'সেদিন রাতেই তো বড় হয়ে গেলাম', মাতৃহারা হওয়ার ১২ বছর, মধ্য়রাতে হাহাকার ইমনের
মাতৃবিয়োগের বারো বছর। সময় অনেকটা গড়িয়েছে, সাফল্যের শিখরে পৌঁছেছেন তিনি, কিন্তু মনের কোণে রয়ে গিয়েছে সেই অপূরণীয় শূন্যতা। মা-কে হারানোর এক যুগ পার করে সোশ্যাল মিডিয়ায় এক আবেগঘন পোস্ট করলেন ইমন।
ক্যালেন্ডারের পাতা উল্টে যায়, ঋতু বদলায়, কিন্তু কিছু ক্ষত যেন সময়ের প্রলেপেও সেরে ওঠার নয়। গায়িকা ইমন চক্রবর্তীর জীবনেও আজ তেমনই এক বিষণ্ণ দিন। বারো বছর আগে আজকের দিনেই মাথার ওপর থেকে মায়ের আশীর্বাদের হাতটা সরে গিয়েছিল। দেখতে দেখতে এক যুগ পার। সাফল্যের আলোয় আজ চারপাশ ঝলমল করলেও, ইমনের মন পড়ে আছে সেই বারো বছর আগের এক গোধূলি বেলায়।

বড় হওয়ার সেই মুহূর্ত:
সোশ্যাল মিডিয়ায় ইমন লিখেছেন এক মর্মস্পর্শী চিঠি। তাঁর কথায়, ‘১২ বছর হলো মা। এই ১২ বছরে আমি অনেক কিছু দেখলাম। শিখলাম। বড় হলাম। ওহ, বড় তো ওই দিনেই হয়ে গেছি।’ মা-হারা মেয়ের কাছে জীবনের কঠিন বাস্তবটা যে ওই দিনেই স্পষ্ট হয়ে গিয়েছিল, সে কথাই ফুটে উঠেছে ইমনের প্রতিটি শব্দে। ইমনের আক্ষেপ, মা পাশে না থাকলে জীবন দিন দিন যেন আরও বেশি কঠিন হয়ে পড়ে।
স্মৃতির সরণিতে ইমন:
ইমনের সঙ্গীত সাধনা থেকে শুরু করে ব্যক্তি জীবন—সবটাতেই ছায়া হয়ে আছেন তাঁর মা। মঞ্চে গান গাওয়ার সময় বা জাতীয় পুরস্কারের মঞ্চে ওঠার মুহূর্তেও তিনি বারবার খুঁজেছেন তাঁর মা-কে। আজকের পোস্টে গায়িকার সেই আর্তি যেন সমস্ত বাঁধ ভেঙেছে। তিনি লিখেছেন, ‘লাইফ ইজ গেটিং হার্ডার উইদাউট ইউ ডে বাই ডে... তুমি ফিরে এসো পারলে। প্লিজ ফিরে এসো মা।’ ইমনের মা-ই তাঁর সঙ্গীতের প্রথম শিক্ষাগুরু। মায়ের হাত ধরেই রবির গানকে ভালোবাসা। মা ছাড়া তাই তো গোটা জগত অন্ধকার ইমনের।
শুভাকাঙ্ক্ষীদের পাশে থাকা:
ইমনের এই পোস্ট দেখে আবেগপ্রবণ হয়ে পড়েছেন তাঁর অনুরাগী এবং সহকর্মীরা। অনেকেই তাঁকে সান্ত্বনা দিয়ে জানিয়েছেন যে, মা কখনও ছেড়ে যান না, তিনি আশীর্বাদ হয়ে সবসময় সন্তানের পাশেই থাকেন। সুদীপ্তা চক্রবর্তী থেকে শুরু করে টলিপাড়ার অনেক চেনা মুখ ইমনের এই পোস্টে সমবেদনা জানিয়েছেন।
সাফল্য, নাম, যশ—সবকিছুর ভিড়েও ইমন আজ সেই ছোট্ট মেয়েটিই রয়ে গিয়েছেন, যে তাঁর মায়ের জন্য আজও নিভৃতে চোখের জল ফেলে। বারো বছর পরও ইমনের কণ্ঠে তাই আজ ফিরে আসার হাহাকার। খুব শীঘ্রই ইমনকে নতুন অবতারে দেখা যাবে। গানের পাশাপাশি এবার নাচের জগতে নাম লেখাচ্ছেন ইমন। সুমন ঘোষ ইউন্ডোজ প্রোডাশন হাউজের ব্যানারে ‘ফ্যামিলিওয়ালা’ নামে একটি ছবি বানাচ্ছেন। আর সেখানেই একটি গানে নাচ করতে দেখা যাবে ইমনকে। গানটি হল ‘ঠাকুরজামাই’। 'ফ্যামিলিওয়ালা'র জন্য এই গানটি লিখেছেন ও সুর করেছেন অনিন্দ্য চট্টোপাধ্যায়। গানটি অ্যারেঞ্জমেন্টের দায়িত্বে রয়েছেন প্রবুদ্ধ বন্দ্যোপাধ্যায়।
E-Paper











