Priyanka-Nick: নিকের নতুন ইনিংস,আবেগপ্রবণ ‘দেশি গার্ল’ লিখলেন,‘তুমিই আমার জীবনের সেরা সিদ্ধান্ত
‘স্বপ্নের মানুষ বলতে যা বোঝায়, তুমি ঠিক তাই’, নিককে আদরে ভরালেন প্রিয়াঙ্কা।
দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে মুক্তি পেয়েছে নিক জোনাসের নতুন একক অ্যালবাম ‘সানডে বেস্ট’। আর স্বামীর এই সাফল্যের দিনে নিজেকে সামলাতে পারলেন না প্রিয়াঙ্কা চোপড়া। সোশ্যাল মিডিয়ায় নিকের উদ্দেশে এক দীর্ঘ এবং আবেগঘন বার্তা পাঠালেন ‘পিগি চপস’। শুধু শুভেচ্ছাবার্তাই নয়, নিকের প্রতি ভালোবাসায় মাখানো সেই পোস্টে প্রিয়াঙ্কা স্পষ্ট জানিয়ে দিলেন, তাঁর জীবনের শ্রেষ্ঠ প্রাপ্তি নিক জোনাসই।

শুক্রবার নিকের অ্যালবামটি মুক্তি পাওয়ার পরেই ইনস্টাগ্রামে একগুচ্ছ পুরনো ছবি ও ভিডিও শেয়ার করেন প্রিয়াঙ্কা। সেখানে দেখা যাচ্ছে, দম্পতির সেই শুরুর দিনগুলোর কিছু অন্তরঙ্গ মুহূর্ত। কখনও সমুদ্র সৈকতে দুজনে নিভৃতে সময় কাটাচ্ছেন, আবার কখনও ঘরের কোণে একে অপরের সান্নিধ্যে মগ্ন। ছবির ক্যাপশনে প্রিয়াঙ্কা লিখেছেন, ‘তোমাকে নিয়ে বলার মতো শব্দ আমার কাছে যথেষ্ট নেই। তবে চেষ্টা করছি। স্বপ্নের মানুষ বলতে যা বোঝায়, তুমি ঠিক তাই।’
নিকের কাজের প্রতি নিষ্ঠার প্রশংসা করে প্রিয়াঙ্কা আরও যোগ করেন, ‘এই অ্যালবামটার জন্য আমি গর্বিত। তুমি তোমার প্রতিটি সুর আর প্রতিটি শব্দে নিজের আত্মাকে উজাড় করে দিয়েছ। মানুষের মনের গভীরে পৌঁছনোর জন্য যে সাহস আর আত্মবিশ্বাসের প্রয়োজন, তা তোমার আছে।’
তবে ভক্তদের নজর কেড়েছে প্রিয়াঙ্কার একটি বিশেষ লাইন। আবেগাপ্লুত হয়ে তিনি লিখেছেন, ‘মহাবিশ্ব আমাকে তোমার কাছে নিয়ে এসেছে বলে আমি কৃতজ্ঞ। তুমিই আমার নেওয়া জীবনের সেরা সিদ্ধান্ত।’
কাজের সূত্রে প্রিয়াঙ্কা এখন ব্যস্ত তাঁর আসন্ন ছবি ‘দ্য ব্লাফ’ নিয়ে। পাশাপাশি রাজামৌলির হাত ধরে দীর্ঘ সময় পর ভারতীয় সিনেমায় ফিরছেন তিনি। অন্যদিকে, জোনাস ব্রাদার্সের সাফল্যের রেশ কাটিয়ে ব্যক্তিগত অ্যালবামেও নিক যে স্বমহিমায় উজ্জ্বল, তা তাঁর নতুন গানগুলিই প্রমাণ দিচ্ছে।
স্ত্রীর এমন ভালোবাসার জবাবে পাল্টাও দিয়েছেন নিক। কমেন্ট বক্সে তিনি লিখেছেন, ‘তুমিই আমার পৃথিবী।’ হলিউড থেকে বলিউড— প্রিয়াঙ্কা-নিকের এই প্রকাশ্য প্রেমলাপ এখন নেটিজেনদের চর্চার তুঙ্গে।
E-Paper











