পর এবার বিগ বস ১৯-এর খেতাবও জিতলেন গৌরব খান্না। ফারহানা ভাটকে হারিয়ে বিগ বসের ট্রফি ছিনিয়ে নিলেন অনুপমা খ্যাত অভিনেতা।
তিন মাসেরও বেশি সময় ধরে চূড়ান্ত নাটক, এন্টারটেমেন্ট, ঝগড়া, রোম্যান্স আর সলমনের বকাঝকা শেষে যবনিকা পড়ল বিগ বসের আরও এক সিজনের। প্রত্যাশা মতোই চলতি সিজনের ট্রফি উঠল গৌরব খান্নার হাতে। সলমন খান সঞ্চালিত এই শো-এর শেষ দুই-য়ে পৌঁছেছিলেন গৌরব এবং ফারহানা ভাট। তবে ফারহানাকে হারিয়ে ট্রফি জিতে নিলেন অভিনেতা।

এদিন বিগ বসের ট্রফি ছাড়াও ৫০ লক্ষ টাকা পুরস্কার জিতলেন গৌরব। ফারহানা ভাট, তানিয়া মিত্তল, প্রণীত মোরে এবং অমল মল্লিককে পরাজিত করে এই শোয়ের বিজয়ী হয়েছেন অভিনেতা। গৌরব, তার শান্ত স্বভাব এবং উত্তেজনায় ভরা আবহেও সংযম বজায় রাখতে ওস্তাদ। এই স্বভাবের জন্য সমালোচনাও কুড়িয়েছেন তিনি। তবে গৌরব দেখিয়ে দিলেন, এইভাবেও বিগ বসের ট্রফি জেতা যায়।
এই সিজনের প্রথম রানারআপ হয়েছেন ফারহানা এবং দ্বিতীয় রানারআপ হয়েছেন প্রণীত মোরে। এ ছাড়া গৌরবের উদযাপনের আরও একটি কারণ রয়েছে, এবং তা হ'ল সলমন খান শিগগিরই তাঁর সঙ্গে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন, আর এ কথা তো কারুর অজানা নয়, সলমন তাঁর কমিটমেন্ট রাখতে কতখানি ওস্তাদ, কারণ ‘মেয়নে একবার জো কমিটমেন্ট করদি তো ফির ম্যায় আপনে আপকি ভি নেহি শুনতা’। মরসুমের শেষ উইকেন্ডে কা ভারে ভাইজান গৌরবের শান্ত এবং সংযত প্রকৃতির প্রশংসা করে প্রকাশ করেছিলেন যে তিনি শীঘ্রই তাঁর সাথে কাজ করতে চলেছেন।
তিনি বলেন, ‘গৌরবের ব্যক্তিত্ব প্রশংসার দাবি রাখে। তার চেয়েও বড় কথা, তার পরিবার, বন্ধুবান্ধব ও স্ত্রীর প্রতি অগাধ শ্রদ্ধা রয়েছে। তার সাথে কাজ করতে পেরে আনন্দিত হব। খুব শিগগিরই গৌরবের সঙ্গে কাজ করব’।
গৌরবের যাত্রা উত্তেজনায় ভরপুর ছিল না, তবে তাঁর উপস্থিতি সর্বদা টের পাওয়া গেছে। তিনি বেশিরভাগ মরসুমের জন্য লো-প্রোফাইল বজায় রেখেছিলেন, খুব কমই লড়াই বা বিতর্কে নিজেকে জড়িয়েছেন গৌরব। সস্তা টিআরপি বা ফোকাস কুড়ানোর দৌড়ে কোনওদিন ঝোঁকেননি গৌরব। সেই কারণেই বোধহয় দর্শকদের ভালোবাসা কুড়িয়েছেন।
হিন্দি টেলিভিশনের দীর্ঘদিনের পরিচিত মুখ গৌরব। তবে হালে অনুপমা শো-তে রূপালি গঙ্গোপাধ্যায়ের বিপরীতে দেখা গিয়েছে তাঁকে। শ্রীময়ীর হিন্দি রিমেকে রোহিত সেনের চরিত্রটি করেছেন গৌরব। অনুজের ভূমিকায় গোটা দেশের ভালোবাসা কুড়িয়েছেন, আর এবার বিগ বসের ট্রফি ঘরে নিয়ে গেলেন অভিনেতা।












