সহ-অভিনেতা জীতু কমলের সঙ্গে বনিবনা না হওয়ায় চিরদিনই তুমি যে আমার থেকে সরে দাঁড়িয়েছেন দিতিপ্রিয়া রায়। বহু জল্পনা-কল্পনার পর অপর্ণার চরিত্রে প্রযোজনা সংস্থা কাস্ট করেছে শিরিন পালকে। এই মেগার সাথেই ছোটপর্দায় হাতেখড়ি শিরিনের। শুরুতেই লাইমলাইট তাঁর উপর।
জীতুর সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে আপত্তি ছিল দিতিপ্রিয়ার, নায়িকা বদল হতেই সিরিয়ালে বদলে গিয়েছে সবকিছু। আর্য-অপর্ণার রোম্যান্সে ঠাসা সিরিয়ালের এপিসোড। এরই মাঝে সামনে এল সিরিয়ালের নতুন প্রোমো। সেখানেই আর্য-অপর্ণার শুভ পরিণয়ের ঘোষণা সেরে ফেলেছে চ্যানেল।
হালকা বেগুণি শিফন শাড়িতে জীতুর নতুন নায়িকা। রোম্যান্টিক ডেটে আরও কাছাকাছি দুজনে। নাচের ঝলকের সঙ্গে ঘোষণা বিয়ের। বলা বাহুল্য এই প্রোমো দেখে দুজনের চারহাত এক হওয়া দেখতে তর সইছে না ভক্তদের।
ওদিকে সিরিয়ালের একটি ক্লিপ বুধবার সন্ধ্যায় নিজের ফেসবুকের দেওয়ালে শেয়ার করে নেন জীতু। নতুন নায়িকার সঙ্গে রোম্যান্টিক একটি দৃশ্য। স্নান সেরে গামছা দিয়ে চুলের জল মুচছে অপর্ণা। সেই জল গিয়ে পড়বে জীতুর মুখে! ওমনি রোম্যান্সের জোয়ারে ভেসে গেল আর্য।
ভিডিয়োর ক্য়াপশনে জীতু লেখেন, ‘দেখুন-বুঝুন, বড় হয়েছেন। বাকিটা আপনাদের উপর’।
গত কয়েক সপ্তাহ যাবত জীতুর সঙ্গে শট দেননি দিতিপ্রিয়া। ডামি ব্যবহার করে চলছিল কাজ। নতুন নায়িকা আসবার পর থেকে জান ফিরে এসেছে পর্দায়। জীতু ভক্তরা দারুণ খুশি শিরিনকে অপর্ণা রূপে পেয়ে।
ছোটপর্দায় প্রথম কাজ হলেও, রঙ্গমঞ্চের চেনা মুখ শিরিন। সহ-অভিনেত্রীকে আপন করে নিয়েছেন জীতু। শিরিনের প্রশংসায় পঞ্চমুখ তিনি। জীতু আগেই জানিয়েছেন, ‘তিন দিন কাজ করলাম, দুর্দান্ত অভিনেত্রী।সত্যি বলছি। ডিরেক্টর কে খুব একটা বেশি খাটতে হবে না। খুব তাড়াতাড়ি ধরে নিতে পারে কাজ। খুব তাড়াতাড়ি বুঝতে পারে। আর বিবেক-শিক্ষিতা তো,তাই জন্য ওর মধ্যে একটা বিবেক কাজ করে,যে কতটুকু আমি শুনবো আর কতটুকু শুনবো না। খুব সুন্দর হবে আমাদের কাজ এই আশা রাখি। এটাও জানি,আপনারা পাশে ছিলেন এবং পাশে থাকবেন। নতুন শুরু করেছে তাকে উৎসাহিত করবেন। নীচে টেনে নামানোর চেষ্টায় ওর মন ভেঙে দেবেন না।’