স্বার্থপর ছবিতে একজন শান্তশিষ্ট গৃহবধুর চরিত্রে অভিনয় করার পর একেবারে অ্যাকশন মোডে বড়দিন মাতাতে আসতে চলেছেন মিতিন মাসি। আগামী ২৫ ডিসেম্বর বড় পর্দায় মুক্তি পাবে ছবিটি, ইতিমধ্যেই ছবির পোস্টার দেখে বেশ উৎসাহ বেড়েছে ভক্তদের। এবার মুক্তি পেল ছবির অফিসিয়াল টিজার।
‘স্বার্থপর’ ছবিতে একজন শান্তশিষ্ট গৃহবধুর চরিত্রে অভিনয় করার পর একেবারে অ্যাকশন মোডে বড়দিন মাতাতে আসতে চলেছে মিতিন মাসি। আগামী ২৫ ডিসেম্বর বড় পর্দায় মুক্তি পাবে ছবিটি, ইতিমধ্যেই ছবির পোস্টার দেখে বেশ উৎসাহ বেড়েছে ভক্তদের। এবার মুক্তি পেল ছবির অফিসিয়াল টিজার।
খুনিকে ধরতে ধুন্ধুমার লড়াই মিতিনের
‘মিতিন মাসি: একটি খুনির সন্ধানে’ সিনেমা ট্রেলার শুরু হয় কোয়েল মল্লিককে যখন কনীনিকা ফোন করে নিজের স্বামীর খুনের খবর দেন। আপাত দৃষ্টিতে যিনি খুন হন অর্থাৎ সাহেব, তার শত্রু সংখ্যা কম মনে হলেও যত ট্রেলার এগোয় তত বোঝা যায় কোনও না কোনও কারণে বাড়ির সদস্যদের সঙ্গে আক্রান্তের সম্পর্ক ভালো ছিল না।
কখনও স্ত্রীর ওপর চিৎকার করত সে, কখনও আবার বাবার পুরনো কেচ্ছা নিয়ে হত অশান্তি। বাবার পুরনো এমন কি ঘটনা ছিল যার জন্য সাহেবের চরিত্রকে ব্ল্যাকমেলের সম্মুখীন হতে হত? এছাড়াও ঘরে স্ত্রী থাকা সত্ত্বেও বাইরে একাধিক মহিলার সঙ্গে সম্পর্ক ছিল সাহেবের চরিত্রটির, তাই এটা বোঝা অসম্ভব যে খুনি বাইরের কেউ নাকি বাড়ির মধ্যেই লুকিয়ে রয়েছে আততায়ী?
তবে গোয়েন্দা যখন মিতিন মাসি, তখন খুনি বেশিদিন পালিয়ে বাঁচতে পারবে না। গৌরবের সঙ্গে মিলে খুনিকে ধরার ছক কষে ফেলে মিতিন, লুকিয়ে নয় বরং খুনির সামনে ছড়িয়ে ছিটিয়ে রেখে দেয় সমস্ত ক্লু, যাতে খুনি নিজেই এসে ধরা দেয়। সব মিলিয়ে আগামী বড়দিনে যে জমজমাট একটি সিনেমা উপহার পেতে চলেছে দর্শকরা, সেটা আর বলার অপেক্ষা রাখে না।
প্রসঙ্গত, অরিন্দম শীল পরিচালিত এই সিনেমার প্রযোজক কোয়েলের স্বামী নিসপাল সিং। সুচিত্রা ভট্টাচার্যের গল্প অবলম্বনে তৈরি হওয়া এই সিনেমাটি মিতিন মাসি ফ্রাঞ্চাইজির তৃতীয় ছবি হতে চলেছে। এর আগে ২০১৯ সালে প্রথম ছবি এবং ২০২৩ সালে দ্বিতীয় সিনেমা মুক্তি পায়।
প্রথম সিনেমাটি সুচিত্রা ভট্টাচার্যের ‘হাতে মাত্র তিনটে দিন’ গল্প অবলম্বনে তৈরি করা হয়েছিল এবং দ্বিতীয় সিনেমাটি তৈরি করা হয়েছিল ‘সারাণ্ডায় শয়তান’ গল্প অবলম্বনে। ফেলুদা এবং ব্যোমকেশের মতো মিতিন মাসিও যে বাঙালি গোয়েন্দা প্রেমিকদের কাছে একটি পছন্দের গোয়েন্দা চরিত্র, সেটা বলাই বাহুল্য।