চলতি মাসেই টালিগঞ্জের একটি বহুতলে হঠাৎ করে আগুন লেগে গিয়েছিল, যে আবাসনে নুসরত জাহান থেকে শুরু করে পরিচালক শুভ্রজিৎ সহ একাধিক পরিচিত ব্যক্তিত্ব থাকেন। শিবরাত্রি দিন একটি ফ্ল্যাট থেকে আচমকা আগুন লেগে যায় এবং খুব তাড়াতাড়ি তা ছড়িয়ে যায় সর্বত্র।
চলতি মাসেই টালিগঞ্জের একটি বহুতলে হঠাৎ করে আগুন লেগে গিয়েছিল, যে আবাসনে নুসরত জাহান থেকে শুরু করে পরিচালক শুভ্রজিৎ সহ একাধিক পরিচিত ব্যক্তিত্ব থাকেন। শিবরাত্রির দিন একটি ফ্ল্যাট থেকে আচমকা আগুন লেগে যায় এবং খুব তাড়াতাড়ি তা ছড়িয়ে যায় সর্বত্র। সেই ঘটনার একমাস অতিক্রান্ত হতে না হতেই এবার রুবি সংলগ্ন আরবানার চতুর্থ টাওয়ারের ৫ তলায় আগুন লেগে যায়।
আচমকা আগুন পায়েল-লহমাদের আবাসনে!
আরবানার এই টাওয়ারে পায়েল সরকার থেকে লহমা ভট্টাচার্য সহ বিনোদন দুনিয়ার একাধিক পরিচিত তারকা বসবাস করেন। প্রথমে কেউই কিছু বুঝতে পারেনি তবে যখনই ব্যাপারটা আন্দাজ করতে পারেন সকলে তখনই তড়িঘড়ি আবাসন ছেড়ে বেরিয়ে আসেন।
আবাসনে আগুন লাগার প্রসঙ্গে আনন্দবাজার ডট কমকে পায়েল সরকার জানান, অভিনেত্রীর রান্নাঘরের বাইরে প্রচুর ধোঁয়া দেখে বাড়ির পরিচারিকা ব্যাপারটা নিয়ে সজাগ হন। আগুন লেগেছে এই আন্দাজ করেই সঙ্গে সঙ্গে সকলে টাওয়ার ছেড়ে বেরিয়ে আসেন। যদিও ততক্ষণে সর্বত্র ধোঁয়ায় ভরে গিয়েছিল। আগুন দেখে সকলে এতটাই চিন্তিত হয়ে গিয়েছিলেন যে প্রায় ৪০ মিনিট পর দমকলকে খবর দেওয়া হয়।
যে আবাসনের সাত তলায় থাকেন পায়েল সরকার, ওই একই আবাসনে ৩০ তলায় থাকেন লহমা ভট্টাচার্য। চারিপাশে ধোঁয়া ছড়িয়ে যেতে দেখে তিনি তড়িঘড়ি বাবা-মা ও দিদাকে নিয়ে নিচে নেমে আসেন। যেহেতু তিনি আবাসনের অনেকটা ওপরের ফ্লোরে থাকেন তাই বয়স্ক মানুষদের নিয়ে নিচে নামতেও বেশ খানিকটা সময় লেগে যায় তাঁর। প্রাথমিকভাবে আতঙ্কিত হয়ে গেলেও পরে পরিস্থিতি সামলে গেলে শান্ত হন সকলে।
প্রসঙ্গত, প্রাথমিকভাবে জানা গিয়েছে আবাসনের পাঁচতলার একটি এসি মেশিন থেকে খুব সম্ভবত এই আগুন ছড়ায়। শর্ট সার্কিট হওয়ার দরুন এই দুর্ঘটনা বলেই আন্দাজ সকলের। তবে গোটা ঘটনায় কারও আহত হওয়ার খবর সামনে আসেনি।