​‘মাঝে মাঝে থামা প্রয়োজন, আমরা তো যন্ত্র নই’, অরিজিতের প্লেব্যাক ছাড়া নিয়ে সরব পঙ্কজ ত্রিপাঠী

অরিজিৎ সিংয়ের প্লেব্যাক গান ছাড়ার সিদ্ধান্তে অনেক সেলিব্রিটি তাঁকে এই সিদ্ধান্ত প্রত্যাহার করতে বলেছিলেন, তবে পঙ্কজ ত্রিপাঠি তাকে সমর্থন করেছেন। ​‘শিল্পী মানেই সে কারখানা থেকে বেরনো পণ্য নয়’, অরিজিতের বিদায়বার্তা নিয়ে মুখ খুললেন পঙ্কজ ত্রিপাঠী।

Published on: Feb 07, 2026 9:31 AM IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

বছরের শুরুতেই অরিজিৎ সিংয়ের প্লেব্যাক থেকে অবসরের ঘোষণা স্তম্ভিত করে দিয়েছিল তাঁর অগুনতি ভক্তকে। কেন কেরিয়ারের মধ্যগগনে থেকে এমন সিদ্ধান্ত নিলেন মুর্শিদাবাদের ভূমিপুত্র, তা নিয়ে চর্চা এখনও থামেনি। এবার সেই প্রসঙ্গে মুখ খুললেন বলিউডের দাপুটে অভিনেতা পঙ্কজ ত্রিপাঠী। অরিজিতের এই সাহসিকতাকে পূর্ণ সমর্থন জানিয়ে অভিনেতা মনে করিয়ে দিলেন, শিল্পী মানেই সে কোনো কারখানার পণ্য নয়।

​সম্প্রতি এক সাক্ষাৎকারে পঙ্কজ ত্রিপাঠী বলেন, ‘শিল্পীকে নিজেকে নতুন করে খুঁজে পাওয়ার জন্য বিরতি নিতেই হয়। মাঝে মাঝে গতি কমানো বা থামা প্রয়োজন, কারণ সৃজনশীল কাজ অত্যন্ত পরিশ্রমের। আমরা কারখানায় তৈরি কোনো পণ্য নই।’

​অভিনেতার মতে, শিল্পীরা প্রতি মুহূর্তে নিজের আবেগকে উজাড় করে দেন। তাই একঘেয়েমি কাটাতে এবং শিল্পের মান বজায় রাখতে বিরতির কোনো বিকল্প নেই। পঙ্কজ আরও যোগ করেন, ‘আমরা দেশলাই বাক্সের হাজারটা কপির মতো নই যা প্রতিদিন কারখানা থেকে বেরোবে। আমরা শিল্পী। এখানে অনেক দৌড়ঝাঁপ, অনেক লড়াই। সেটে যাওয়ার জন্য ভেতরে সেই উৎসাহটা থাকা জরুরি।’

​অরিজিৎ সিং জানিয়েছিলেন, তিনি প্লেব্যাক ছাড়লেও গান ছাড়ছেন না। স্বাধীনভাবে সঙ্গীতচর্চা এবং নতুন কিছু শেখার জন্যই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। পঙ্কজ ত্রিপাঠীর এই মন্তব্য যেন সেই দর্শনেই সিলমোহর দিল। তিনি মনে করেন, অরিজিতের মতো একজন সত্যিকারের শিল্পী যখন নিজেকে সময় দেওয়ার কথা ভাবছেন, তখন তাকে সম্মান জানানোই শ্রেয়।

সম্প্রতি সমাজমাধ্যমে একটি লম্বা পোস্টে অরিজিৎ সিং তাঁর প্লেব্যাক কেরিয়ার নিয়ে বড়সড় ইঙ্গিত দিয়েছিলেন। তিনি লিখেছিলেন, ‘আমার কাজ শেষ। এবার নতুনদের জায়গা করে দেওয়ার সময় এসেছে। আমি হয়তো আর গান গাইব না, তবে আমি সবসময় আপনাদের হৃদয়ে থাকব।’ কেরিয়ারের মধ্যগগনে থেকে অরিজিতের এই ‘অবসর’ ঘোষণা বা সরে দাঁড়ানোর ইঙ্গিত স্তব্ধ করে দিয়েছে সংগীত মহলকে।