Ranieeta Dash: হাসপাতালে ভর্তি রণিতা! ওহ মোর দরদিয়ার সেটে আচমকাই অসুস্থ ‘বাণী’, কী ঘটেছে?
‘ও মোর দরদিয়া’ ধারাবাহিকের শুটিং সেটে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন জনপ্রিয় অভিনেত্রী রণিতা দাস, ভর্তি হাসপাতালে। এখন কেমন আছেন নায়িকা?
শুটিং সেটে লাইট-ক্যামেরা-অ্যাকশনের মাঝেই ছন্দপতন। মঙ্গলবার আউটডোর শুটিং চলাকালীন গুরুতর অসুস্থ হয়ে পড়লেন জনপ্রিয় টেলি-অভিনেত্রী রণিতা দাস। জি বাংলার ‘ও মোর দরদিয়া’ ধারাবাহিকের শুটিং করছিলেন তিনি। কাজ চলাকালীনই আচমকা তীব্র মাথাযন্ত্রণা শুরু হয় তাঁর। প্রাথমিক ওষুধেও সুরাহা না হওয়ায় এবং অবস্থা বিগড়াতে থাকায় তাঁকে তড়িঘড়ি দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

সেটে ঠিক কী ঘটেছিল? সূত্রের খবর, মঙ্গলবার শুটিং ফ্লোরে রণিতার অসহ্য মাথাযন্ত্রণা শুরু হয়। যন্ত্রণার তীব্রতা এতটাই ছিল যে ওষুধ খাওয়ার পর তাঁকে ইঞ্জেকশনও দিতে হয়েছিল। কিন্তু তাতেও কোনও লাভ হয়নি। উল্টে রণিতা বমি করতে শুরু করেন। অবস্থা বেগতিক দেখে ইউনিট থেকে তাঁকে সরাসরি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শারীরিক অবস্থার অবনতি এবং বমির কারণে চিকিৎসকরা কোনও ঝুঁকি না নিয়ে তাঁকে হাসপাতালে রাখার সিদ্ধান্ত নেন।
হাসপাতাল সূত্রে খবর, রণিতা এখন বিপন্মুক্ত এবং জ্ঞান রয়েছে তাঁর। তিনি সকলের সঙ্গে কথাও বলছেন। ইতিমধ্যেই বেশ কিছু প্রাথমিক পরীক্ষা করানো হয়েছে, যার রিপোর্টে বড় কোনও সমস্যা ধরা পড়েনি। তবে যেহেতু মাথাযন্ত্রণা কমছিল না, তাই বুধবার চিকিৎসকরা তাঁর ‘এমআরআই’ (MRI) করানোর সিদ্ধান্ত নিয়েছেন। রণিতার সহায়িকা জানিয়েছেন, রিপোর্ট সব ঠিক থাকলে হয়তো শীঘ্রই ছুটি মিলবে তাঁর।
রণিতা অভিনীত ‘ও মোর দরদিয়া’ ধারাবাহিকে এখন টানটান উত্তেজনার পর্ব চলছে। অভিনেতা বিশ্বজিৎ ঘোষের সঙ্গে তাঁর রসায়ন দর্শকদের কাছে বেশ জনপ্রিয়। গত সপ্তাহে যে লিস্ট স্টার জলসা ফলো করে সেই অনুসারে শীর্ষস্থানেও ছিল এই মেগা। তাঁর এই আকস্মিক অসুস্থতার কারণে শুটিং শিডিউলে কিছুটা বদল আনা হতে পারে। প্রিয় অভিনেত্রীর দ্রুত আরোগ্য কামনায় সরব হয়েছেন তাঁর অগুনতি ভক্ত।
E-Paper











