গত কয়েকদিন ধরে টেলিপাড়ায় আলোচনার কেন্দ্রে থেকেছেন দিতিপ্রিয়া রায় ও জীতু কমল। একসঙ্গে কাজ করতে গিয়ে নায়ক-নায়িকার ঠোকাঠুকি নতুন নয়, তবে জীতু-দিতিপ্রিয়ার ঝামেলা নজিরবিহীন। নায়কের সঙ্গে ঘনিষ্ঠদৃশ্যে কাজ করতে গিয়ে বেঁকে বসেন নায়িকা। অপমানিত নায়ক শো ছেড়ে বেরিয়ে যান। কিন্তু নাছোড়বান্দা দর্শক।
জীতুর বিদায়ে চারিদিকে জি বাংলা বয়কটের রব ওঠে। দর্শকদের ডিম্য়ান্ডে কার্যত সিরিয়ালে ফেরেন জীতু। তারপর সমস্যা মেটে না। দিতিপ্রিয়া আর্টিস্ট ফোরামের দ্বারস্থ হন। জানান, এই সিরিয়ালে তিনি কাজ করবেন না। অবশেষে তাঁর সিদ্ধান্তে হস্তক্ষেপ না করার কথা জানায় ফোরাম। সবটা মেনে নেয় চ্যানেল এবং প্রযোজনা সংস্থা। দিতিপ্রিয়া সিরিয়াল ছেড়ে বেরিয়ে যাওয়ার পর এই সপ্তাহে প্রথম টিআরপি রিপোর্ট সামনে এল চিরদিনই তুমি যে আমার-এর। সেখানেই স্পষ্ট, নায়িকার সিরিয়াল ছেড়ে চলে যাওয়া খুব বেশি ফারাক আনেনি।
গত সপ্তাহে এই সিরিয়ালের রেটিং ছিল ৬। পঞ্চম স্থানে ছিল জি বাংলার এই মেগা। এই সপ্তাহেও সিরিয়ালের নম্বর এবং পজিশনে কোনও বদল আসেনি। যেখানে গত সপ্তাহ জীতু একার কাঁধেই সিরিয়াল টেনেছেন। এদিন টিআরপি রিপোর্ট সামনে আসতেই জীতু লেখেন, ‘ধন্যবাদ ইউনিভার্স। ধন্যবাদ আমার ভগবান,আমার আত্মীয় দর্শক। ধন্যবাদটা খুব জানাতে ইচ্ছে করলো। এই পৃথিবীতে কেউই অপরিহার্য নয়। শুধু দর্শনই অমর’।
ওদিকে দিতিপ্রিয়ার জায়গা নিয়েছেন শিরিন পাল। ইতিমধ্যেই অপর্ণা হিসাবে দর্শক দেখছে এই নবাগতাকে। ‘রানিমা’র ছেড়ে যাওয়া আসনে তাঁকে সাদরে গ্রহণ করেছে দর্শক। নতুন নায়িকা আসায় সিরিয়ালের টিআরপি কতটা প্রভাবিত হবে, সেই ফল জানা যাবে আগামী সপ্তাহে। তবে জীতু-শিরিনের কেমিস্ট্রি ইতিমধ্যেই জমে ক্ষীর! রোম্যান্টিক দৃশ্য়ে ইতিমধ্যেই সাড়া ফেলেছে এই জুটি। নতুন প্রোমোও সামনে এসেছে। সেখানে দেখা যাচ্ছে খুব শিগগির চারহাত এক হবে আর্য-অপর্ণার।