ছোট পর্দায় সদ্য পা রাখা শিরিন পালের কাজের জীবনের সঙ্গে ব্যক্তিগত জীবনও বেশ চর্চায়। সোশ্যাল মিডিয়ায় জ্বলজ্বল করছে প্রেমিকের সঙ্গে ছবি। আর নায়িকার মনের মানুষ হলেন, অভিনেতা জিৎ সুন্দর। যিনি ধারাবাহিক ‘কম্পাস’-এ কাজ করছেন।
আপাতত পর্দায় ঝড় তুলছে জীতু কমল আর শিরিন পালের মাখোমাখো রোম্যান্স। একসময় দিতিপ্রিয়া রায়ের সঙ্গে জীতুর কেমিস্ট্রি নাকি ছিল ‘ফিকে’, আপাতত এমনটাই মত নেটিজেনদের। সদ্য ছোট পর্দায় পা রাখা শিরিনকে নিয়ে তাই শুরুতেই মাতামাতি। এই নায়িকার আবার কাজের জীবনের সঙ্গে ব্যক্তিগত জীবনও বেশ চর্চায়। কারণ আর পাঁচজনের মতো প্রেম নিয়ে কোনো লুকোছাপাই করেননি তিনি। সোশ্যাল মিডিয়ায় জ্বলজ্বল করছে প্রেমিকের সঙ্গে ছবি। সেই মানুষটা আর কেউ নয়, অভিনেতা জিৎ সুন্দর। যিনি ধারাবাহিক ‘কম্পাস’-এ জমিয়ে অভিনয় করছেন। উভয়েই মঞ্চাভিনেতা। একসঙ্গে নাটকও করেছেন অনেক।
বুধবার প্রেমিকাকে সঙ্গে নিয়ে জিৎ সুন্দর হাজির হয়েছিল অগ্নিদেব চট্টোপাধ্যায়ের টেলিভিশন জগতে ৩৯ বছর কাটিয়ে দেওয়ার জমজমাট সেলিব্রেশনে। সেখানে স্বাভাবিকভাবেই মিডিয়া জিতের কাছে জানতে চায় যে, কেমন লাগছে যখন দেখেন, ভালোবাসার মানুষ প্রথম ধারাবাহিকেই হাজার হাজার দর্শকের কাছ থেকে ভালোবাসা পাচ্ছে?
আর এই প্রশ্নে জবাব আসে, ‘অল দ্য বেস্ট টু হার, অল দ্য বেস্ট টু জীতু দা। অল দ্য বেস্ট টু দ্য টিম। থ্যাঙ্ক ইউ বলব দর্শককে। আর কী! আরও অনেকদিন চলুক।’ এর আগেও জিৎ সুন্দর স্পষ্ট করে দিয়েছিলেন যে, কোনোভাবেই জীতু ও শিরিনের ঘনিষ্ঠ দৃশ্য দেখে কণামাত্র ‘হিংসে’ বা ‘নিরাপত্তাহীনতায়’ ভোগেননি তিনি। কারণ সম্পর্কের ভিতই যে ‘ভরসা’। সঙ্গে জানিয়েছিলেন, দুজনে একসঙ্গে দেখেছেন চিরদিনই তুমি যে আমার। যেমন শিরিনের অভিনয় তাঁর ভালো লেগেছে। তেমনই যেভাবে জীতু তাঁকে আগলে রাখেন, সেটারও প্রশংসা করেন।
শিরিন বহুদিন ধরেই থিয়েটারের সঙ্গে যুক্ত। ক্যামেরার সঙ্গে কাজও এটা প্রথম নয়। এর আগে তাঁকে দেখা গিয়েছে এসভিএফের সিরিজ় ‘বীরাঙ্গনা’ এবং জি বাংলার সিরিজ ‘ফাঁদ’-এ। আপাতত অপর্ণা বা অপু হিসেবে তিনি রীতিমতো তুলছেন ঝড়। এমনকী, জীতুর সঙ্গে বন্ধুত্বও বেশ। তবে একটাই সমস্যা, ধারাবাহিকের টিআরপি চলমান বিতর্কের কারণে অনেকখানিই পড়ে গিয়েছে। এখন দেখার, কবে তা একটু ঠিকঠাক হয়। কারণ, গত সপ্তাহেই ধারাবাহিক আচমকা বন্ধ হয়ে যাওয়ার গুঞ্জন দিয়েছিল মাথাচাড়া।