Govinda-Sunita: ‘সুনীতাকে ঢাল করে বড় ষড়যন্ত্র…’, পরকীয়ায় মত্ত গোবিন্দা? নীরবতা ভাঙলেন নায়ক

গোবিন্দার ডিভোর্সচর্চা ফের মাথাচাড়া দিয়েছে। সত্যি কি ভাঙছে তারকার ৩৯ বছরের বিয়ে? স্ত্রীর পরকীয়ার অভিযোগে বিদ্ধ নায়ক। 

Published on: Jan 19, 2026 9:00 AM IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

গত কয়েক মাস ধরে টিনসেল টাউনের অন্দরে কান পাতলেই শোনা যাচ্ছিল গোবিন্দা এবং সুনীতা আহুজার ৩৮ বছরের ঘর ভাঙার খবর। বিশেষ করে সুনীতার কিছু সাম্প্রতিক বিস্ফোরক মন্তব্য সেই জল্পনার আগুনে ঘি ঢেলেছিল। অবশেষে মৌনতা ভাঙলেন স্বয়ং গোবিন্দা। কিন্তু তাঁর দাবি ঘিরে নতুন করে শোরগোল পড়ে গিয়েছে। অভিনেতার মতে, তাঁদের সুখের সংসারে ভাঙন ধরাতে নেপথ্যে এক ‘গভীর ষড়যন্ত্র’ কাজ করছে, যেখানে অজান্তেই ঘুঁটি করা হচ্ছে তাঁর অর্ধাঙ্গিনীকে।

‘সুনীতাকে ঢাল করে বড় ষড়যন্ত্র…’, ভাঙতে চলেছে ৩৯ বছরের দাম্পত্য? জবাব গোবিন্দার
‘সুনীতাকে ঢাল করে বড় ষড়যন্ত্র…’, ভাঙতে চলেছে ৩৯ বছরের দাম্পত্য? জবাব গোবিন্দার

সংবাদ সংস্থা এএনআই (ANI)-কে দেওয়া সাক্ষাৎকারে গোবিন্দা জানান, এতদিন চুপ থাকায় অনেকেই তাঁকে ‘দুর্বল’ ভেবে ভুল করছেন। তিনি বলেন, ‘আমাকে বলা হয়েছে আমার পরিবারের লোকজনকেই এই ষড়যন্ত্রে ব্যবহার করা হচ্ছে। প্রথমে পরিবার ক্ষতিগ্রস্ত হয়, তারপর সেই প্রভাব সমাজে ছড়িয়ে পড়ে। সুনীতা বুঝতেই পারছে না যে ওকে এই নোংরা খেলায় ‘ওপেনিং ব্যাটসম্যান’ হিসেবে নামিয়ে দেওয়া হয়েছে।’

উল্লেখ্য, এর আগে সুনীতা আহুজা এক সাক্ষাৎকারে গোবিন্দার বিরুদ্ধে পরকীয়ার ইঙ্গিত দিয়ে জানিয়েছিলেন, ৬৩ বছর বয়সে এসে এসব শোনা অত্যন্ত অসম্মানজনক। তিনি আরও দাবি করেছিলেন যে, গোবিন্দা জনৈক এক নারীর দ্বারা ব্ল্যাকমেইলের শিকার হচ্ছেন এবং সেই নারী কেবল টাকার জন্য অভিনেতার সাথে রয়েছেন। গোবিন্দার মতে, সুনীতার এই ধরণের হার না মানা জেদ এবং সরাসরি কথা বলার স্বভাবকে কেউ অত্যন্ত সুনিপুণভাবে কাজে লাগিয়ে তাঁর ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছে।

গোবিন্দার দাবি, ইন্ডাস্ট্রিতে যখন কোনো শিল্পীর জনপ্রিয়তা একটি সীমা ছাড়িয়ে যায়, তখন একদল মানুষ তাঁকে ধ্বংস করতে উঠেপড়ে লাগে। তিনি আক্ষেপের সুরে জানান, ‘আমি দীর্ঘ ১৫ বছর ধরে চুপ ছিলাম। ভেবেছিলাম এটা আমার গ্রহের ফের। কিন্তু এখন দেখছি এটা পরিকল্পিত। যারা আমার ভাবমূর্তি নষ্ট করতে চাইছে, তারা সুনীতাকে শিখণ্ডী হিসেবে ব্যবহার করছে।’

গোবিন্দা জানান, তিনি প্রতিনিয়ত ঈশ্বরের কাছে প্রার্থনা করছেন যেন তাঁর পরিবার এই বিপদ থেকে রক্ষা পায়। নিজের দুই সন্তান— টিনা এবং যশবর্ধনের কল্যাণের কথাও উল্লেখ করেন তিনি। যশবর্ধন খুব শীঘ্রই বলিউডে পা রাখতে চলেছেন, আর ঠিক সেই সন্ধিক্ষণেই এই পারিবারিক বিতর্ক গোবিন্দাকে মানসিকভাবে বিপর্যস্ত করে তুলেছে।

গোবিন্দা ষড়যন্ত্রের কথা বললেও, আঙুল ঠিক কার দিকে, তা খোলসা করেননি। তবে ১৯৮৭ সালে সাত পাকে বাঁধা পড়া এই দম্পতির রসায়ন যে এখন খাদের কিনারায়, তা আর গোপন নেই। একদিকে সুনীতার ক্ষোভ আর অন্যদিকে গোবিন্দার ‘ষড়যন্ত্র’ তত্ত্ব— দুইয়ের মাঝে বলিউডের এক সময়ের এক নম্বর নায়কের ব্যক্তিগত জীবন এখন রীতিমতো টালমাটাল।