আগাম জামিন পেলেন হিরণ, প্রথম স্ত্রীর দায়ের করা মামলায় BJP বিধায়ককে বড় স্বস্তি দিল হাইকোর্ট

হিরণের ‘দ্বিতীয় বিয়ে’র ছবি প্রকাশ্যে আসার পর থেকেই টলিপাড়া ও রাজনৈতিক মহলে কানাঘুষো শুরু হয়েছিল। সেই বিতর্কের জেরে তাঁর প্রথম স্ত্রী আইনি পদক্ষেপ নিলে গ্রেফতারির সম্ভাবনা তৈরি হয়। তবে শেষ পর্যন্ত বড় জয় পেলেন অভিনেতা; কলকাতা হাইকোর্ট তাঁর আগাম জামিন মঞ্জুর করেছে।

Published on: Feb 11, 2026 4:36 PM IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

ব্যক্তিগত জীবন ও আইনি লড়াইয়ের টানাপোড়েনের মাঝে বড়সড় স্বস্তি পেলেন বিজেপি বিধায়ক তথা অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়। দ্বিতীয় বিয়ের ছবি প্রকাশ্যে আসার পর বিধায়ককে ঘিরে হইচই কাণ্ড। হিরণের প্রথম স্ত্রী অনিন্দিতা চট্টোপাধ্য়ায়েপ দায়ের করা মামলায় কলকাতা হাইকোর্ট এদিন হিরণের আগাম জামিন মঞ্জুর করেছে।

আগাম জামিন পেলেন হিরণ, প্রথম স্ত্রীর দায়ের করা মামলায় বড় স্বস্তি দিল হাইকোর্ট
আগাম জামিন পেলেন হিরণ, প্রথম স্ত্রীর দায়ের করা মামলায় বড় স্বস্তি দিল হাইকোর্ট

বিতর্কের কেন্দ্রে ‘দ্বিতীয় বিয়ে’

হিরণ চট্টোপাধ্যায়ের ব্যক্তিগত জীবন নিয়ে জল্পনা অনেক দিনের। তবে সম্প্রতি সমাজমাধ্যমে হিরণের দ্বিতীয় বিয়ের বেশ কিছু ছবি ভাইরাল হতেই বিতর্ক চরম আকার ধারণ করে। এই ছবিগুলি সামনে আসার পর হিরণের প্রথম স্ত্রী আইনি পদক্ষেপ নেন। তাঁর মূল অভিযোগ ছিল, প্রথম স্ত্রীর সঙ্গে আইনত বিবাহবিচ্ছেদ (Divorce) সম্পন্ন না করেই হিরণ দ্বিতীয়বার বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন, যা আইনত দণ্ডনীয়।

বিধানসভা ভোটের আগে কোনও রাজনৈতিক বিতর্ক নয়, বরং ব্যক্তিগত জীবন নিয়ে ঘোর সঙ্কটে খড়গপুরের বিজেপি বিধায়ক। হিরণের স্ত্রী অনিন্দিতা জানিয়েছেন, তাঁদের বিয়ে হয়েছিল ২০০১ সালে। ডিভোর্স তো দূর অস্ত, সেই প্রক্রিয়াই শুরু হয়নি। তাঁকে অন্ধকারে রেখে হিরণ দ্বিতীয় বিয়ে করেছেন। হিরণের দ্বিতীয় স্ত্রীর নাম ঋতিকা গিরি। দীর্ঘদিন ধরে হিরণের আপ্ত সহায়ক হিসাবে কাজ করেছেন ঋতিকা। দিয়েছেন ভাইফোঁটাও।

প্রথম স্ত্রীর মামলা ও গ্রেফতারির আশঙ্কা

হিরণের প্রথম স্ত্রী থানায় অভিযোগ দায়ের করে দাবি করেন যে, হিরণ তাঁকে এবং আইনকে ফাঁকি দিয়ে পুনরায় বিয়ে করেছেন। এই অভিযোগের ভিত্তিতে তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির সম্ভাবনা তৈরি হয়েছিল। আইনি রক্ষাকবচ পেতে হিরণ তৎক্ষণাৎ কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন।

হাইকোর্টের রায় ও জামিন

এদিন হিরণের আগাম জামিনের আবেদন মঞ্জুর করে কলকাতা হাইকোর্ট। আদালতের পর্যবেক্ষণ অনুযায়ী:এই মামলাটি মূলত পারিবারিক বিবাদ কেন্দ্রিক, তাই এই মুহূর্তে বিধায়ককে হেফাজতে নেওয়ার বা গ্রেফতার করার কোনো প্রয়োজন নেই। তবে তদন্তের প্রয়োজনে পুলিশ ডাকলে হিরণকে সবরকম সহযোগিতা করতে হবে। ১৫ দিন অন্তর তদন্তকারী অফিসারের সামনে হাজিরা দিতে হবে বিধায়ককে। আদালত তাঁকে অন্তর্বর্তীকালীন রক্ষাকবচ প্রদান করেছে, যার ফলে তাঁর গ্রেফতারির আশঙ্কা আপাতত দূর হলো।

হিরণের প্রতিক্রিয়া

আদালতের রায়ে খুশি হিরণ এবং তাঁর ঘনিষ্ঠ মহল। প্রথম থেকেই অভিনেতা দাবি করে এসেছেন যে, তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে একটি বিশেষ মহল চক্রান্ত করছে। হাইকোর্টের এই নির্দেশের পর তিনি এখন নিজের রাজনৈতিক কর্মসূচি ও অভিনয়ের কাজে মনোনিবেশ করতে পারবেন বলে মনে করা হচ্ছে।

পারিবারিক সমস্যার এই জল শেষ পর্যন্ত কতদূর গড়ায় এবং প্রথম স্ত্রীর পরবর্তী পদক্ষেপ কী হয়, এখন সেদিকেই নজর রয়েছে সকলের।