Saina Chatterjee: ‘অনুবান্তিকে জুটিতে ভালোবাসার জন্য ধন্যবাদ… দ্রুত ফিরব', কী থেকে ‘বিরতি’ চাইলেন ‘লাজু’ সাইনা?
Saina Chatterjee: আগামী তিন মাসের জন্য় বিশেষ এই কাজ থেকে বিরতি নিলেন সাইনা। দর্শকদের কাছে কী দরবার করলেন অভিষেক কন্যা?
এই মুহূর্তে বাংলা টেলিভিশনের অন্যতম হার্টথ্রব জুটি লাজু-অনুভব। খাতায়-কলমে তাঁদের এই সম্পর্কটা ‘পরকীয়া’ তবে লাজু-অনুভবের মিল চায় ভক্তরা। সাইনা-সোমরাজের কেমিস্ট্রি পর্দায় তাড়িয়ে উপভোগ করে সিরিয়ালের দর্শক। মাত্র ১৫ বছর বয়সে যে পারদর্শীরতার সঙ্গে লাজুর চরিত্র ফুটিয়ে তুলছে সাইনা, তাতে মুগ্ধ সকলে। বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়া পোস্টে দর্শকদের কাছে একটি আবেদন রাখলেন সাইনা।

কয়েকটা মাসের জন্য বিশেষ কাজ থেকে চাইলেন বিরতি! এর জন্য খানিক হতাশ হতে পারেন লাজু-অনুভব জুটির ভক্তরা। তবে লাজুর ব্যক্তিগত জীবনের বড় মাইলস্টোনের জন্য এই সিদ্ধান্ত। সাইনার রক্তে অভিনয়। প্রয়াত অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়ের কন্যা তিনি। অনুরাগের ছোঁয়ার রূপা হিসাবে অভিনয়ে হাতেখড়ি তাঁর। অল্প কয়েকমাসেই ছোটপর্দায় নিজের পায়ের মাটি শক্ত করেছেন সাইনা। অভিনয় তাঁর ভালোবাসার জায়গা। তবে পড়াশোনা নিয়েও ভীষণ সিরিয়াস এই স্টারকিড। মেয়ে যাতে অভিনয় চালিয়ে যেতে পারে তাই হোম স্কুলিং-এর সিদ্ধান্ত নিয়েছেন অভিষেক ঘরণী সংযুক্তা। আগামী বছরের গোড়াতেই ক্লাস টেনে বোর্ডের পরীক্ষা সাইনার। শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত অভিনেত্রী।
শ্যুটিং সেটে শটের ফাঁকে স্ক্রিপ্টের পাশাপাশি বইয়ে মুখ গুঁজে থাকেন সাইনা। নিজের ফাঁকা সময়ের গোটাটাই পড়াশোনার কাজে লাগাতে চান তিনি। তাই আগামী কয়েকটা মাস কোনওরকম সাক্ষাৎকার দেওয়া থেকে অব্যাহতি চেয়েছেন সাইনা। তিনি লেখেন, 'প্রিয় সকলে, আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানাতে চাই আমাকে এবং অনুবান্তি জুটিকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য। তবে আমি খুব বিনীতভাবে অনুরোধ করব আগামী মার্চের ৬ তারিখ পর্যন্ত (ওইদিন আমার IGCSE পরীক্ষা শেষ) আমাকে কোনওরকম সাক্ষাৎকার দেওয়া থেকে অব্যাহতি দিন। কোনও জরুরি সাক্ষাৎকার হলে সেটার সময় নিঃসন্দেহে বার করার চেষ্টা করা হবে।
এই অনুরোধের একটাই কারণ, আমার ফাঁকা সময়ের সবটাই আমি রিভিসনের (পড়াশোনার) কাজে লাগাতে চাই। আমি নিশ্চিত যে আমার শুভাকাঙ্খীরা আমাকে সাপোর্ট করবে আমার পড়াশোনার প্রতি এই দায়বদ্ধতার ব্যাপারে। সকলকে অসংখ্য ধন্য়বাদ সাক্ষাৎকার থেকে আমার অনুপস্থিতির কারণটা বোঝবার জন্য। আমি খুব শীঘ্রই ফিরব, ৬ই মার্চ কিংবা তারপর থেকে আরও অনেক সাক্ষাৎকার নিয়ে। ততদিন পর্যন্ত দেখতে থাকুন কনে দেখা আলো….'।
সাইনা স্পষ্ট জানিয়েছেন, আপতত কোনওরকম সাক্ষাৎকার দেবেন না তিনি। তবে শ্যুটিংয়ের কাজ চালিয়ে যাবেন পুরোদমে।












