Abhishek-Ankita: ‘কলকাতা ফিরেই…’! Indian Idol থেকে বাদ পড়া আটকান, ‘প্রিয় দাদা’ অভিষেককে প্রতিশ্রুতি অঙ্কিতার

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য পাসপোর্ট পেয়েছেন হাতে। ভিডিয়ো বার্তায় তৃণমূল সাংসদ ও দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাতে ভুললেন না কাঁথির মেয়ে অঙ্কিতা প্রধান। 

Feb 16, 2026, 23:12:21 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

ইন্ডিয়ান আইডলের মঞ্চে পাসপোর্টের গেরোয় পড়ে প্রায় বাদ পড়ার মতো অবস্থা হয়েছিল কাঁথির মেয়ে অঙ্কিতা প্রধান। তবে এই বিপদের দিনেই অঙ্কিতার পাশে ঢাল হয়ে দাঁড়ান ‘দাদা’ অভিষেক বন্দ্যোপাধ্যায়। অঙ্কিতার মায়ের পাসপোর্ট বের করে দেন। স্বাভাবিকভাবেই ধন্যবাদ জানাতে ভুললেন না অঙ্কিতা। কথা দিলেন, কলকাতায় ফিরেই দেখা করতে আসবেন।

অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানালেন অঙ্কিতা প্রধান।
অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানালেন অঙ্কিতা প্রধান।

অভিষেকের জন্য অঙ্কিতার বার্তা:

সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো শেয়ার করে নেন অঙ্কিতা। যেখানে তাঁকে বলতে শোনা যায়, ‘নমস্কার আমি কাঁথি মেদিনীপুরের অঙ্কিতা, আপনারা সকলেই জানেন আমি রয়েছি ইন্ডিয়ান আইডলে, সেরা দশ প্রতিযোগীর মধ্যে। আজকে যেই কথা বলার জন্য ভিডিয়ো বানাচ্ছি, কিছুদিন আগে আমি আর মা পাসপোর্টের জন্য আবেদন করি। কিছু কারণবশত সেই পাসপোর্টটি আটকে যায়। আমি আমার এক দাদাকে জানাই। দাদা বলে আমাদের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সকলের প্রিয় দাদা অভিষেকদার দপ্তরে কথাটি জানানোর।’

‘আমি সেই মতো জানাই। ওঁরা আমাকে অনেক সাহায্য করেন। আমি পরে জানতে পারি অভিষেকদা নিজে বিষয়টি দেখেন, এবং পাসপোর্ট তিন দিনের মধ্যে এসে যায় আমাদের কাছে। এর ফলে দুবাই আমরা আসতে পারি। অসংখ্য ধন্যবাদ দাদা, এতটা সাহায্য করার জন্য। আমি আর মা অনেক কৃতজ্ঞ আপনার কাছে। বাংলায় ফিরে অবশ্যই আমাদের মাননীয়া মুখ্যমন্ত্রী, এবং আমাদের সকলের প্রিয় দাদা অভিষেকদার সঙ্গে দেখা করার আমার ইচ্ছে রইল।’, আরও বলেন অঙ্কিতা।

ইন্ডিয়ান আইডলে পাসপোর্ট জটিলতা:

এতদিন পর্যন্ত গানের এই রিয়েলিটি শো-র শুটিং চলছিল মুম্বইয়ে। পরবর্তী গুরুত্বপূর্ণ পর্বের শুটিং হওয়ার কথা দুবাইয়ে। কিন্তু তারপরেই বাধে সমস্যা। অঙ্কিতা যেহেতু নাবালিকা, অভিভাবক ছাড়া তাঁকে বিদেশ পাঠানো সম্ভব নয়। এদিকে, অঙ্কিতার মায়ের পাসপোর্ট কোনো কারণে যায় আটকে। য়োজকদের তরফে জানানো হয়, নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় নথি জমা না পড়লে প্রতিযোগিতা থেকে সরে দাঁড়াতে হবে।

স্বাভাবিকভাবেই এত দূর পৌঁছে এভাবে সরে যাওয়া যন্ত্রণার। তাই শেষমেষ তাঁরা আবেদন জানান তৃণমূল সাংসদ ও দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দফতরে। এবং দ্রুত এই ব্যাপারে হস্তক্ষেপও করা হয়। শনিবার অঙ্কিতার মা হাতে পান পাসপোর্ট। কাটে দুবাই যাওয়ার জটিলতাও। এখন দেখার জাতীয় মঞ্চে কতটা ছাপ ফেলতে পারেন কাঁথির মেয়ে। ট্রফি এবারেও আসে নাকি বাংলায়।

ইন্ডিয়ান আইডল সম্পর্কে:

২০২৫ সালের অক্টোবর মাস থেকে শুরু হয়েছে ইন্ডিয়ান আইডল সিজন ১৬। বিচারকের আসনে দেখা যাচ্ছে শ্রেয়া ঘোষাল, বিশাল দাদালানি ও বাদশাকে। গত সিজন, অর্থাৎ ইন্ডিয়ান আইডল ১৫ জিতেছিলেন বাংলার মেয়ে মানসী ঘোষ।