Jeetu Kamal Health Update: সংক্রমণ নিয়ে হাসপাতালে জিতু, শনিতে ছাড়া পাবেন অভিনেতা? ‘কাজপাগল’ আর্য কবে ফিরছেন সেটে?

Jeetu Kamal Health Update: অসুস্থ শরীরেও তাঁর মাথায় ঘুরছে সেটে ফেরার ভাবনা। হাসপাতাল থেকে কবে ছুটি পাবেন জিতু কমল?

Published on: Nov 07, 2025 11:45 PM IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

দু-দিন আগে নিজের আসন্ন সিনেমার শ্যুটিং সেটে আচমকা অসুস্থ হয়ে পড়েন জিতু কমল। বুকে ব্য়াথার অভিযোগ করেন, এরপর সংজ্ঞা হারান। তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয় অভিনেতাকে। গত বুধবার থেকে বাইপাস লাগোয়া এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকের আর্য সিংহ রায়। বুকে ব্যাথা কমলেও বৃহস্পতিবারও জ্বর ছিল জিতুর। সঙ্গে মাথা যন্ত্রণা।

বুকে সংক্রমণ নিয়ে হাসপাতালে জিতু, কবে ছাড়া পাবেন অভিনেতা? আর্য কবে ফিরছেন সেটে?
বুকে সংক্রমণ নিয়ে হাসপাতালে জিতু, কবে ছাড়া পাবেন অভিনেতা? আর্য কবে ফিরছেন সেটে?

চিন্তায় ঘুম উড়েছে অনুরাগীদের। জিতু সদ্য চল্লিশের কোঠায় পা দিয়েছেন। তাঁর সুঠাম দেহ, নিয়মিত শরীরচর্চা করেন। ডায়েট মেনে চলে খাওয়া দাওয়া। নায়কের বুকে যন্ত্রণা হওয়ার কথা শুনে ঘাবড়ে গিয়েছিলেন অনেকেই। জানা গিয়েছে তাঁর হৃদযন্ত্রের কোনও সমস্যা নেই। অভিনেতার টিম জানিয়েছে, সংক্রমণ হয়েছে। তবে স্পষ্টভাবে কিছু বলা হয়নি।

জিতু অসুস্থতার জন্য ক্ষমা চেয়েছেন, ফেসবুকে লম্বা পোস্ট করেছেন কিন্তু তাঁর কী হয়েছে তা স্পষ্ট করেননি। ওদিকে নায়ক ছাড়া সিরিয়ালের শ্যুটিং করতে গিয়ে নাকানিচোবানি খেতে হচ্ছে গোটা টিমকে। আর্য-অপর্ণার বিয়ের মতো গুরুত্বপূর্ণ ট্র্যাক আসছিল গল্পে। সেখানে আচমকাই অসুস্থ নায়ক।

অভিনেতার ম্যানেজার শুক্রবার হিন্দুস্তান টাইমস বাংলাকে জানান, আগামি এক-দু'দিনের মধ্যেই হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে জিতুকে। এখনই স্পষ্টভাবে কিছু বলা সম্ভব নয়। চিকিৎসক সব বিচার বিবেচনা করে সিদ্ধান্ত নেবেন। ওদিকে শ্যুটিং সেটে ফিরতে ছটপট করেছেন অভিনেতাও। তবে তিনিও নিরুপায়। হাসপাতাল থেকে ছুটি পেলেই সোজা শ্যুটিং সেটে ফিরবেন জিতু।

তিনি বৃহস্পতিবার একটি পোস্ট করে লেখেন, ‘হসপিটালের বেডে শুয়ে হাতে রিভেন অথবা দুঃখী মুখ করে ‘I will come back soon’ এই সহানুভূতিশীল ক্যাপশনগুলো দেওয়ার বা ছবি তোলার কখনওই আমি পক্ষপাতিত্ব করি না। যাঁরা করেন তাঁদের বিরুদ্ধাচারণও করিও না। দেখুন গাড়ি সার্ভিস সেন্টারে নিয়ে যাওয়া মানেই গাড়ি খারাপ হয়ে গিয়েছে এমন নয়, অথবা ভয়াবহ অ্যাক্সিডেন্ট হয়েছে বলেই গাড়ি সার্ভিস সেন্টারে গিয়েছে, এমনও নয়। মানব শরীরও তো, একটা যন্ত্র। যন্ত্র তো মাঝে মাঝে খারাপ হবেই অথবা বিকল হবে। তাকেও সার্ভিস সেন্টারে নিয়ে আসতে হবে। হসপিটালে এসেছি আবার ফিরে যাব। এ অত্যন্ত সাধারণ ঘটনা।'

তিনি আরও লেখেন, ‘আমাকে নিয়ে এত হাহুতাশ করার কোনও প্রয়োজন নেই। আমি সমাজের এত বিখ্যাত মানুষ নই বা সমাজের প্রতি আমার এত অবদান নেই যে আমাকে নিয়ে আপনারা এতটা সময় নষ্ট করবেন। আমার থেকেও অনেক অনেক বেশি পরিমাণ সমাজের প্রতি দায়বদ্ধ যাঁরা, যাঁদের অবদান অতুলনীয় তাঁদের নিয়ে আপনারা আবেগ প্রবণ হোন। তবুও,আমার প্রতি আপনাদের আবেগ, ভালোবাসা,প্রার্থনা সবকিছুকেই আমি সম্মান জানাই। বহু সেনা তার সংসার ছেড়ে আমাদের রক্ষার্থে সীমান্তে দাড়িয়ে, তাঁদেরও এইরকম ছোটখাটো ব্যাধি লেগেই থাকে, আমরা খবরই পাই না। এই মুহূর্তে, আমার পাশেই ৮৬ বছরের এক বৃদ্ধ। সন্তান হারা, স্ত্রীও গত হয়েছেন। হসপিটালের সিস্টারদের তিনি ‘তুই’ বলে নিজের মেয়ের মতো করে সম্বোধন করছেন, হাসছেন, মজা করছেন, আনন্দে বেডের মধ্যে শুয়ে মৃত্যুর দিন গুনছেন। তার পেশা কী ছিল জানেন? জঙ্গল সাফারিতে ড্রাইভারি করতেন। আমাদের আনন্দ দিয়ে গিয়েছেন সারাটা জীবন। রোমাঞ্চ তৈরি করেছেন ঘন জঙ্গলে। তাঁদের কথা একবার ভাবুন। আমার সঙ্গে দিনরাত থাকে, বাবাই বলে একটি ছেলে। যে সারাদিন আমাকে জল-খাবার সমস্ত কিছু দিয়ে সাহায্য করে। আজ সাত-আট দিন হল তাঁরও ঘুম নেই, ঠিক মতো খাওয়াটুকুও খায়নি। ১৭-১৮ ঘন্টা টানা কাজ করে গিয়েছে। এদের কী হবে? এই রকম লক্ষ লক্ষ মানুষ রয়েছে তাদের জন্যও প্রার্থনা করবেন।'

তিনি তাঁর অসুস্থতার জন্যও নিজেকে দায়ি করে লিখেছেন, 'এই সময় দাঁড়িয়ে আমি যে কাজ দুটো করছি। সেই কাজ দুটো আমি ভীষণ ভীষণ ভীষণ উপভোগ করছি, আনন্দ পাচ্ছি করতে। মোহের মতো আচ্ছন্ন হয়েছিলাম কাজ দুটো নিয়ে। তাই জন্য খাওয়া-ঘুমের সময় আমি ভুলে গিয়েছিলাম। সেটা আমার দোষ। আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, আমার প্রযোজক Svf এবং Sai Vignesh Films এর কাছে। আমার জন্য তাদের কাজে খানিক বিরতি ঘটল। আমার জন্য তারা হয়তো কিছুটা ক্ষতিগ্রস্ত হল, আমি ক্ষমাপ্রার্থী।' তাঁর এই পোস্ট প্রকাশ্যে আসতেই ভালোবাসায় ভরে দিয়েছেন নেটিজেন, অনুরাগীরা যে তাঁদের প্রিয় নায়কের পোস্ট দেখে খানিক স্বস্তি পেয়েছেন তা তো বলাই বাহুল্য।

News/Entertainment/Jeetu Kamal Health Update: সংক্রমণ নিয়ে হাসপাতালে জিতু, শনিতে ছাড়া পাবেন অভিনেতা? ‘কাজপাগল’ আর্য কবে ফিরছেন সেটে?