Debolina Nandy: ‘ভুল পদক্ষেপ নিতে চলেছিলাম…’, সুস্থ হয়ে বাড়ি ফিরে বড় সিদ্ধান্ত দেবলীনার!
Debolina Nandy: দাম্পত্যের টানাপোড়েনের জেরে নিজেকে শেষ করে দেওয়ার সিদ্ধান্ত। বিতর্ক-নীতি পুলিশির পর ক্লান্ত দেবলীনা। বাড়ি ফিরে কী জানালেন গায়িকা?
নিজেকে শেষ করে দেওয়া কোনও সমস্যার সমাধান নয়, হাসপাতালের বিছানায় শুয়ে এটাই উপলব্ধি করেছেন দেবলীনা নন্দী। গত কয়েকদিনে সোশ্যাল মিডিয়ার দৌলতে এই নামটার সঙ্গে পরিচিত হয়ে গিয়েছে সকলে। দেবলীনা গায়িকা হিসাবে যত না জনপ্রিয়, তার চেয়ে বেশি পরিচিতি পেয়েছিলেন ভ্লগিং শুরু করার পর। সেটাই তাঁর রুজিরুটির বড় অংশ।

তাই নিজেকে শেষ করার সিদ্ধান্ত নেওয়ার আগে নিজের বৃহত্তর পরিবারের সঙ্গে মনের দুঃখ ভাগ করে নিয়েছিলেন দেবলীনা। দাম্পত্যের টানাপোড়েনের জের, মায়ের সঙ্গে সম্পর্কের পাঠ চুকানোর চাপ সহ্য করতে পারেননি। পাইলট স্বামীর অবজ্ঞায় দেওয়ালে পিঠ ঠেকেছিল তাঁর। পেশাগত জগতেও তাঁকে কোণঠাসা করার চেষ্টা চলছিল। সব মিলিয়ে ক্লান্ত,অবসাদগ্রস্ত গায়িকা আত্মহননের সিদ্ধান্ত নিয়েছিলেন। কিন্তু সেই সিদ্ধান্ত ভুল ছিল তা উপলব্ধি করেছেন তিনি নিজেই।
হাসপাতাল থেকে বাড়ি ফিরে নিজের মুখেই সে কথা জানিয়েছেন দেবলীনা। একইসঙ্গে দিয়েছেন বড় সুখবর। ‘মাচা শিল্পী’ দেবলীনা। শীতের মরসুমে তাঁর একাধিক অনুষ্ঠান থাকে। তবে সাম্প্রতিক ঘটনার জেরে সব থমকে গিয়েছিল। দেবলীনা জানিয়েছেন, ১৫ই জানুয়ারির পর থেকে অনুষ্ঠানের জন্য তাঁর সঙ্গে যোগাযোগ করা যাবে।
দেবলীনা বলেন,'এই কঠিন সময়ে যাঁরা আমার পাশে ছিলেন, সকলকে ধন্যবাদ। আমি উপলব্ধি করেছি মানুষের সঙ্গে আমার সংযোগ স্থাপনের একমাত্র পথ গান। তাই চেনা ছন্দে, চেনা মুক্ত মঞ্চে আমি ফিরছি। আপনাদের আর্শীবাদ নিতে, ভালোবাসা নিতে। ১৫ই জানুয়ারির পর থেকে আপনারা নির্দ্বিধায় আমার অনুষ্ঠানের জন্য যোগযোগ করুন'।
দেবলীনার আত্মহত্য়ার ঘটনায় এখনও পর্যন্ত সংবাদমাধ্য়ম বা সোশ্যাল মিডিয়ায় মুখ খোলেননি দেবলীনার পাইলট স্বামী প্রবাহ নন্দী। তিনি আশ্চর্যজনকভাবে চুপ। স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরেছেন দেবলীনা। হাসপাতালের বিছানায় শুয়েও জানিয়েছেন একবারের জন্য তাঁর খোঁজ নেননি প্রবাহ। তারপরও বলেছেন, তিনি ভেঙে ফেলায় বিশ্বাসী নন। প্রবাহর সঙ্গে সংসার করতে চেয়েছেন গায়িকা। আগামিতে তাঁদের দাম্পত্য সম্পর্ক কোনদিকে এগোয়, সেই প্রশ্নের উত্তর ঘিরে রয়েছে ধোঁয়াশা।
E-Paper











