Serial Update: ‘সবার সাথে আবার অন্য কোথাও দেখা হবে...’, শেষ পছন্দের সিরিয়াল, মন ভার সুব্রতর
Serial Update: ‘বিদায় হরি ঘোষের গোয়াল’, স্টুডিওপাড়ার আলো নিভতেই ফেসবুকের দেওয়ালে আবেগপ্রবণ অভিনেতা সুব্রত গুহ রায়।
শেষ হল পথচলা। শুটিং ফ্লোরের সেই পরিচিত ব্যস্ততা, মেকআপ রুমের আড্ডা আর লাইট-ক্যামেরা-অ্যাকশনের সেই চেনা ছন্দ— সবটাই এখন অতীত। জনপ্রিয় ধারাবাহিক ‘হরি ঘোষের গোয়াল’-এর পর্দা নামতেই বিষণ্ণ অভিনেতা সুব্রত গুহ রায়। ডিডি বাংলার জনপ্রিয় মেগা হরি ঘোষের গোয়াল। সেখানকার পরিচিত মুখ সুব্রত বাবু। তাঁকে অবশ্য় দর্শক এখন বেশি চেনে রায়ানের দাদু হিসাবে। পরিণীতা খ্যাত অভিনেতা কিন্তু দূরদর্শনের পর্দাতেও সামন দাপটের সঙ্গে কাজ করে চলেছেন।

এই দীর্ঘ জার্নিতে নিজের চরিত্র এবং সহকর্মীদের সঙ্গে গড়ে ওঠা আত্মিক টান ছিঁড়ে যাওয়ার যন্ত্রণা ধরা পড়ল তাঁর সাম্প্রতিক ফেসবুক পোস্টে। ‘হরি ঘোষের গোয়াল’কে আনুষ্ঠানিকভাবে বিদায় জানিয়ে এক বুক স্মৃতি আঁকড়ে ধরলেন অভিনেতা। শ্যুটিংয়ের শেষ দিনের কিছু মুহূর্ত এবং সহকর্মীদের সঙ্গে ছবি শেয়ার করে সুব্রত বাবু লিখেছেন এক মরমী বার্তা। সেখানে যেমন ছিল কাজের তৃপ্তি, তেমনই ছিল প্রিয় চরিত্রকে বিদায় জানানোর কষ্ট। তাঁর পোস্টে উঠে এসেছে স্টুডিওর সেই ‘গোয়াল’-এর কথা, যা গত কয়েক মাসে তাঁর কাছে ঘরের মতোই হয়ে উঠেছিল। সহ-অভিনেতাদের প্রতি কৃতজ্ঞতা জানাতে ভোলেননি তিনি।
অভিনেতা লেখেন, ‘হাসছি কিন্তু মনটা ভারাক্রান্ত...এতদিনের মজা হাসি শেষ হয়ে যাচ্ছে...সবার সাথে আবার অন্য কোথাও দেখা হবে.... হরিপ্রসন্ন, বসন্ত, টগর, কাঞ্চন আর পবিত্র পাত্রের ভয়ে লুকিয়ে থাকবে না...বিদায় হরি ঘোষের গোয়াল....’।
‘হরি ঘোষের গোয়াল’-এর সঙ্গে জড়িয়ে থাকা প্রতিটি মুহূর্ত এখন তাঁর ব্যক্তিগত সংগ্রহের অমূল্য সম্পদ। অনুরাগীদের উদ্দেশ্যে তিনি জানিয়েছেন, দর্শকদের ভালোবাসার টানেই এই পথচলা সম্ভব হয়েছে। ধারাবাহিকটি শেষ হওয়ার খবর চাউর হতেই মন খারাপ অনুরাগীদেরও। সুব্রত গুহ রায়ের পোস্টের নিচে কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। কেউ লিখেছেন, ‘আপনার অভিনয় খুব মিস করব’, কেউ আবার কনফিউজ হয়ে জানতে চেয়েছেন, ‘দাদা, পরিণীতা কি শেষ হচ্ছে?’ অভিনেতা স্পষ্ট করেছেন, এখনই পরিণীতা শেষ হচ্ছে না। কেউ আবার তাতে স্বস্তির নিঃশ্বাস ফেলে জানিয়েছেন, ওহ এটা অন্য় ধারাবাহিক।
E-Paper











