Manoshi Husband: ‘যারা এরকম নোংরা মানসিকতার তাদের জন্য…’! কেন বরের সঙ্গে ছবি দেন না, জবাব মানসীর
সন্তানের ‘বাবা কই’, ‘স্বামীকে দেখা যায় না কেন’, ‘কে তাঁর ছেলের বাবা’, এমন ব্যক্তিগত প্রশ্নে জেরবার হতে থাকেন মানসী সেনগুপ্ত হামেশাই। সম্প্রতি এক পডকাস্টে এই নিয়ে কথা বলতে শোনা গেল তাঁকে।
চলতি বছরেই দ্বিতীয়বার মা হয়েছেন পর্দার দুঁদে খলনায়িকা মানসী সেনগুপ্ত। এর আগে এক মেয়ের মা ছিলেন তিনি। আর এবারে কোলে এসেছে পুত্র সন্তান। তবে দ্বিতীয় প্রেগন্যান্সি ও ছেলের জন্ম দেওয়ার পর ক্রমাগত ট্রোলের মুখে পড়তে হয় মানসীকে। সন্তানের ‘বাবা কই’, ‘স্বামীকে দেখা যায় না কেন’, ‘কে তাঁর ছেলের বাবা’, এমন ব্যক্তিগত প্রশ্নে জেরবার করতে থাকেন নেটিজেনরা। মানসী এর আগেও জানিয়েছেন যে, তাঁর স্বামী ক্যামারার সামনে আসতে অতটাও সাবলীল নন। তিনি নিজেও কখনো এই ব্যাপারটা নিয়ে জোর করেন না। তবুও ব্যক্তিগত কুরুচিকর আক্রমণ থামেনি।

সম্প্রতি এক পডকাস্টে এই নিয়ে ফের কথা বললেন মানসী। স্পষ্ট করে দিলেন তাঁর সন্তানদের বাবাকে কেন কখনোই সেভাবে তাঁর সঙ্গে দেখা যায় না। মানসী বললেন, ‘এই যে ছেলের নাম অধ্য়ায়, ওর পদবি কিন্তু আমার। আমার মেয়ের পদবি যদিও বাবার, ঘোষ। বাবা কোথায় প্রশ্নটা আমি এত পেয়েছি! কেউ সাক্ষাৎকারে জিজ্ঞাসা করলে বলি, কিন্তু আমি মনে করি এত লোককে জবাব দেওয়ার কোনো দরকার নেই আমার। আমার সঙ্গে আমার বরের সম্পর্ক খারাপ-ভালো তা নিয়ে পরে আসছি। কিন্তু সম্পর্ক যেমনই হোক, আমি তো কাওকে বাধ্য করতে পারি না আমার সঙ্গে ফোটো বা ভিডিয়োতে আসার জন্য। সে আমার পার্টনার, আমার চাকর নয়। সে যদি ক্যামেরা দেখলে লজ্জা পায়, সে যদি ভিডিয়োতে আসতে না চায়, আমি তাঁকে কখনো জোর করতে পারি না। আমি আমার মেয়েকেও অনুমতি ছাড়া ভিডিয়োতে নেই না। আমি এর মধ্যে একদিন বুঝেছি আমার মেয়ে অতটা কমফোর্টেবল নয় ভিডিয়োতে আসতে, আমি ওকে নিয়ে ভ্লগ পোস্ট করা পুরোপুরি বন্ধ করে দিয়েছি।’
‘যেই আমার জীবনে থাকুক, সে আমার পার্টনার, তার প্রাইভেসিটাকে সম্মান দিতে হবে। নোংরা নোংরা কথায় কমেন্ট সেকশন ভরিয়ে রাখে। আমি উত্তর করি না, কারণ মনে করি কাদের দেব! যারা এরকম নোংরা মানসিকতার তাদের কেন উত্তর দেব! আপনারা ট্রোলিং করবেন, করুন। আমার কিছু যায় আসে না তাতে।’, আরও বলেন মানসী।
মানসী এর আগেও জানিয়েছিলেন যে মাঝে তাঁর স্বামীর সঙ্গে সম্পর্ক নাকি পৌঁছেছিল তলানিতে। এমনকী দুজনে সেই সময় সম্পর্কে ইতি টানার কথাও ভেবেছিলেন। কিন্তু পরবর্তীতে দুজনের মাঝের দূরত্ব কমে। মেয়ের কথা ভেবে সব ঠিক করে নেন তাঁরা। তারপরই অধ্যায়র জন্ম।
এই পডকাস্টে মানসী জানান, শুধুমাত্র ট্রোলের কথা ভেবে স্বামীর সঙ্গে ছবি বা ভিডিয়ো পোস্ট করতে রাজি নন তিনি। বলেন, ‘আমার যদি আমার বরের সঙ্গে সম্পর্ক খারাপও হয়, সেটা আমার নিজস্ব ব্যাপার। আমার যদি নে হয় আমি পাবলিক করব, সেটা আমার যখন মনে হবে তখন করব। যে আমি একসঙ্গে থাকছি না বা কিছু। অনেকে আমাকে বলে, তুই কেন ওর বাবার সঙ্গে ছবি দিচ্ছিস না! কেন দেব? যারা আমাকে বাজে কথা বলছে তাদের কেন এত গুরুত্ব দেব আমি?’












