Haseen Jahan: মুসলিম হয়ে সরস্বতী বন্দনা! কটাক্ষের মুখে শামি-পত্নী হাসিন, ছাড় পেল না মেয়ে আইরা
ভারতীয় ক্রিকেটার মহম্মদ শামির প্রাক্তন স্ত্রী হাসিন জাহান ফের একবার সোশ্যাল মিডিয়ায় কটাক্ষের মুখে পড়লেন। সম্প্রতি সরস্বতী পুজো উপলক্ষে নিজের মেয়ের সঙ্গে কিছু ছবি পোস্ট করেছিলেন তিনি, যা ঘিরেই শুরু হয়েছে বিতর্ক ও ট্রোলিং।
ভারতীয় ক্রিকেটার মহম্মদ শামির বিছিন্না স্ত্রী হাসিন জাহান লাইমলাইটে থাকেন তাঁর সাহসিকতা ও প্রতিবাদী মেজাজের জন্য। তবে এবার তাঁর সরস্বতী পুজোর উদযাপন নিয়ে শুরু হয়েছে চরম ট্রোলিং। হিন্দু রীতি মেনে সরস্বতী পুজোর আয়োজন করে কট্টরপন্থী নেটিজেনের নিশানায় পড়েছেন তিনি।
মুসলিম হয়ে সরস্বতী বন্দনা! কটাক্ষের মুখে শামি-পত্নী হাসিন, ছাড় পেল না মেয়ে আইরা
কী ছিল সেই পোস্টে? সরস্বতী পুজোর দিন হাসিন জাহান তাঁর মেয়ে আইরা-র সঙ্গে কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন। ছবিতে দেখা যাচ্ছে, মা ও মেয়ে দুজনেই রঙিন পোশাকে সেজেছেন এবং সরস্বতী দেবীর মূর্তির সামনে দাঁড়িয়ে হাসিমুখে পোজ দিচ্ছেন। ভিডিওতে মেয়ের পুজো দেওয়ার মুহূর্তগুলোও তুলে ধরা হয়েছে। বিদ্যা দেবীর সামনে ভোগ অর্পণ করেছেন হাসিন। পুজো শেষে পাত পেড়ে খিচুড়ি ভোগও উপভোগ করতে দেখা গেল মা-মেয়েকে।
হাসিন জাহান একজন মুসলিম হয়েও কেন হিন্দু দেবীর পুজো করছেন বা হিন্দু ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে সামিল হচ্ছেন— এই প্রশ্ন তুলেই আক্রমণ শানিয়েছেন কট্টরপন্থীরা। নেটিজেনদের একাংশ তাঁকে 'ধর্ম বিরোধী' আখ্যা দিয়ে অত্যন্ত কুরুচিকর মন্তব্য করেছেন। এমনকি শামির সঙ্গে তাঁর পুরনো বিবাদ টেনে এনেও নানারকম খোঁচা দেওয়া হয়েছে। কেউ লিখেছেন, এই জন্য়ই শামির সঙ্গে তাঁর বিয়ে টেকেনি। কেউ তাঁর এই কাজকে অনৈতিক বলে দাবি করেছেন।
তবে কেবল ট্রোলিং নয়, হাসিন জাহানের এই সর্বধর্মসমন্বয়ের বার্তাকে সাধুবাদ জানিয়েছেন অনেক শুভাকাঙ্ক্ষী। তাঁদের মতে, উৎসবের কোনো ধর্ম হয় না এবং একজন মা হিসেবে তিনি তাঁর সন্তানকে সব সংস্কৃতির সাথে পরিচিত করাচ্ছেন— এটা প্রশংসনীয়। হাসিন নিজেও ট্রোলারদের খুব একটা পাত্তা দেন না, বরং নিজের শর্তে বাঁচতেই পছন্দ করেন। এদিন মা-মেয়ে দুজনেই সেজেছিলেন তুঁত রঙে। মেয়ের পরনে লেহেঙ্গা। মা পরেছিলেন সুতির শাড়ি।
এর আগে মেয়েকে কখনও দুর্গা, কখনও রাধা সাজিয়েছেন হাসিন। তিনি একবার জানিয়েছিলেন ,'আমরা বাংলার মানুষ। বাঙালি সংস্কৃতিতেই বেড়ে উঠেছি। বাংলার সমস্ত উৎসব অনুষ্ঠানে পারফর্ম করেছি। স্কুল জীবনে অনুষ্ঠান করেছি। বেবোকেও (আইরার ডাকনাম) সেভাবেই মানুষ করতে চাই।'
ধর্মীয় উগ্রতা বা সোশ্যাল মিডিয়ার নীতি-পুলিশগিরি হাসিন জাহানের জীবনে নতুন কিছু নয়। এর আগেও বিভিন্ন উৎসবে সামিল হয়ে তিনি যেমন সমালোচিত হয়েছেন, তেমনই তাঁর পাশে দাঁড়িয়েছেন বহু মানুষ। এবারের সরস্বতী পুজোও তার ব্যতিক্রম হলো না।
News/Entertainment/Haseen Jahan: মুসলিম হয়ে সরস্বতী বন্দনা! কটাক্ষের মুখে শামি-পত্নী হাসিন, ছাড় পেল না মেয়ে আইরা